লক্ষ্মীপুরে পুকুরে গোসল করতে গিয়ে পানিতে ডুবে একই পরিবারের তিনজনের মৃত্যু হয়েছে। নিহতরা সম্পর্কে দাদা, নাতি ও নাতনি। রোববার (৬ সেপ্টেম্বর) দুপুরে লক্ষ্মীপুর-মজুচৌধুরীহাট সড়কের পাশে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, আবু সিদ্দিক (৫০), তাঁর নাতি পিয়াস হোসেন (৯) ও নাতনি পমি আক্তার।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে আবু সিদ্দিক তাঁর নাতি পিয়াস ও নাতনি পমিকে নিয়ে সড়কের পাশে একটি পুকুরে গোসল করতে যান। গোসলের একপর্যায়ে প্রথমে আবু সিদ্দিক পানিতে ডুবে যান। পরে তাকে উদ্ধারের চেষ্টা করতে গিয়ে পিয়াস ও পমিও পানিতে তলিয়ে যায়।
স্থানীয়রা পুকুরে দুজনের মরদেহ ভেসে উঠতে দেখে দ্রুত উদ্ধার করেন। পরে পিয়াস হোসেনকেও উদ্ধার করে লক্ষ্মীপুর সদর হাসপাতালে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
লক্ষ্মীপুর সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) অরূপ পাল তিনজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
লক্ষ্মীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওয়াহিদ পারভেজ বলেন, ঘটনাটি অত্যন্ত মর্মান্তিক। তিনজনের মরদেহ উদ্ধার করা হয়েছে।
একই পরিবারের তিনজনের মৃত্যুতে এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।