দিনাজপুরের পার্বতীপুর উপজেলায় নদীতে গোসল করতে নেমে একই পরিবারের তিনজনের মর্মান্তিক মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (২৫ জুন) দুপুরে উপজেলার হরিরামপুর ইউনিয়নের মধ্যপাড়া ভাদুড়ী বাজার এলাকায় এ হৃদয়বিদারক ঘটনা ঘটে।
নিহতরা হলেন, মধ্যপাড়া ভাদুড়ী বাজার এলাকার তৌহিদের স্ত্রী আকলিমা খাতুন (২১), তার চাচা শ্বশুর দুলাল হোসেনের মেয়ে সুরভি আক্তার (৮) এবং দুলালি আক্তার (১০)।
স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে গ্রামের পাশ দিয়ে প্রবাহিত কালনদীতে গোসল করতে নামে সুরভি ও দুলালি। একপর্যায়ে তারা নদীর গভীর পানিতে তলিয়ে যেতে শুরু করলে তাদের উদ্ধার করতে এগিয়ে যান আকলিমা খাতুন। তবে শিশু দুটিকে বাঁচানোর চেষ্টা করতে গিয়ে তিনিও পানির স্রোতে ডুবে যান।
পরে আকলিমার স্বামী তৌহিদ তাদের খোঁজ করতে গিয়ে নদীতে ভাসমান অবস্থায় দেখতে পান। স্থানীয়দের সহযোগিতায় দ্রুত তিনজনকে উদ্ধার করে পার্বতীপুরের একটি স্থানীয় ক্লিনিকে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
একই পরিবারের তিন সদস্যের আকস্মিক মৃত্যুতে এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। স্বজনদের আহাজারিতে পরিবেশ ভারী হয়ে ওঠে।
ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে।
পার্বতীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল ওয়াদুদ জানান, সুরতহাল শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হবে।