চট্টগ্রাম নগরের একটি বেসরকারি হাসপাতালে মায়ের চিকিৎসার জন্য বরাদ্দ করা ইনজেকশন নবজাতকের শরীরে পুশ করার অভিযোগ উঠেছে। এ ঘটনায় হাসপাতালজুড়ে উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং ক্ষোভ প্রকাশ করেন নবজাতকের স্বজনরা। বর্তমানে শিশুটিকে হাসপাতালের নিবিড় পরিচর্যাকেন্দ্রে (এনআইসিইউ) রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে।
শনিবার (৫ সেপ্টেম্বর) রাত ৯টার দিকে নগরের প্রবর্তক এলাকার সেন্টার ফর স্পেশালাইজড কেয়ার অ্যান্ড রিসার্স (সিএসসিআর) হাসপাতালে এ ঘটনা ঘটে।
হাসপাতাল কর্তৃপক্ষের তথ্যমতে, শনিবার বিকেলে চিকিৎসক তাসনিমা বানু খুকির অধীনে স্বাভাবিক প্রসবের মাধ্যমে ছেলে সন্তানের জন্ম দেন নগরের বাকলিয়ার বাসিন্দা শাকিলা ইয়াসমিন। পরে রাতে প্রসূতির বিশেষ রক্তজনিত সমস্যার চিকিৎসায় রোফাইলাক-৩০০ মিলিগ্রামের একটি ইনজেকশন দেওয়ার পরামর্শ দেন চিকিৎসক।
নবজাতকের বাবা মোহাম্মদ হাসানের অভিযোগ, ইনজেকশনটি মায়ের শরীরে দেওয়ার কথা থাকলেও দায়িত্বপ্রাপ্ত নার্স সেটি ভুল করে নবজাতকের শরীরে পুশ করেন। এমনকি তার স্ত্রী নার্সকে বিষয়টি জানানোর পরও ইনজেকশন দেওয়া হয় বলে অভিযোগ করেন তিনি।
মোহাম্মদ হাসান বলেন, বিষয়টি চিকিৎসকদের জানানো হলে তারা নার্সের ভুলের কথা স্বীকার করেন। এ ঘটনায় নার্সের পাশাপাশি চিকিৎসক ও হাসপাতাল কর্তৃপক্ষের অবহেলা রয়েছে বলেও অভিযোগ করেন তিনি।
ঘটনার পরপরই নবজাতককে এনআইসিইউতে নেওয়া হয়। সেখানে বিশেষজ্ঞ চিকিৎসকদের পর্যবেক্ষণে তার বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা চলছে বলে জানিয়েছেন স্বজনরা।
এদিকে ঘটনার খবর ছড়িয়ে পড়লে রাতেই হাসপাতাল কর্তৃপক্ষের কাছে জবাবদিহি ও বিচার দাবি করেন নবজাতকের বাবা ও স্বজনরা। একই সঙ্গে শিশুটির বর্তমান চিকিৎসা এবং ভবিষ্যতে কোনো ধরনের স্বাস্থ্যঝুঁকি তৈরি হলে তার যথাযথ চিকিৎসা নিশ্চিত করার দাবি জানান তারা।
হাসপাতালের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মো. সালাহউদ্দিন স্বজনদের শান্ত করার চেষ্টা করেন এবং নবজাতকের দ্রুত প্রয়োজনীয় চিকিৎসার ব্যবস্থা করেন। এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার আশ্বাসও দেন তিনি।
পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক জানান, খবর পেয়ে পুলিশ হাসপাতালে গিয়ে পরিস্থিতি পর্যবেক্ষণ করেছে। এ সময় হাসপাতাল কর্তৃপক্ষ ও নবজাতকের স্বজনদের সঙ্গে কথা বলা হয়েছে। তবে এখনো কেউ লিখিত অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।