
দেশে মোট ভোটারের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১২ কোটি ৯২ লাখ ২৯ হাজার ৭৪৯ জনে। নির্বাচন কমিশনের (ইসি) সর্বশেষ হালনাগাদ তালিকায় নতুন করে যুক্ত হয়েছেন ৪ লাখ ৫২ হাজার ১০৬ জন ভোটার। এই তালিকার ভিত্তিতেই আসন্ন ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন আয়োজন করা হবে। নির্বাচন সামনে রেখে রাজনৈতিক দলগুলোর সঙ্গে মতবিনিময়ের উদ্যোগও নিয়েছে কমিশন। এ লক্ষ্যে ৫৫টি রাজনৈতিক দলকে আমন্ত্রণ জানানো হচ্ছে।
বুধবার (২৫ নভেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে আয়োজিত এক ব্রিফিংয়ে এসব তথ্য জানান ইসি সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ।
ইসির তথ্য অনুযায়ী, বর্তমানে দেশে পুরুষ ভোটার ৬ কোটি ৫৮ লাখ ৬ হাজার ৫৭৪ জন। নারী ভোটার রয়েছেন ৬ কোটি ৩৪ লাখ ২১ হাজার ৮৭৮ জন। এ ছাড়া তৃতীয় লিঙ্গের ভোটার ১ হাজার ২৯৭ জন। সব মিলিয়ে মোট ভোটার ১২ কোটি ৯২ লাখ ২৯ হাজার ৭৪৯ জন।
সিনিয়র সচিব জানান, গত ৩১ আগস্ট কমিশনের প্রকাশিত ভোটারসংখ্যার সঙ্গে তুলনা করলে সর্বশেষ হিসাব পর্যন্ত দেশে নতুন ভোটার বেড়েছে ৪ লাখ ৫২ হাজার ১০৬ জন। হালনাগাদ এই তালিকাকেই আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে ভোটার তালিকা হিসেবে ব্যবহার করা হবে।
ইউপি নির্বাচন সামনে রেখে রাজনৈতিক দলগুলোর মতামত ও পরামর্শ নিতে তিন দিনব্যাপী সংলাপের আয়োজন করছে নির্বাচন কমিশন। আগামী ২৯ ও ৩০ নভেম্বর এবং ১ ডিসেম্বর এ মতবিনিময় অনুষ্ঠিত হবে। এতে অংশগ্রহণের জন্য মোট ৫৫টি রাজনৈতিক দলকে আমন্ত্রণ জানানো হচ্ছে বলে জানান আখতার আহমেদ।
নির্বাচন কমিশনের এ উদ্যোগের মধ্য দিয়ে স্থানীয় সরকার নির্বাচন ঘিরে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আনুষ্ঠানিক আলোচনার প্রক্রিয়া শুরু হতে যাচ্ছে।