দিল্লির কোনো ধরনের আধিপত্য বাংলাদেশ মেনে নেবে না: গোলাম পরওয়ার

চট্টগ্রাম ব্যুরো

রাজনীতি

দিল্লির কোনো ধরনের আধিপত্য বাংলাদেশ মেনে নেবে না বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। প্রতিবেশী

2026-11-27T15:34:26+00:00
2026-11-27T15:34:26+00:00
  শনিবার, ২৮ নভেম্বর ২০২৬,
১৪ অগ্রহায়ণ ১৪৩৩
 
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬
রাজনীতি
দিল্লির কোনো ধরনের আধিপত্য বাংলাদেশ মেনে নেবে না: গোলাম পরওয়ার
চট্টগ্রাম ব্যুরো
শুক্রবার, ২৭ নভেম্বর, ২০২৬, ৩:৩৪ পিএম 
দিল্লির কোনো ধরনের আধিপত্য বাংলাদেশ মেনে নেবে না: গোলাম পরওয়ার
দিল্লির কোনো ধরনের আধিপত্য বাংলাদেশ মেনে নেবে না বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। প্রতিবেশী দেশের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখার ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, ভারত মানবতাবিরোধী অপরাধে দণ্ডিত শেখ হাসিনাকে আশ্রয় দিয়ে বাংলাদেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব ও গণ-আকাঙ্ক্ষার বিরুদ্ধে অবস্থান নিয়েছে।

শুক্রবার (২৭ নভেম্বর) চট্টগ্রাম বন্দর শহীদ প্রকৌশলী শামসুজ্জামান স্টেডিয়ামে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন চট্টগ্রাম মহানগর শাখার দ্বিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

গোলাম পরওয়ার বলেন, দেশের শিল্পমালিকেরা প্রায়ই বলেন, ‘শিল্প বাঁচলে দেশ বাঁচবে’। কথাটি সত্য, তবে শ্রমিক বাঁচলেই শিল্প বাঁচবে। শ্রমিকদের ন্যূনতম অধিকার, দুবেলা খাবার এবং অসুস্থতার সময় চিকিৎসার নিশ্চয়তা দিতে পারে না—এমন শ্রমনীতি প্রত্যাখ্যান করে ন্যায় ও ইনসাফভিত্তিক ইসলামী শ্রমনীতি বাস্তবায়ন করতে হবে।

চট্টগ্রাম বন্দর প্রসঙ্গে তিনি বলেন, বন্দর নিয়ে বহুমুখী ষড়যন্ত্র চলছে। সরকারের দায়িত্বশীল পদে থাকা কারও কারও এসব ষড়যন্ত্রে যুক্ত থাকার অভিযোগও করেন তিনি। দেশের স্বার্থ উপেক্ষা করে বন্দর বিদেশি প্রতিষ্ঠানের হাতে তুলে দেওয়া হলে জনগণ তা মেনে নেবে না। দেশের সব সম্পদ দেশীয় ব্যবস্থাপনায় পরিচালনার সক্ষমতা অর্জনে সরকারের প্রতি আহ্বান জানান তিনি।

জাতীয় ঐক্যের বিষয়ে গোলাম পরওয়ার বলেন, প্রধানমন্ত্রী জাতীয় ঐক্যের ডাক দিলেও জুলাই সনদ বাস্তবায়ন না করায় সরকারই ঐক্যের পথে বাধা হয়ে দাঁড়িয়েছে। তাঁর দাবি, ৭০ শতাংশ ভোটে বিজয়ী গণভোটের রায় সংসদীয় আসনের সংখ্যাগরিষ্ঠতার জোরে প্রত্যাখ্যান করা যায় না। জাতীয় ঐক্য চাইলে সরকারকে গণভোটের রায় মেনে নিতে হবে।

সম্মেলনে সভাপতিত্ব করেন ফেডারেশনের কেন্দ্রীয় সহ-সাধারণ সম্পাদক ও চট্টগ্রাম মহানগর সভাপতি এস এম লুৎফর রহমান। সঞ্চালনা করেন মহানগর সাধারণ সম্পাদক আবু তালেব চৌধুরীসহ সংগঠনের নেতারা।

বিশেষ অতিথির বক্তব্যে জামায়াতের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মুহাম্মদ শাহজাহান বলেন, শ্রমিক-মেহনতি মানুষ ভালো থাকলেই দেশ ভালো থাকবে। শ্রমিকদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় রাষ্ট্রকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে। একই সঙ্গে আধিপত্যবাদী শক্তির প্রভাব মোকাবিলায় শ্রমিক-জনতাকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি। জুলাই সনদ ও গণভোটের রায় বাস্তবায়নের দাবিও জানান।

ফেডারেশনের কেন্দ্রীয় সভাপতি অ্যাডভোকেট আতিকুর রহমান বলেন, দেশের সব শ্রম খাতে শ্রমিক সংগঠনগুলোর গণতান্ত্রিক অধিকার নিশ্চিত করতে হবে। মূল্যস্ফীতির সঙ্গে সামঞ্জস্য রেখে তৈরি পোশাকশ্রমিকদের মজুরি পুনর্নির্ধারণের দাবি জানান তিনি। চট্টগ্রাম বন্দরের বিভিন্ন টার্মিনাল নিয়ে বিদেশি প্রতিষ্ঠানের সঙ্গে করা চুক্তির শর্ত জনসমক্ষে প্রকাশেরও দাবি জানান তিনি।

সংসদ সদস্য আলহাজ শাহজাহান চৌধুরী বলেন, শ্রমিকদের অধিকার প্রতিষ্ঠা ছাড়া সমৃদ্ধ বাংলাদেশ গড়া সম্ভব নয়। শ্রমিকবান্ধব রাষ্ট্র প্রতিষ্ঠায় সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি।

চট্টগ্রাম মহানগর জামায়াতের আমির নজরুল ইসলাম শ্রমিকদের ন্যায্য দাবিদাওয়া মেনে নেওয়া, নৈতিকতার বিকাশ এবং দক্ষতা বাড়াতে প্রশিক্ষণের ব্যবস্থা করার ওপর গুরুত্ব দেন।

সম্মেলনে আরও বক্তব্য দেন চট্টগ্রাম উত্তর জেলা জামায়াতের আমির আলাউদ্দিন সিকদার, দক্ষিণ জেলা জামায়াতের আমির আনোয়ারুল আলম চৌধুরী, মহানগর জামায়াতের সেক্রেটারি নুরুল আমিন, সাবেক কাউন্সিলর শামসুজ্জামান হেলালী, সংসদ সদস্য জহিরুল ইসলামসহ ফেডারেশনের বিভিন্ন পর্যায়ের নেতারা।

সম্মেলনে কাউন্সিলরদের অংশগ্রহণে ২০২৭-২৮ সেশনের জন্য এস এম লুৎফর রহমান পুনরায় চট্টগ্রাম মহানগর সভাপতি নির্বাচিত হন। সাধারণ সম্পাদক মনোনীত হন আবু তালেব চৌধুরী। নির্বাচন পরিচালনা করেন ফেডারেশনের কেন্দ্রীয় সভাপতি অ্যাডভোকেট আতিকুর রহমান এবং কেন্দ্রীয় সহসভাপতি হারুনুর রশিদ খান, মজিবুর রহমান ভূঁইয়া ও মুহাম্মদ ইসহাক।


Loading...
Loading...

রাজনীতি- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: