ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশ গঠনে কোনো আপস হবে না: শফিকুর রহমান

স্টাফ রিপোর্টার

রাজনীতি

জুলাই গণ-অভ্যুত্থানের মধ্য দিয়ে তরুণ প্রজন্ম বুকের রক্ত দিয়ে ফ্যাসিবাদকে বিদায় করেছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও

2026-11-14T18:33:48+00:00
2026-11-14T18:33:48+00:00
  মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬,
৩ অগ্রহায়ণ ১৪৩৩
 
মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬
রাজনীতি
ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশ গঠনে কোনো আপস হবে না: শফিকুর রহমান
স্টাফ রিপোর্টার
শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬, ৬:৩৩ পিএম 
বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান।
জুলাই গণ-অভ্যুত্থানের মধ্য দিয়ে তরুণ প্রজন্ম বুকের রক্ত দিয়ে ফ্যাসিবাদকে বিদায় করেছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। তিনি বলেছেন, তরুণ প্রজন্ম দেশে নতুন করে কোনো ফ্যাসিবাদ প্রতিষ্ঠিত হতে দেবে না। ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশ গঠনে কোনো আপস করা হবে না।

শনিবার রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় যুব ও ক্রীড়া বিভাগের উদ্যোগে আয়োজিত ‘উপজেলা প্রতিনিধি সম্মেলন-২০২৬’-এ প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

কেন্দ্রীয় যুব বিভাগের সভাপতি ও সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়েরের সভাপতিত্বে সম্মেলনে বিশেষ অতিথি ছিলেন জামায়াতের নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মো. তাহের, সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য মিয়া গোলাম পরওয়ার, সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান এবং অ্যাডভোকেট মুয়াযযম হোসাইন হেলাল।

এ ছাড়া বক্তব্য দেন কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের আমির নূরুল ইসলাম বুলবুল এমপি, ঢাকা মহানগরী উত্তরের সেক্রেটারি ড. রেজাউল করিম, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সেক্রেটারি জেনারেল সিবগাতুল্লাহ সিবগা এবং কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও বাংলাদেশ ল’ইয়ার্স কাউন্সিলের সভাপতি অ্যাডভোকেট জসিম উদ্দিন সরকার।

কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও যুব ও ক্রীড়া বিভাগের সেক্রেটারি মঞ্জুরুল ইসলাম ভূঁইয়ার সঞ্চালনায় সম্মেলনে আরও বক্তব্য দেন কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য মুহাম্মদ জাহিদুর রহমান ও অ্যাডভোকেট শিশির মোহাম্মদ মনির, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি অ্যাডভোকেট আতিকুর রহমান এবং ঢাকা মহানগরী দক্ষিণের নায়েবে আমির ড. হেলাল উদ্দিনসহ বিভিন্ন পর্যায়ের নেতারা।

জুলাই গণ-অভ্যুত্থানের প্রসঙ্গ টেনে ডা. শফিকুর রহমান বলেন, এ জাতি বারবার অপশক্তির নির্যাতনের শিকার হয়েছে। তবে প্রতিবারই অপশক্তিকে পরাজিত করে ঘুরে দাঁড়িয়েছে। সর্বশেষ ২০২৪ সালের ৫ আগস্ট এমন ঘটনা ঘটেছে। তাঁর ভাষায়, পৃথিবীর ইতিহাসে নতুন একটি ক্যালেন্ডার তৈরি করে ‘৩৬ জুলাই’ বলা হয়েছে। অন্য কোনো দেশে ৩২, ৩৩, ৩৪, ৩৫ কিংবা ৩৬ তারিখ নেই; এটি শুধু বাংলাদেশেই হয়েছে।

তিনি বলেন, ১ হাজার ৪০০ তরুণ-তরুণীর রক্ত ও জীবনের বিনিময়ে জুলাই এসেছে। এই জুলাই জাতির সামনে বড় প্রত্যাশা নিয়ে হাজির হয়েছিল। অতীতের অন্যায়, অত্যাচার, জুলুম, নির্যাতন, লুণ্ঠন ও ফ্যাসিবাদের অবসানের দাবিতে তরুণেরা রাস্তায় নেমেছিলেন।

আন্দোলনে অংশগ্রহণকারীদের উদ্দেশ্য তুলে ধরে জামায়াতের আমির বলেন, কোটা সংস্কারের দাবিতে যারা রাস্তায় নেমেছিলেন, তাঁদের সবাই সরকারি চাকরি পাওয়ার জন্য আন্দোলনে আসেননি। দেশে সর্বোচ্চ ২১ লাখ সরকারি চাকরিজীবী থাকলেও আন্দোলনে অংশ নিয়েছিলেন প্রায় চার কোটি তরুণ-যুবক। তাঁদের অনেকের পড়াশোনা শেষ হয়নি, আবার অনেকের সরকারি চাকরিতে প্রবেশের বয়সও পেরিয়ে গেছে।

তিনি বলেন, আন্দোলনকারীদের কাছে জানতে চাওয়া হয়েছিল, তাঁরা কেন আন্দোলনে এসেছেন। তাঁদের কেউ কেউ বলেছিলেন, তাঁরা শুধু কোটা সংস্কারের জন্য নয়, রাষ্ট্র সংস্কার এবং পুরো রাষ্ট্রব্যবস্থার আমূল পরিবর্তনের দাবিতে আন্দোলনে এসেছেন।

জুলাই আন্দোলনের অন্যতম স্লোগান ছিল ‘জাস্টিস’ উল্লেখ করে ডা. শফিকুর রহমান বলেন, তাঁরা জীবনের সব ক্ষেত্রে ন্যায়বিচার চান। বেঁচে থাকার অধিকার, শিক্ষা, স্বাস্থ্যসেবা, চাকরি ও ব্যবসার অধিকারসহ মানুষের সব মৌলিক অধিকার নিশ্চিত করতে হবে। রাষ্ট্রকে ন্যায্যতার ভিত্তিতে নাগরিকদের সঙ্গে আচরণ করতে হবে।

জুলাই সনদ বাস্তবায়ন প্রসঙ্গে তিনি বলেন, বর্তমান সরকারি দল ও বিরোধী দলসহ সবাই জুলাই আন্দোলনে অংশ নিয়েছিল। তখন সবাই সংস্কারের পক্ষে অবস্থান জানিয়েছিল। জামায়াতে ইসলামী নির্বাচনী ইশতেহার ও ভবিষ্যৎ পরিকল্পনা জাতির সামনে তুলে ধরেছে। বর্তমান সরকারি দলও এর আগে ৩১ দফা সংস্কার প্রস্তাব দিয়েছে এবং নির্বাচনী ইশতেহারে এসব বিষয় উল্লেখ করেছে।

ডা. শফিকুর রহমান বলেন, জন-আকাঙ্ক্ষা ও আন্দোলনকারীদের প্রত্যাশাকে ধারণ করে ২০২৪ সালের ৫ আগস্টের শহীদদের প্রতি সম্মান জানিয়ে জাতীয় ঐকমত্য কমিশন গঠন করা হয়েছিল। সেখানে মাসের পর মাস ৩৩টি রাজনৈতিক দল অংশ নিয়েছে। কোনো বড় রাজনৈতিক দল বাদ পড়েনি। ওই আলোচনার ভিত্তিতেই জুলাই সনদ তৈরি হয়েছে।

তিনি আরও বলেন, ঐকমত্যের ভিত্তিতে দুটি নির্বাচনের সিদ্ধান্ত হয়েছিল—একটি সরকার গঠনের জন্য, অন্যটি রাষ্ট্র সংস্কার ও পুনর্গঠনের জন্য। তাঁর অভিযোগ, বর্তমান সরকারি দল এর একটি মেনে নিলেও অন্যটি মানেনি। এ কারণেই সংকট তৈরি হয়েছে।

জামায়াতের আমির বলেন, জাতির সামনে স্পষ্ট অঙ্গীকার করেও তা রক্ষা করা হয়নি। এ বিষয়ে তিনি বলেন, তাঁরা বারবার জানিয়ে আসছেন, এই প্রতিশ্রুতি ভঙ্গ তাঁরা মেনে নেবেন না, জনগণও মেনে নেবে না। জনগণের দাবি আদায় না হওয়া পর্যন্ত তাঁরা লড়াই চালিয়ে যাবেন এবং জুলাই সনদের দাবি হারিয়ে যেতে দেবেন না।

সংসদে দেওয়া বক্তব্যের প্রসঙ্গ টেনে তিনি বলেন, চার দিন আগে সংসদে তিনি জানিয়েছেন, সরকারি দলের একজন প্রবীণ সদস্য একটি জনসভায় বলেছেন, আগে মাদক সিন্ডিকেট নিয়ন্ত্রণ করতেন ফ্যাসিস্ট দলের নেতারা, আর এখন নিয়ন্ত্রণ করছেন তাঁর দলের নেতারা। এ কথা অকপটে স্বীকার করার জন্য ওই নেতাকে ধন্যবাদ জানান তিনি।

শিক্ষাপ্রতিষ্ঠানের পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে ডা. শফিকুর রহমান অভিযোগ করেন, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান দখল করা হচ্ছে এবং জোর করে অধ্যক্ষ ও প্রধান শিক্ষক নিয়োগ দেওয়া হচ্ছে। তাঁদের অনেকেরই দায়িত্ব পালনের ন্যূনতম যোগ্যতা নেই বলে মন্তব্য করেন তিনি। তাঁর অভিযোগ, দলীয় নেতাদের তোষামোদ করাই তাঁদের নিয়োগ পাওয়ার যোগ্যতা হয়ে উঠেছে। এভাবে শিক্ষার্থীদের ভবিষ্যৎ গড়ে তোলা সম্ভব নয় বলেও মন্তব্য করেন তিনি।

যুব ও ক্রীড়া বিভাগের কার্যক্রমের বিষয়ে জামায়াতের আমির বলেন, ধ্বংসের মুখে থাকা যুবসমাজকে রক্ষায় দৃশ্যমান উদ্যোগ নিতে হবে। বিপথগামী তরুণদের আপন করে নিয়ে সুস্থ জীবনে ফিরিয়ে আনতে হবে। তাঁদের সঠিক পথে ফেরাতে পারলেই এ বিভাগের কার্যক্রম সফল হবে।

তিনি বলেন, শুধু জামায়াতের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিদের দেখভাল করলেই চলবে না। নিজেদের চরিত্র ও চিন্তার প্রতি সতর্ক থাকার পাশাপাশি পুরো সমাজের যুবসমাজকে কল্যাণ, ন্যায় ও আল্লাহর দ্বীনের পথে যুক্ত করতে হবে।


Loading...
Loading...

রাজনীতি- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: