সিরাজগঞ্জে যমুনা সেতুর পশ্চিম সংযোগ সড়ক এলাকায় দায়িত্ব পালনকালে ট্রাকচাপায় ট্রাফিক পুলিশের সহকারী উপ-পরিদর্শক (এটিএসআই) নুরুল ইসলাম নিহত হয়েছেন।
মঙ্গলবার (১৬ জুন) বিকেল পৌনে ৪টার দিকে যমুনা সেতু পশ্চিম পাড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। একই ঘটনায় ট্রাকচালক তরিকুল ইসলাম গুরুতর আহত হয়েছেন। পরে পুলিশ ট্রাকটি জব্দ করে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা যায়, যমুনা সেতুর পশ্চিম সংযোগ সড়কে ট্রাফিক নিয়ন্ত্রণের দায়িত্ব পালন করছিলেন এটিএসআই নুরুল ইসলাম। এ সময় ঢাকা অভিমুখী একটি দ্রুতগতির ট্রাক অন্য যানবাহনকে ওভারটেক করতে গিয়ে রং সাইডে উঠে যায়। এতে নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকটি দায়িত্বে থাকা পুলিশ সদস্য নুরুল ইসলামকে চাপা দেয়। ঘটনাস্থলেই তিনি নিহত হন।
দুর্ঘটনার পর স্থানীয়রা ও পুলিশ সদস্যরা দ্রুত ঘটনাস্থলে ছুটে যান। গুরুতর আহত ট্রাকচালককে উদ্ধার করে সিরাজগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সিরাজগঞ্জ ট্রাফিক বিভাগের পরিদর্শক মোফাকখারুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।
যমুনা সেতু পশ্চিম থানার ওসি আমিরুল ইসলাম জানান, ট্রাকটি জব্দ করা হয়েছে এবং আইনি প্রক্রিয়া চলমান রয়েছে। দুর্ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত চলছে।