অস্ট্রেলিয়া ও মালয়েশিয়া সফরের উদ্দেশে ঢাকা ছেড়েছেন জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। ২০ থেকে ২৬ নভেম্বর পর্যন্ত তাঁর এই সফর চলবে।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) দিবাগত রাত ১২টা ৫০ মিনিটে তিনি ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেন।
সফরকালে অস্ট্রেলিয়া সরকারের উচ্চপর্যায়ের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করার কথা রয়েছে তাঁর। পাশাপাশি প্রবাসী বাংলাদেশিদের আয়োজিত বিভিন্ন কর্মসূচিতেও অংশ নেবেন জামায়াত আমির। মালয়েশিয়ায় অবস্থানকালে সেখানকার প্রবাসীদের আয়োজিত কর্মসূচিতেও যোগ দেবেন তিনি।
সফরসঙ্গী হিসেবে রয়েছেন ডা. মোসলেহ উদ্দিন ফরিদ, পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা ব্যারিস্টার মীর আহমদ বিন কাশেম আরমান এবং বিরোধীদলীয় নেতার সহকারী একান্ত সচিব (এপিএস) মুহাম্মদ নজরুল ইসলাম।
ঢাকা ছাড়ার সময় বিমানবন্দরে তাঁকে বিদায় জানান জামায়াতের সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য মিয়া গোলাম পরওয়ার, সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান ও অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের। এ সময় নির্বাহী পরিষদ সদস্য মোবারক হোসাইন, ঢাকা মহানগরী দক্ষিণের আমির নূরুল ইসলাম বুলবুল এবং উত্তরের আমির মোহাম্মদ সেলিম উদ্দিনসহ সংগঠনের অন্য নেতারাও উপস্থিত ছিলেন।
আগামী ২৬ নভেম্বর দেশে ফেরার কথা রয়েছে বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানের।