বগুড়ার শিবগঞ্জে উর্বর তিন ফসলি কৃষিজমিতে প্রস্তাবিত আঞ্চলিক খাদ্যগুদাম (সিএসডি) নির্মাণের সিদ্ধান্ত বাতিলের দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছেন স্থানীয় কৃষকরা। রবিবার (৬ সেপ্টেম্বর) সকালে উপজেলার কিচক ইউনিয়নের আপসন-সাদুরিয়া এলাকায় বগুড়া-জয়পুরহাট আঞ্চলিক মহাসড়কের পাশে এ কর্মসূচি পালন করা হয়।
‘ফসলি জমি রক্ষা আন্দোলন কমিটি’র ব্যানারে আয়োজিত কর্মসূচিতে প্রায় সহস্রাধিক কৃষক পরিবারের সদস্য অংশ নেন। এ সময় প্রস্তাবিত প্রকল্পের জন্য কৃষিজমি অধিগ্রহণ না করে বিকল্প অকৃষি জমি ব্যবহারের দাবি জানান তারা।
সমাবেশে বক্তব্য দেন স্থানীয় কৃষক মেহেদী হাসান, মুনছুর রহমান, মাওলানা সানাউল্লাহ, আব্দুল কাদের, আলাউদ্দিন, মোকাররম হোসেন ও আতাউর রহমানসহ অনেকে।
কৃষকরা বলেন, আপসন ও সাদুরিয়া মৌজায় প্রস্তাবিত খাদ্যগুদামের জন্য যে শতাধিক বিঘা জমি বিবেচনা করা হচ্ছে, সেগুলো অত্যন্ত উর্বর। বছরের পর বছর ধরে এসব জমিতে ধান, আলু, সরিষাসহ বিভিন্ন মৌসুমি ফসল চাষ করে আসছেন তারা। জমিগুলোতে সরকারি স্থাপনা নির্মাণ করা হলে শত শত কৃষক পরিবার তাদের আয়ের প্রধান উৎস হারানোর পাশাপাশি ভূমিহীন ও বেকার হয়ে পড়ার আশঙ্কা রয়েছে।
মানববন্ধনে বক্তারা আরও বলেন, খাদ্য উৎপাদন ও খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে কৃষকরা প্রতিকূল আবহাওয়ায় পরিশ্রম করে ফসল ফলান। সেই উর্বর কৃষিজমি অধিগ্রহণ করে খাদ্যগুদাম নির্মাণের উদ্যোগ কৃষকদের জন্য চরম বৈপরীত্য তৈরি করছে। কৃষিজমি রক্ষা করে উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের সরকারি নীতির কথাও তুলে ধরেন তারা।
কর্মসূচি থেকে কৃষকরা অবিলম্বে তিন ফসলি জমিতে খাদ্যগুদাম নির্মাণের প্রস্তাব বাতিল করে বিকল্প কোনো অকৃষি জমিতে প্রকল্পটি স্থানান্তরের দাবি জানান। দাবি বাস্তবায়ন না হলে ভবিষ্যতে আরও কঠোর ও দীর্ঘমেয়াদি আন্দোলনে যাওয়ার হুঁশিয়ারিও দেন তারা।