আওয়ামী লীগ আর রাজনীতিতে ফিরতে পারবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

রাজনীতি

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ভবিষ্যতে বাংলাদেশে আর রাজনৈতিক কর্মকাণ্ড চালাতে পারবে না বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। ২০২৪ সালের

2026-11-25T16:36:54+00:00
2026-11-25T16:36:54+00:00
  বুধবার, ২৫ নভেম্বর ২০২৬,
১১ অগ্রহায়ণ ১৪৩৩
 
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬
রাজনীতি
আওয়ামী লীগ আর রাজনীতিতে ফিরতে পারবে না: স্বরাষ্ট্রমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক
বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬, ৪:৩৬ পিএম 
সংগৃহীত ছবি

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ভবিষ্যতে বাংলাদেশে আর রাজনৈতিক কর্মকাণ্ড চালাতে পারবে না বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। ২০২৪ সালের গণঅভ্যুত্থানে সংঘটিত গণহত্যার প্রসঙ্গ টেনে তিনি বলেছেন, দলটি নিজেদের কর্মকাণ্ডের মাধ্যমে সন্ত্রাসী গোষ্ঠীতে পরিণত হয়েছে। রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগের আর কোনো স্বীকৃতি নেই বলেও দাবি করেন তিনি।

বুধবার (২৫ নভেম্বর) সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে সমসাময়িক বিভিন্ন বিষয়ে আয়োজিত সংবাদ ব্রিফিংয়ে এসব কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী।

আওয়ামী লীগের রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে বক্তব্য দিতে গিয়ে জার্মানির নাৎসি বাহিনীর উদাহরণ টানেন সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, ইতিহাসে গণহত্যায় জড়িত ফ্যাসিস্ট ও মাফিয়া শক্তির রাজনৈতিকভাবে ফিরে আসার নজির নেই। আওয়ামী লীগও বাংলাদেশে আর রাজনীতি করতে পারবে না।

ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরার বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, দণ্ডপ্রাপ্ত আসামি হিসেবে তাঁকে বন্দী প্রত্যর্পণ চুক্তি বা এক্সট্রাডিশন ট্রিটির আওতায় দেশে ফিরতে হবে। এ বিষয়ে সরকার ইতিমধ্যে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে সংশ্লিষ্ট দেশের কাছে কূটনৈতিক চিঠি পাঠিয়েছে। জবাবে দেশটি আইন অনুযায়ী বিষয়টি পর্যালোচনা করে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে।

শেখ হাসিনার দেশে ফেরার সম্ভাব্য সময় নিয়ে বিভিন্ন মহলে চলমান আলোচনার বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, কখনো নভেম্বর, কখনো ডিসেম্বর, আবার কখনো ১৬ ডিসেম্বর তাঁর ফেরার কথা বলা হচ্ছে। ‘আসিব আসিব বলিয়া’ কত দিন পার হবে—এমন মন্তব্য করে তিনি জানান, এসব নিয়ে সরকারের কোনো উদ্বেগ বা চাপ নেই। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সব সময় সতর্ক অবস্থানে রয়েছে।

দেশের বাইরে অবস্থানরত আওয়ামী লীগের নেতাদের বিরুদ্ধে দেশে অস্থিতিশীলতা তৈরির নির্দেশনা দেওয়ার অভিযোগও করেন স্বরাষ্ট্রমন্ত্রী। তাঁর দাবি, সীমান্তের ওপারে অবস্থান করে পলাতক নেতারা দেশে থাকা নেতা-কর্মীদের মশাল মিছিল, লকডাউন, শাটডাউন ও হরতালের মতো কর্মসূচি পালনের নির্দেশ দিচ্ছেন। ভবিষ্যতে কেউ উগ্রবাদী কর্মকাণ্ড, অগ্নিসন্ত্রাস কিংবা জননিরাপত্তা বিঘ্নিত করার চেষ্টা করলে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ারি দেন তিনি।

আওয়ামী লীগকে স্থায়ীভাবে নিষিদ্ধ করার আইনি প্রক্রিয়া সম্পর্কে মন্ত্রী বলেন, আন্তর্জাতিক অপরাধ (ট্রাইব্যুনাল) (সংশোধন) আইন, ২০২৬ এবং সংবিধানের ৪৭ অনুচ্ছেদ অনুযায়ী মানবতাবিরোধী অপরাধে ব্যক্তি ছাড়াও দল বা সংগঠনকে বিচারের আওতায় আনার বিধান রয়েছে। বিষয়টি বর্তমানে বিচারিক প্রক্রিয়ার মধ্যে রয়েছে। এরই মধ্যে অন্তর্বর্তী সরকারের প্রজ্ঞাপনের মাধ্যমে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে এবং নির্বাচন কমিশন দলটির নিবন্ধন স্থগিত রেখেছে।

গোপালগঞ্জে নাশকতা এবং পুলিশের কয়েকজন কর্মকর্তার সম্পৃক্ততার বিষয়ে এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সরকারি চাকরিতে থেকে রাজনৈতিক পক্ষপাতিত্ব ও ষড়যন্ত্রে জড়িত থাকার সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে কয়েকজন পুলিশ কর্মকর্তাকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁদের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের অভিযোগে মামলা ও বিভাগীয় ব্যবস্থা নেওয়া হয়েছে। সম্প্রতি গোপালগঞ্জের মুকসুদপুরের বাসিন্দা ও কর্মরত একজন অতিরিক্ত পুলিশ সুপারকেও প্রত্যাহার করা হয়েছে বলে জানান তিনি।

বিভিন্ন জেলায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েনের বিষয়ে মন্ত্রী বলেন, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে কোথাও অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির আশঙ্কা দেখা দিলে পুলিশের পাশাপাশি বিজিবি মোতায়েন করা হয়। এটি নিয়মিত নিরাপত্তাব্যবস্থার অংশ। আসন্ন মহান বিজয় দিবস নির্বিঘ্নে উদযাপনে প্রয়োজনীয় সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে বলেও জানান তিনি।

গার্মেন্টস খাতে শ্রমিক অসন্তোষের প্রসঙ্গেও কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী। তাঁর দাবি, মজুরি বোর্ডের মাধ্যমে গণতান্ত্রিক প্রক্রিয়ায় ন্যূনতম মজুরি নির্ধারণ করায় প্রকৃত শ্রমিক ও মালিকেরা সন্তুষ্ট। তবে একটি মহল গুজব ছড়িয়ে রাজনৈতিক উদ্দেশ্যে শ্রমিক অসন্তোষ উসকে দিয়ে বিশৃঙ্খলা তৈরির চেষ্টা করছে। এসব ঘটনার পেছনে কারা ইন্ধন দিচ্ছে, তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানান তিনি।

এ ছাড়া ফ্যাসিবাদবিরোধী রাজনৈতিক দলগুলোর সঙ্গে সরকারের আলোচনা প্রসঙ্গে সালাহউদ্দিন আহমদ বলেন, প্রধানমন্ত্রী ইতিমধ্যে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কয়েকজন নেতার সঙ্গে সাক্ষাৎ করেছেন। জোটগতভাবে অন্যান্য রাজনৈতিক দলের সঙ্গেও বৈঠকের পরিকল্পনা রয়েছে।



Loading...
Loading...

রাজনীতি- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: