নরসিংদীতে একটি জীবন্ত কুকুরের গলায় দড়ি দিয়ে ইট বেঁধে নদীতে নিক্ষেপ করার অভিযোগে মোহাম্মদ আলী (২৫) নামে এক যুবককে আটক করেছে পুলিশ। সামাজিক যোগাযোগমাধ্যমে ঘটনার ভিডিও ছড়িয়ে পড়ার পর তাকে আটক করা হয়।
বৃহস্পতিবার (২৫ জুন) বিকেলে নরসিংদী সদর উপজেলার নাগরিয়াকান্দি এলাকা থেকে তাকে আটক করে নরসিংদী সদর মডেল থানা পুলিশ।
আটক মোহাম্মদ আলী সদর উপজেলার কামারগাঁও এলাকার আব্দুর রবের ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, একটি ভিডিওতে দেখা যায়, খালি গায়ে থাকা এক ব্যক্তি একটি কুকুরের গলায় রশি বেঁধে তার অপর প্রান্তে একটি ইট সংযুক্ত করেন। পরে তিনি নরসিংদীর নাগরিয়াকান্দি এলাকার একটি সেতুর ওপর থেকে কুকুরটিকে মেঘনার শাখা নদীতে ছুড়ে ফেলেন। ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হলে ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়।
নরসিংদী সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ আর এম মামুন জানান, বৃহস্পতিবার সকালে “এনিমেল কমিউনিটি ওয়েলফেয়ার অব বাংলাদেশ” নামের একটি ফেসবুক আইডি থেকে ভিডিওটি প্রকাশ করা হয়। বিষয়টি জেলা পুলিশের নজরে আসার পরপরই অভিযান চালিয়ে ভিডিওতে থাকা ব্যক্তিকে শনাক্ত করা হয় এবং তাকে আটক করা হয়।
তিনি আরও জানান, আটক ব্যক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে এবং এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি নেওয়া হয়েছে।