
রাজধানীর হাতিরঝিল থানার রামপুরা টিভি সেন্টার এলাকায় তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী ইয়াসিন খান পলাশ (৫০) গুলিবিদ্ধ হয়েছেন।
শুক্রবার (১২ জুন) দুপুর আনুমানিক ২টার দিকে এ ঘটনা ঘটে বলে নিশ্চিত করেছেন হাতিরঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান।
পুলিশ জানায়, পলাশের বাসায় ওইদিন মিলাদ অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। জুমার নামাজ শেষে তিনি বাসায় ফেরার উদ্দেশ্যে রামপুরা টিভি সেন্টারের বিপরীত পাশে দাঁড়িয়ে ছিলেন। এ সময় মোটরসাইকেলে করে আসা দুই অজ্ঞাত ব্যক্তি তাকে লক্ষ্য করে গুলি ছুড়ে দ্রুত পালিয়ে যায়।
গুলিবিদ্ধ অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে যায়। তার শারীরিক অবস্থা সম্পর্কে তাৎক্ষণিকভাবে নিশ্চিত কিছু জানাতে পারেনি পুলিশ। ওসি বলেন, তিনি বেঁচে আছেন কি না, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।