রাজশাহীর তানোর উপজেলায় ৩০ বছর বয়সী এক মানসিক ও শারীরিক প্রতিবন্ধী নারীকে ধর্ষণের অভিযোগে তাঁর ৬০ বছর বয়সী আপন চাচাকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শনিবার (৭ জুন) ভুক্তভোগীর ভাবি বাদী হয়ে তানোর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগ পাওয়ার মাত্র দুই ঘণ্টার মধ্যেই অভিযান চালিয়ে অভিযুক্তকে আটক করে পুলিশ।
থানা ও মামলা সূত্রে জানা যায়, ভুক্তভোগী দীর্ঘদিন ধরে মানসিক ও শারীরিকভাবে প্রতিবন্ধী। তাঁর মা অসুস্থ থাকায় চিকিৎসা ও দেখাশোনার সুবিধার্থে গত ২৩ মে তাঁকে উপজেলার আড়াদীঘি গ্রামের নিজ চাচা মো. মকবুলের বাড়িতে রাখা হয়।
এজাহারে উল্লেখ করা হয়েছে, গত ৩ জুন রাত আনুমানিক ১১টার দিকে বাড়ির অন্য সদস্যদের অনুপস্থিতির সুযোগে অভিযুক্ত মকবুল ওই নারীকে জোরপূর্বক ধর্ষণ করেন। পরদিন সকালে পরিবারের সদস্যরা ভুক্তভোগীকে অস্বাভাবিক অবস্থায় দেখতে পান। পরে জিজ্ঞাসাবাদে তিনি ঘটনার বিষয়ে স্বজনদের জানান।
ঘটনার পর পারিবারিকভাবে আলোচনা শেষে শনিবার (৭ জুন) তানোর থানায় অভিযোগ দায়ের করা হয়। এরপর পুলিশ নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা রুজু করে দ্রুত অভিযান চালিয়ে আসামিকে গ্রেপ্তার করে।
তানোর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম মাসুদ পারভেজ বলেন, অভিযোগ পাওয়ার দুই ঘণ্টার মধ্যেই অভিযান চালিয়ে আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। ঘটনার তদন্ত চলছে।
পুলিশ আরও জানিয়েছে, ভুক্তভোগীর ডাক্তারি পরীক্ষা ও প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে। তদন্ত শেষে প্রাপ্ত তথ্য-প্রমাণের ভিত্তিতে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।
স্থানীয়ভাবে ঘটনাটি জানাজানি হলে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। স্থানীয়রা ঘটনার সুষ্ঠু তদন্ত এবং দোষীর দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।