চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) দুই পক্ষের শিক্ষার্থীদের মধ্যে রাতভর সংঘর্ষ ও মারামারির ঘটনা ঘটেছে। এ সময় সংঘর্ষের ভিডিও ধারণ করতে গিয়ে মারধরের শিকার হয়েছেন চুয়েট সাংবাদিক সমিতির সদস্য ও দৈনিক আমাদের সময়ের বিশ্ববিদ্যালয় প্রতিনিধি মোহাম্মদ মিসবাহ উদ্দিন।
শুক্রবার (২৭ নভেম্বর) রাত ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে এ ঘটনার সূত্রপাত হয়। পরে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনেও কয়েক দফায় মারামারির ঘটনা ঘটে।
সংশ্লিষ্ট শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে জানা গেছে, ২০২৪-২৫ শিক্ষাবর্ষের কয়েকজন শিক্ষার্থীর মধ্যে পূর্ববিরোধের জেরে সংঘর্ষের সূত্রপাত। সপ্তাহখানেক আগে নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগের শিক্ষার্থী ভৈরব বর্মণের সঙ্গে জুনিয়রদের দেখা করা নিয়ে একই শিক্ষাবর্ষের কয়েকজন শিক্ষার্থীর বিরোধ তৈরি হয়। এ ঘটনায় ক্ষমা চাওয়াকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে উত্তেজনা বাড়ে।
পরে বিরোধ মীমাংসার জন্য রাত ১২টার দিকে শহীদ মিনার প্রাঙ্গণে আলোচনায় বসেন তাঁরা। একপর্যায়ে কথা-কাটাকাটির জেরে সংঘর্ষ শুরু হয়। এতে দুই পক্ষের কয়েকজন শিক্ষার্থী জড়িয়ে পড়েন।
শিক্ষার্থী ভৈরব বর্মণ বলেন, পাঁচজনের সঙ্গে তাঁর বিরোধ তৈরি হয়েছিল। প্রথমে তাঁরা সবাই মিলে ব্যাচের আলোচনায় বসেন। আলোচনা ভালোভাবেই চলছিল। একপর্যায়ে অপর পক্ষের শিক্ষার্থীরা পরিস্থিতি উত্তপ্ত করে তাঁর বন্ধুদের মারধর করেন। পরে অন্য শিক্ষার্থীরাও এতে জড়িয়ে পড়েন। এভাবেই মারামারি শুরু হয়।
এ ঘটনায় রাকিন ও আব্দুল্লাহর মুঠোফোনে একাধিকবার কল করা হলেও তাঁদের সাড়া পাওয়া যায়নি।
চুয়েট চিকিৎসাকেন্দ্র সূত্রে জানা গেছে, সংঘর্ষে পাঁচ শিক্ষার্থী আহত হয়েছেন। তাঁদের মধ্যে তিনজন চিকিৎসাকেন্দ্রে চিকিৎসা নিয়েছেন। বাকি দুজন সেখানে না গিয়ে অ্যাম্বুলেন্সে করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে যান।
এদিকে, সংঘর্ষের ভিডিও ধারণের সময় সাংবাদিক মোহাম্মদ মিসবাহ উদ্দিনের ওপর চড়াও হন কয়েকজন শিক্ষার্থী। প্রত্যক্ষদর্শীদের ভাষ্য, সংঘর্ষ থামাতে এসে ২০২১-২২ শিক্ষাবর্ষের কয়েকজন শিক্ষার্থীও মারামারিতে জড়িয়ে পড়েন। এ সময় তাঁরা সাংবাদিকের কাছে ভিডিও ধারণের কারণ জানতে চান। একপর্যায়ে তাঁকে মারধর করা হয়।