বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশনের (বিএসটিআই) লাইসেন্স ছাড়া খাদ্যপণ্য উৎপাদন ও বিক্রির দায়ে চট্টগ্রামের বোয়ালখালীতে দুই প্রতিষ্ঠানকে মোট ১ লাখ টাকা জরিমানা করেছে উপজেলা প্রশাসন।
রবিবার (৭ জুন) উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মেহেদী হাসান ফারুক এবং সহকারী কমিশনার (ভূমি) কানিজ ফাতেমার নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমাণ আদালতের অভিযানে এ জরিমানা করা হয়।
উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, অভিযানে মেয়াদোত্তীর্ণ খাদ্যপণ্য বিক্রি, অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদন ও সংরক্ষণ এবং বিএসটিআইয়ের লাইসেন্স ছাড়াই পণ্য উৎপাদন ও বাজারজাত করার প্রমাণ পাওয়া যায়। এসব অপরাধে বিএসটিআই আইন, ২০১৮ অনুযায়ী ‘শাহ মাজিদিয়া বেকারি’ ও ‘ফাতেমা সুইটস’ নামের দুই প্রতিষ্ঠানকে মোট ১ লাখ টাকা জরিমানা করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহেদী হাসান ফারুক বলেন, নিরাপদ খাদ্য নিশ্চিত করতে নিয়মিতভাবে এ ধরনের অভিযান পরিচালনা করা হচ্ছে। জনস্বার্থে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।