গণভোটের রায় বাস্তবায়ন না হলে ফ্যাসিস্ট আবারো ফিরে আসার সুযোগ পাবে

ভোরের ডাক রিপোর্ট

রাজনীতি

গণভোটের রায় বাস্তবায়ন না হলে পুরোনো ফ্যাসিবাদ আবারও ফিরে আসার সুযোগ তৈরি হবে বলে মন্তব্য করেছেন বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ

2026-11-28T18:04:22+00:00
2026-11-28T18:04:55+00:00
  রবিবার, ২৯ নভেম্বর ২০২৬,
১৫ অগ্রহায়ণ ১৪৩৩
 
রবিবার, ২৯ নভেম্বর ২০২৬
রাজনীতি
কেন্দ্রীয় মজলিসে শূরার অধিবেশনে ডা. শফিকুর রহমান
গণভোটের রায় বাস্তবায়ন না হলে ফ্যাসিস্ট আবারো ফিরে আসার সুযোগ পাবে
ভোরের ডাক রিপোর্ট
শনিবার, ২৮ নভেম্বর, ২০২৬, ৬:০৪ পিএম  আপডেট: ২৮.১১.২০২৬ ৬:০৪ পিএম
গণভোটের রায় বাস্তবায়ন না হলে ফ্যাসিস্ট আবারো ফিরে আসার সুযোগ পাবে
গণভোটের রায় বাস্তবায়ন না হলে পুরোনো ফ্যাসিবাদ আবারও ফিরে আসার সুযোগ তৈরি হবে বলে মন্তব্য করেছেন বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। জাতীয় ঐক্য প্রতিষ্ঠায় গণভোটের রায় দ্রুত বাস্তবায়নের জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, গণভোটের রায় উপেক্ষা করে সংবিধান সংশোধনের পথে না গিয়ে ওই রায়ের ভিত্তিতে সংস্কার করতে হবে। এ দাবি আদায়ের আন্দোলন থেকে জামায়াত কোনো অবস্থাতেই সরে আসবে না।

শনিবার রাজধানীর মগবাজারের আল-ফালাহ মিলনায়তনে জামায়াতের কেন্দ্রীয় মজলিসে শূরার অধিবেশনে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সংগঠনের সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য মিয়া গোলাম পরওয়ারের সঞ্চালনায় অধিবেশনে উপস্থিত ছিলেন নায়েবে আমির, সহকারী সেক্রেটারি জেনারেল, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ ও কেন্দ্রীয় কর্মপরিষদের (পুরুষ ও মহিলা) সদস্য এবং কেন্দ্রীয় মজলিসে শূরার (পুরুষ ও মহিলা) সদস্যরা।

জুলাই আন্দোলনের পর বাংলাদেশ বর্তমানে কোন পথে এগোচ্ছে, তা বিবেচনার দাবি রাখে উল্লেখ করে ডা. শফিকুর রহমান বলেন, তরুণ ও যুবকদের আত্মত্যাগের বিনিময়ে এ জাতি একটি গৌরবময় বিপ্লবের অংশীদার হয়েছে। দীর্ঘ সাড়ে ১৬ বছর ফ্যাসিবাদী দুঃশাসনের যাঁতাকলে জাতি পিষ্ট হয়েছে। বিশেষ করে জামায়াতের শীর্ষ ১১ নেতাকে অন্যায়ভাবে বিচারিক হত্যাকাণ্ডের মাধ্যমে দুনিয়া থেকে বিদায় করা হয়েছে। কেউ কেউ কারাগারে অযত্ন ও বিনা চিকিৎসায় মারা গেছেন। জামায়াতের নেতাকর্মীদের বাড়িঘর বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হয়েছে, চাকরি কেড়ে নেওয়া হয়েছে এবং ব্যবসাপ্রতিষ্ঠান ধ্বংস করা হয়েছে। দলের অসংখ্য নেতাকর্মীকে গুম ও হত্যা করা হয়েছে। জামায়াতের নিবন্ধন কেড়ে নেওয়ার পাশাপাশি দলটিকে বেআইনিভাবে নিষিদ্ধ করা হয়েছিল। তবে নিষিদ্ধের চার দিনের মাথায় তাদের দেশ ছেড়ে চলে যেতে হয়েছিল। শুধু জামায়াত নয়, আরও অনেক দল ও সংগঠনের নেতাকর্মীরা এ ধরনের নির্যাতনের শিকার হয়েছেন এবং দেশে থাকতে পারেননি।

চলতি বছরের জাতীয় নির্বাচনের আগের দিন পর্যন্ত জাতির প্রতি তাঁদের ও জামায়াতের বক্তব্য একই ছিল উল্লেখ করে ডা. শফিকুর রহমান বলেন, সরকার গঠনের পর তাঁরা কীভাবে জাতির কাছে দেওয়া ওয়াদা ভঙ্গ করলেন এবং নিজেদের অবস্থান পরিবর্তন করলেন, তা জাতির সামনে স্পষ্ট করতে হবে। কেন তাঁরা অবস্থান বদলালেন, সেই ব্যাখ্যাও দিতে হবে। জাতির মধ্যে এখন আতঙ্ক দেখা দিয়েছে—আদৌ বাংলাদেশ বসবাসের জন্য নিরাপদ হবে কি না।

তিনি বলেন, জুলাইয়ের অঙ্গীকার পাশ কাটিয়ে সংবিধান সংস্কারের পরিবর্তে সংবিধান সংশোধনে বিশেষ কমিটি গঠন করা হয়েছে। জাতীয় ঐকমত্য কমিশনে সব রাজনৈতিক দলের মতামতের ভিত্তিতে যেসব সিদ্ধান্ত হয়েছে, সেগুলো অবশ্যই মানতে হবে। কোনো কিছুর বিনিময়েই তাঁরা অবস্থান পরিবর্তন করবেন না। সরকারকে উদ্দেশ করে তিনি বলেন, সমস্যা আপনারা তৈরি করেছেন, সমাধানও আপনাদেরই করতে হবে। কোনো ধরনের কালক্ষেপণ না করে গণভোটের গণরায় বাস্তবায়ন করুন। অন্যথায় জাতীয় ঐক্য ভঙ্গুর হয়ে পড়বে, তা স্থায়ী হবে না। জনগণ পুরোনো ফ্যাসিবাদের প্রত্যাবর্তন কিংবা নতুন করে ফ্যাসিবাদ কায়েম—কোনোটিই চায় না।

সংবিধান সংস্কার ও সংশোধনের পার্থক্য তুলে ধরে জামায়াতের আমির বলেন, সংবিধান সংস্কারের মাধ্যমে যে পরিবর্তন আসবে, তাতে আদালত হস্তক্ষেপ করতে পারবে না। কিন্তু সংবিধান সংশোধনের মাধ্যমে পরিবর্তন আনা হলে আদালত সেখানে হস্তক্ষেপ করতে পারবে। আমরা এবং তাঁরা বলেছিলাম, অতীতের নোংরা রাজনীতিতে আর ফিরে যাব না। কিন্তু স্থানীয় সরকারব্যবস্থা দলীয় লোকজন ও ক্যাডারদের মাধ্যমে দখল করা হয়েছে। সাড়ে ১৫ বছরের নির্যাতনের পর আমরা জাতিকে একটি স্বস্তিদায়ক অবস্থানে নিয়ে যেতে চেয়েছিলাম।

দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি হয়েছে দাবি করে ডা. শফিকুর রহমান বলেন, সরকারি দলের নেতাকর্মীরা নিজেদের মধ্যে সংঘাতে জড়িয়ে একে অপরকে হত্যা করছেন। পাথর মেরে হত্যার ঘটনাও ঘটছে। নারী, শিশু ও মা-বোনেরা নিরাপদ নন। সারা দেশে মাদকের বিস্তার ঘটেছে। স্কুলের ফটকে ও ভেতরে মাদক বিক্রি হচ্ছে। অস্ত্রের ঝনঝনানিতে অস্থির হয়ে উঠেছে দেশ। কোনো জেলায় আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হলে জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে সরকারের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কার্যকর উদ্যোগ দেখা যায় না। একটি জেলাকে স্বাধীন ঘোষণা করা স্পষ্ট রাষ্ট্রদ্রোহিতা। জনগণের নিরাপত্তা নিশ্চিত করা সরকারের দায়িত্ব।

দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির বিষয়েও উদ্বেগ প্রকাশ করেন তিনি। প্রধানমন্ত্রী জাতীয় ঐক্যের আহ্বান জানিয়েছেন উল্লেখ করে ডা. শফিকুর রহমান বলেন, তাঁরা আলোচনায় বসতে প্রস্তুত, তবে সেখানে নিজেদের দলের দাবি নয়, জনগণের দাবি তুলে ধরবেন।

পোশাকশিল্প নিয়ে গভীর ষড়যন্ত্র চলছে এবং এ খাতে অস্থিরতা বিরাজ করছে বলেও মন্তব্য করেন জামায়াতের আমির। তিনি বলেন, জীবনযাত্রার ব্যয় বেড়ে যাওয়ায় শ্রমিকেরা রাস্তায় নামতে বাধ্য হয়েছেন। আমরা বলেছি, শ্রমিক বাঁচলে শিল্প বাঁচবে, শিল্প বাঁচলে দেশ বাঁচবে। এ সংকটের স্থায়ী সমাধানে সরকার ও শিল্পমালিকদের উদ্যোগ নিতে হবে। মজুরি বোর্ড গঠন করা হয়েছে, আমরা এর যথাযথ বাস্তবায়ন চাই। পাশাপাশি শিল্পকারখানায় নিরাপত্তা ও উপযুক্ত কর্মপরিবেশ নিশ্চিত করতে হবে।

মানুষের অধিকার নিশ্চিত করতে সবার সচেতন ও সক্রিয় ভূমিকা প্রয়োজন উল্লেখ করে তিনি বলেন, শুধু একটি বাহিনীর পক্ষে সবকিছু করা সম্ভব নয়। এ জন্য জনগণ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মধ্যে সমন্বয় প্রয়োজন। সীমান্ত দিয়ে অবৈধভাবে কিছু মানুষকে পুশইনের চেষ্টা করা হয়েছিল। জনগণ ও বিজিবি যৌথভাবে তা প্রতিহত করেছে। দেশ ও জাতিকে রক্ষায় সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।


Loading...
Loading...

রাজনীতি- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: