প্রকাশ: মঙ্গলবার, ৮ জুলাই, ২০২৫, ১২:৫৭ পিএম (ভিজিটর : ৩৮০)
পবিত্র মক্কা নগরী থেকে হজ পালন শেষে সোমবার দিবাগত রাত ২টা ৫৯ মিনিট পর্যন্ত সৌদি আরব থেকে দেশে ফিরেছেন ৭৬ হাজার ৭৬৮ জন হাজী। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ৫ হাজার ৮৬ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় ৬৫ হাজার ৯৯৩ জন রয়েছেন। গত ৫ জুন সৌদি আরবে হজ অনুষ্ঠিত হয়। হজ শেষে ফিরতি ফ্লাইট শুরু হয়েছে গত ১০ জুন।
মঙ্গলবার (০৮ জুলাই) সকালে হজ পোর্টালের ‘পবিত্র হজ-২০২৫’ প্রতিদিনের বুলেটিন থেকে এ তথ্য জানা গেছে।
এখন পর্যন্ত ২০০টি ফিরতি হজ ফ্লাইটে দেশে ফেরা হাজীদের মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইনসে ৯৮টি ফ্লাইটে দেশে ফিরেছেন ৩৪ হাজার ৮ জন, সৌদি এয়ারলাইন্সের ৭৪টি ফ্লাইটে ২৬ হাজার ৬৮৩ জন ও ফ্লাইনাস এয়ারলাইন্সের ২৮টি ফ্লাইটে ১০ হাজার ৩৮৮ জন হাজী দেশে ফিরেছেন। ফিরতি ফ্লাইট শেষ হবে ১০ জুলাই।
এবছর হজে গিয়ে এখন পর্যন্ত ৪৪ জন বাংলাদেশি মৃত্যুবরণ করেন। তাদের মধ্যে ৩৩ জন পুরুষ ও নারী ১১ জন। এর মধ্যে মক্কায় মারা গেছেন ২৬ জন, মদিনায় ১৪ জন, জেদ্দা ৩ জন ও আরাফায় ১ জন। মিনায় বা মুজদালিফায় কোনো মৃত্যু ঘটেনি।
সৌদি আরবের সরকারি হাসপাতালগুলো এ পর্যন্ত ৩২৫ জন বাংলাদেশিকে চিকিৎসা সেবা দিয়েছে। এদের মধ্যে এখনো ১৪ জন চিকিৎসাধীন রয়েছেন বলে বাংলাদেশ হজ অফিস সূত্রে জানা গেছে।
এবার মোট বাংলাদেশি হজযাত্রীর (ব্যবস্থাপনা সদস্য সহ) সংখ্যা ৮৭ হাজার ১৫৭ জন। তিনটি এয়ারলাইন্সের মোট ২২৪টি ফ্লাইটে এ হজযাত্রীরা সৌদি আরবে গেছেন। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ১০৮টি ফ্লাইটে ৪২ হাজার ৪০৪ জন, সৌদি এয়ারলাইন্সের ৮৩টি ফ্লাইটে ৩১ হাজার ৬৭৬ জন ও ফ্লাইনাস এয়ারলাইন্সের ৩৩টি ফ্লাইটে ১৩ হাজার ৭৭ জন বাংলাদেশি হজযাত্রী সৌদি আরব পৌঁছেছিলেন। হজযাত্রীদের সৌদি যাওয়ার ফ্লাইট ২৯ এপ্রিল শুরু হয়। শেষ হয় ৩১ মে।