প্রকাশ: শনিবার, ২ মে, ২০২৬, ১:২৩ পিএম (ভিজিটর : ১৯)
আসন্ন বিশ্বকাপে যুক্তরাষ্ট্রে ম্যাচ আয়োজন ঘিরে জটিলতা নিরসনে FIFA-এর সঙ্গে জরুরি বৈঠকে বসতে চায় ইরান। দেশটির ফুটবল ফেডারেশনের সভাপতি মেহেদি তাজ জানিয়েছেন, কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে সংস্থাটির সঙ্গে আলোচনা প্রয়োজন।
সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, আগামী ২০ মের আগে সুইজারল্যান্ডের জুরিখ-এ ফিফা সদর দপ্তরে বৈঠকটি অনুষ্ঠিত হতে পারে।
সম্প্রতি ফিফা কংগ্রেসে অংশ নিতে যাওয়ার পথে কানাডার টরন্টো বিমানবন্দরে ইরানি প্রতিনিধিদলকে জিজ্ঞাসাবাদের মুখে পড়তে হয়। এ সময় দেশটির কর্মকর্তারা তাদের সঙ্গে Islamic Revolutionary Guard Corps (আইআরজিসি)-এর সম্পৃক্ততা নিয়ে প্রশ্ন তোলেন।
মেহেদি তাজ জানান, তাদের বৈধ ভিসা থাকা সত্ত্বেও কয়েক ঘণ্টা বিমানবন্দরে আটকে রাখা হয়। পরে প্রবেশের অনুমতি পেলেও প্রতিনিধিদল নিজেরাই ফিরে যাওয়ার সিদ্ধান্ত নেয়।
এদিকে, চলতি বছরের শুরুতে ইরানকে ঘিরে সামরিক উত্তেজনার পর বিশ্বকাপে দলটির অংশগ্রহণ নিয়ে নানা আলোচনা চলছে। তবে ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো জানিয়েছেন, নির্ধারিত সূচি অনুযায়ীই যুক্তরাষ্ট্রে খেলবে ইরান।
গ্রুপ ‘জি’-তে থাকা ইরানকে নিউজিল্যান্ড, বেলজিয়াম ও মিশরের বিপক্ষে খেলতে হবে। তাদের বেস ক্যাম্প থাকবে যুক্তরাষ্ট্রের অ্যারিজোনার টুসনে। এছাড়া ক্যালিফোর্নিয়ার ইনগেলউড ও সিয়াটলে অনুষ্ঠিত হবে তাদের গ্রুপ পর্বের ম্যাচগুলো।