ঈদের আনন্দের মধ্যেই দেশে দুর্যোগপূর্ণ আবহাওয়ার আশঙ্কার খবর পাওয়া গেছে। সম্ভাব্য ঈদের দিন শনিবার দেশের বিভিন্ন স্থানে কালবৈশাখী ঝড়, বজ্রপাত ও শিলাবৃষ্টি হতে পারে বলে জানিয়েছেন আবহাওয়া ও জলবায়ু গবেষক মোস্তফা কামাল পলাশ।
বৃহস্পতিবার দুপুরে দেওয়া এক বিশ্লেষণে তিনি জানান, ঈদের দিন সকাল ও সন্ধ্যায় দুই দফায় শক্তিশালী ঝড় বয়ে যেতে পারে। রাজধানী ঢাকাসহ দেশের বেশিরভাগ অঞ্চল এই ঝড়ের প্রভাবের মধ্যে পড়তে পারে।
তার মতে, ঈদের আগের দিন মধ্যরাতের পর ভারতের বিহার ও পশ্চিমবঙ্গ অতিক্রম করে ঝড়টি বাংলাদেশের রাজশাহী ও রংপুর বিভাগে প্রবেশ করতে পারে। এরপর ধীরে ধীরে এটি ময়মনসিংহ, ঢাকা, সিলেট ও চট্টগ্রাম বিভাগের দিকে অগ্রসর হওয়ার সম্ভাবনা রয়েছে।
সময়ভিত্তিক পূর্বাভাসে তিনি জানান, সাধারণত রাত ১২টার পর থেকে সকাল ৬টার মধ্যে রংপুর ও রাজশাহী অঞ্চলে ঝড় শুরু হতে পারে। এরপর সকাল ৬টা থেকে ১০টার মধ্যে ময়মনসিংহ ও ঢাকায় এবং সকাল ১০টা থেকে বিকেল ৩টার মধ্যে সিলেট, বরিশাল ও চট্টগ্রাম অঞ্চলে ঝড়ের প্রভাব দেখা যেতে পারে। সে হিসেবে ঈদের দিন সকাল ৭টা থেকে ১০টার মধ্যে ঢাকায় কালবৈশাখী আঘাত হানার সম্ভাবনা রয়েছে।
তবে তিনি সতর্ক করে বলেন, ঝড়ের নির্দিষ্ট সময় এখনই নিশ্চিতভাবে বলা সম্ভব নয়।
এছাড়া ঈদের আগের দিন ও পরের দিনও দেশের বিভিন্ন স্থানে ঝড়, বজ্রপাত ও শিলাবৃষ্টির সম্ভাবনা রয়েছে।
অন্যদিকে আবহাওয়া অধিদপ্তরের পাঁচ দিনের পূর্বাভাসে বলা হয়েছে, দেশের বিভিন্ন এলাকায় বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। কোথাও কোথাও শিলাবৃষ্টির সম্ভাবনাও রয়েছে। এ সময় তাপমাত্রা সাময়িকভাবে কিছুটা কমে যেতে পারে, তবে পরে আবার বাড়তে পারে।
সব মিলিয়ে ঈদে বাইরে বের হওয়ার আগে আবহাওয়ার সর্বশেষ তথ্য জেনে নেওয়ার পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা।