চট্টগ্রামের পটিয়ায় গ্রামীণ ব্যাংকের একটি শাখা লক্ষ্য করে পেট্রোল বোমা নিক্ষেপের ঘটনা ঘটেছে। এতে ব্যাংক ভবনের একাংশ পুড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে। এ ঘটনায় স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
শনিবার (২৮ নভেম্বর) ভোররাতে উপজেলার কাশিয়াইশ ইউনিয়নের পিঙ্গলা স্কুলসংলগ্ন গ্রামীণ ব্যাংকের পিঙ্গলা শাখায় এ ঘটনা ঘটে।
স্থানীয়দের বরাতে জানা গেছে, শুক্রবার দিবাগত রাতে প্রথম দফায় ব্যাংকটিতে পেট্রোল বোমা নিক্ষেপের চেষ্টা করা হয়। তবে নৈশপ্রহরীদের উপস্থিতির কারণে ওই চেষ্টা ব্যর্থ হয়। পরে শনিবার ভোররাতে দুর্বৃত্তরা আবারও এসে ব্যাংক শাখার সামনে পেট্রোল বোমা নিক্ষেপ করে। এতে ভবনের একাংশে আগুন ধরে যায়।
খবর পেয়ে পটিয়া থানার উপপরিদর্শক (এসআই) মো. কবিরের নেতৃত্বে পুলিশের একটি টহল দল ঘটনাস্থল পরিদর্শন করে।
কাশিয়াইশ ইউনিয়ন পরিষদের সদস্য মোহাম্মদ আলী জানান, গ্রামীণ ব্যাংকের পিঙ্গলা শাখায় পেট্রোল বোমা নিক্ষেপের ঘটনা তিনি শুনেছেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে বিষয়টি তদন্ত করেছে।
ইউনিয়ন পরিষদের নৈশপ্রহরী মো. হাশেম বলেন, শুক্রবার রাতেও ব্যাংকটিতে হামলার চেষ্টা হয়েছিল। তবে নৈশপ্রহরীদের কারণে তা সম্ভব হয়নি। পরদিন ভোররাতে দুর্বৃত্তরা আবার এসে পেট্রোল বোমা নিক্ষেপ করে।
এ বিষয়ে পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউল হক বলেন, ভোরে গ্রামীণ ব্যাংকের শাখার সামনে পেট্রোল বোমা নিক্ষেপের খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে যায়। তবে সেখানে কোনো আলামত পাওয়া যায়নি। ঘটনার একটি ভিডিও ফুটেজ সংগ্রহ করা হয়েছে। এতে একজনকে কিছু একটা ছুড়ে মারতে দেখা যাচ্ছে।
উল্লেখ্য, আগামী ২৯ ও ৩০ নভেম্বর দেশজুড়ে লকডাউন কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ। ওই কর্মসূচিকে কেন্দ্র করে আতঙ্ক সৃষ্টির উদ্দেশ্যে এ ঘটনা ঘটেছে কি না, তা খতিয়ে দেখছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা।