মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ী উপজেলার মোকামখোলা থেকে সাঁতুল্লা ব্রিজ পর্যন্ত চলমান খাল খনন ও সংস্কার প্রকল্পের প্রায় ৯০ শতাংশ কাজ সম্পন্ন হয়েছে বলে জানিয়েছেন মুন্সীগঞ্জের জেলা প্রশাসক সৈয়দা নুরমহল আশরাফী।
রবিবার (৭ জুন) দুপুরে তিনি প্রকল্প এলাকা পরিদর্শন করে খননকাজের অগ্রগতি পর্যবেক্ষণ করেন এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের কাছ থেকে সার্বিক অগ্রগতির তথ্য নেন। এ সময় তিনি খালের বিভিন্ন অংশ ঘুরে দেখেন এবং নির্ধারিত সময়ের মধ্যে অবশিষ্ট কাজ শেষ করার নির্দেশনা দেন।
পরিদর্শন শেষে জেলা প্রশাসক বলেন, দীর্ঘদিন নাব্যতা হারানো এ খাল পুনঃখনন সম্পন্ন হলে এলাকার জলাবদ্ধতা নিরসনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। একই সঙ্গে কৃষিজমিতে সেচ সুবিধা বৃদ্ধি, বৃষ্টির পানি দ্রুত নিষ্কাশন এবং স্বাভাবিক পানিপ্রবাহ নিশ্চিত হবে। ফলে স্থানীয় কৃষি উৎপাদন ও জনজীবনে ইতিবাচক পরিবর্তন আসবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
তিনি আরও বলেন, খননকাজের ফলে খালের পাড়ে জমা হওয়া মাটি স্থানীয় স্কুল, মাদ্রাসা ও অন্যান্য শিক্ষাপ্রতিষ্ঠানের মাঠ উন্নয়নসহ জনকল্যাণমূলক কাজে ব্যবহার করা যেতে পারে। এতে সরকারি সম্পদের সুষ্ঠু ব্যবহার নিশ্চিত হওয়ার পাশাপাশি শিক্ষা প্রতিষ্ঠানের অবকাঠামোগত উন্নয়নেও সহায়তা মিলবে।
সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, প্রকল্পের অবশিষ্ট কাজ দ্রুত সম্পন্ন করতে কার্যক্রম অব্যাহত রয়েছে। পাশাপাশি প্রকল্পের গুণগত মান বজায় রাখতে কঠোর নজরদারি করা হচ্ছে।
পরিদর্শনকালে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা তাহমিনা আক্তার, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. ওয়াজেদ ওয়াসিফ, জেলা এলজিইডির নির্বাহী প্রকৌশলী মো. রবিউল ইসলাম, উপজেলা প্রকৌশলী শাহ মোয়াজ্জেম হোসেন, স্থানীয় জনপ্রতিনিধি, প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা এবং প্রকল্পসংশ্লিষ্ট ব্যক্তিবর্গ।
এদিকে স্থানীয় বাসিন্দারা জানান, খালটির পুনঃখনন কাজ সম্পূর্ণ হলে বর্ষা মৌসুমে জলাবদ্ধতা অনেকাংশে কমবে। পাশাপাশি কৃষি ও মৎস্য খাতেও ইতিবাচক প্রভাব পড়বে। তাই তারা দ্রুত অবশিষ্ট কাজ শেষ করার দাবি জানিয়েছেন।