বৃহস্পতিবার, ৭ মে, ২০২৬, ৮:৫৮ পিএম আপডেট: ০৮.০৫.২০২৬ ৮:২৮ এএম
সংগৃহীত ছবি
হাওর অঞ্চলে ভারী বর্ষণে ক্ষতিগ্রস্ত কৃষকদের সহায়তায় দ্রুত পদক্ষেপ নিতে সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে স্বচ্ছতার ভিত্তিতে প্রকৃত ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকা প্রস্তুতের নির্দেশনাও দেন তিনি।
বৃহস্পতিবার (৭ মে) বিকেলে সচিবালয়ের মন্ত্রিপরিষদ কক্ষে অনুষ্ঠিত এক সভায় প্রধানমন্ত্রী এসব নির্দেশনা দেন। প্রধানমন্ত্রীর প্রেস উইং থেকে এ তথ্য জানানো হয়েছে।
হাওর এলাকার ক্ষতিগ্রস্ত কৃষকদের আর্থিক সহায়তা কার্যক্রম পর্যালোচনার জন্য এ সভার আয়োজন করা হয়। সভায় প্রধানমন্ত্রী বলেন, প্রকৃত ক্ষতিগ্রস্তদের চিহ্নিত করে নির্ভুল ও স্বচ্ছ তালিকা প্রস্তুত করতে হবে। এই তালিকার ভিত্তিতেই আগামী তিন মাস কৃষকদের আর্থিক সহায়তা দেওয়া হবে।
সভায় দ্রুত ক্ষতিগ্রস্ত কৃষকদের হাতে সহায়তা পৌঁছে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। পাশাপাশি অতিবৃষ্টির কারণে কৃষকরা যাতে ক্ষতির মুখে না পড়েন, সে জন্য ধান রোপণ ও সংগ্রহ মৌসুম কিছুটা এগিয়ে আনার বিষয়েও আলোচনা হয়।
এর আগে, গত ২৯ এপ্রিল জাতীয় সংসদে প্রধানমন্ত্রী জানিয়েছিলেন, হাওরাঞ্চলে ভারী বর্ষণে ক্ষতিগ্রস্ত কৃষকদের চিহ্নিত করে সরকারের পক্ষ থেকে তিন মাস সহায়তা দেওয়ার চেষ্টা করা হবে।
সভায় উপস্থিত ছিলেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু, কৃষি এবং মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী আমিনুর রশীদ ইয়াসিনসহ হাওরাঞ্চলের বিভিন্ন সংসদ সদস্য।
উপস্থিত সংসদ সদস্যদের মধ্যে ছিলেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল, প্রতিমন্ত্রী শরীফুল আলম, ড. ওসমান ফারুক, ফজলুর রহমান, লুৎফুজ্জামান বাবর, কামরুজ্জামান কামরুল, নুরুল ইসলাম, কলিম উদ্দিন মিলন এবং মোহাম্মদ কয়সর আহমদ।