নওগাঁর নিয়ামতপুর উপজেলার ভাবিচা ইউনিয়নের পাইকড়া গ্রামে মহরম উপলক্ষে অনুষ্ঠিত হয়েছে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী লাঠিখেলা। বিলুপ্তপ্রায় এই লোকজ খেলাকে ঘিরে বৃহস্পতিবার (২৫ জুন) বিকেলে এলাকায় উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। খেলা দেখতে বিভিন্ন বয়সের শত শত মানুষ ভিড় জমায়।
কাঁঠালবাড়ী গ্রামের উদ্যোগে আয়োজিত এ লাঠিখেলায় অংশ নেওয়া লাঠিয়ালরা ঢাক-ঢোলের তালে তালে নান্দনিক কসরত প্রদর্শন করেন। প্রতিপক্ষের আঘাত থেকে আত্মরক্ষা এবং পাল্টা আক্রমণের নানা কৌশল দেখিয়ে দর্শকদের মুগ্ধ করেন তারা।
খেলার মাঠে লোকজ বাদ্যযন্ত্রের সুর, লাঠিয়ালদের ছন্দময় পরিবেশনা এবং দর্শকদের করতালিতে পুরো আয়োজন প্রাণবন্ত হয়ে ওঠে। বাঙালির ঐতিহ্য ও গ্রামীণ সংস্কৃতির নানা দিকও লাঠিয়ালদের পরিবেশনায় ফুটে ওঠে।
আয়োজক কমিটির সদস্য রেজাউল ইসলাম বলেন, গ্রাম বাংলার ঐতিহ্যবাহী লাঠিখেলা এখন প্রায় হারিয়ে যেতে বসেছে। নতুন প্রজন্মের কাছে এই সংস্কৃতিকে পরিচিত করে তুলতে এবং ঐতিহ্য সংরক্ষণের লক্ষ্যেই আমাদের এ আয়োজন।
খেলা দেখতে আসা এক দর্শক বলেন, একসময় গ্রামের বিভিন্ন এলাকায় নিয়মিত লাঠিখেলা অনুষ্ঠিত হতো। এখন এসব আয়োজন খুব কম দেখা যায়। দীর্ঘদিন পর এমন খেলা দেখে অনেক ভালো লাগছে। প্রতিবছর এ ধরনের আয়োজন হলে ঐতিহ্যটি টিকে থাকবে।
অনুষ্ঠানে এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ছাড়াও স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। আয়োজকরা জানান, গ্রামীণ ঐতিহ্য ও সংস্কৃতি সংরক্ষণে ভবিষ্যতেও এ ধরনের আয়োজন অব্যাহত রাখার চেষ্টা করা হবে।