কুষ্টিয়ার দৌলতপুরে দিনদুপুরে অস্ত্রের মুখে জিম্মি করে ব্র্যাকের এক নারী মাঠকর্মীর কাছ থেকে প্রায় দেড় লাখ টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। এ সময় হামলায় ওই নারী কর্মী আহত হন।
বৃহস্পতিবার (১১ জুন) সকাল সাড়ে ১১টার দিকে উপজেলার ফিলিপনগর ইউনিয়নের কলেজপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ব্র্যাকের মাঠকর্মী সুমাইয়া আক্তার মিতা গ্রাহকদের কাছ থেকে ঋণের কিস্তির টাকা সংগ্রহ শেষে অফিসে ফিরছিলেন। পথে কলেজপাড়া এলাকায় পৌঁছালে মুখোশধারী দুই দুর্বৃত্ত দেশীয় অস্ত্র নিয়ে তার গতিরোধ করে। পরে তারা তাকে অস্ত্রের মুখে জিম্মি করে মারধর করে এবং তার কাছে থাকা কালেকশনের প্রায় দেড় লাখ টাকা ছিনিয়ে নেয়। একপর্যায়ে তিনি মাটিতে পড়ে গেলে দুর্বৃত্তরা পাশের পাটক্ষেতের ভেতর দিয়ে পালিয়ে যায়। হামলায় তার হাত ও মাথায় আঘাত লাগে।
স্থানীয়রা আহত অবস্থায় তাকে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা দেন।
ভুক্তভোগী সুমাইয়া আক্তার মিতা জানান, গ্রাহকদের কাছ থেকে টাকা সংগ্রহ করে ফেরার পথে মুখোশধারী দুই ব্যক্তি তাকে জিম্মি করে টাকা ছিনিয়ে নেয়। তাদের মুখ ঢাকা থাকায় তিনি কাউকে শনাক্ত করতে পারেননি।
হোসেনাবাদ ব্র্যাক অফিসের সহকারী ব্যবস্থাপক ফারুক হোসেন বলেন, “আমাদের মাঠকর্মী কালেকশনের টাকা নিয়ে ফেরার পথে সন্ত্রাসীদের কবলে পড়েন। অস্ত্রের মুখে জিম্মি করে তার কাছ থেকে টাকা ছিনিয়ে নেওয়া হয়। আমরা থানায় অভিযোগের প্রস্তুতি নিচ্ছি।”
দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান বলেন, ঘটনার খবর পাওয়ার পর পুলিশ ঘটনাস্থলে গেছে। এখনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।