কুষ্টিয়ার খোকসা উপজেলার জয়ন্তীহাজরা ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের উথলী পশ্চিমপাড়া গ্রামে পানিতে ডুবে আল-আমিন (২) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (২৫ জুন) সকাল আনুমানিক ৯টার দিকে নিজ বাড়ির পাশের একটি ডোবায় পড়ে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্র ও পরিবারের সদস্যরা জানান, খেলার একপর্যায়ে সবার অগোচরে বাড়ির পাশের ডোবায় পড়ে যায় আল-আমিন। কিছুক্ষণ পর পরিবারের সদস্যরা তাকে খুঁজতে শুরু করলে ডোবায় ভাসতে দেখে দ্রুত উদ্ধার করেন। পরে তাকে স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নিহত আল-আমিন উথলী পশ্চিমপাড়া গ্রামের আব্দুস সালামের ছোট ছেলে।
এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয় জনপ্রতিনিধিরা শিশুদের নিরাপত্তা নিশ্চিত করতে অভিভাবকদের আরও সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন।