রংপুরের পীরগঞ্জ উপজেলার বড়দরগাহ থেকে মাদারগঞ্জগামী সড়কটি দ্রুত সংস্কারের দাবিতে মানববন্ধন করেছেন স্থানীয়রা। রোববার উপজেলার শানেরহাট বাজারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তারা বলেন, শানেরহাট-মাদারগঞ্জ সড়কটি দীর্ঘদিন সংস্কার না হওয়ায় বর্তমানে পথচারী ও যানবাহন চলাচলের জন্য মরণফাঁদে পরিণত হয়েছে। সড়কের বিভিন্ন অংশ ভেঙে গিয়ে সৃষ্টি হয়েছে অসংখ্য খানাখন্দ। এতে প্রতিদিন এ পথে চলাচলকারী পথচারী, শিক্ষার্থী, কৃষক, ব্যবসায়ীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ চরম দুর্ভোগে পড়ছেন।
বিশেষ করে বর্ষা মৌসুমে সড়কের বেহাল অবস্থার কারণে যানবাহন চলাচল ব্যাহত হচ্ছে। কোথাও কোথাও বড় বড় গর্ত তৈরি হওয়ায় দুর্ঘটনার ঝুঁকিও বেড়েছে বলে দাবি করেন বক্তারা।
মানববন্ধনে বক্তব্য দেন ব্যবসায়ী নজরুল ইসলাম, ঘোনপাড়া গ্রামের পলাশ মণ্ডল, পার্বতীপুর গ্রামের গিয়াস উদ্দিনসহ স্থানীয়রা।
বক্তারা আরও বলেন, সড়কটি এলাকার মানুষের যোগাযোগের অন্যতম প্রধান মাধ্যম। প্রতিদিন বিপুলসংখ্যক মানুষ ও বিভিন্ন ধরনের যানবাহন এই সড়ক ব্যবহার করে। দীর্ঘদিন সংস্কারের অভাবে সড়কটি ধীরে ধীরে চলাচলের অনুপযোগী হয়ে পড়ছে। দ্রুত সংস্কার করা না হলে যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে।
এ সময় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি দ্রুত সড়কটি সরেজমিনে পরিদর্শন করে প্রয়োজনীয় সংস্কারকাজ শুরু করার জোর দাবি জানান বক্তারা।
মানববন্ধনে এলাকার গণ্যমান্য ব্যক্তি, স্কুল-কলেজের শিক্ষক-শিক্ষার্থী, রিকশা-ভ্যানচালকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।