সিরাজগঞ্জের বেলকুচিতে সরকারি হাঁস প্রজনন কেন্দ্র থেকে অবৈধভাবে হাঁস সরিয়ে নেওয়ার অভিযোগে দুই কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করেছে প্রাণিসম্পদ অধিদপ্তর। দৈনিক ভোরের ডাক, যমুনা টেলিভিশনসহ বিভিন্ন গণমাধ্যমে এ নিয়ে সংবাদ প্রকাশের পর শনিবার (২৮ নভেম্বর) তাঁদের বিরুদ্ধে এ ব্যবস্থা নেওয়া হয়। এদিন অধিদপ্তর থেকে এ-সংক্রান্ত অফিস আদেশ জারি করা হয়েছে।
সাময়িক বরখাস্ত হওয়া দুই কর্মকর্তা হলেন বেলকুচির হ্যাচারিসহ আঞ্চলিক হাঁস প্রজনন খামারের সিনিয়র সহকারী পরিচালক মোছা. সায়লা শারমীন এবং পোল্ট্রি ডেভেলপমেন্ট অফিসার মোছা. শাকিলা পারভীন।
প্রাণিসম্পদ অধিদপ্তরের ভারপ্রাপ্ত মহাপরিচালক মো. শাহজামান খান স্বাক্ষরিত ২৮ নভেম্বর ২০২৬ তারিখের অফিস আদেশে বলা হয়েছে, ওই দুই কর্মকর্তার বিরুদ্ধে অসদাচরণের অভিযোগে সরকারি চাকরি আইন, ২০১৮-এর ৩৯(১) ধারা এবং সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮-এর বিধি ৩(ঘ) অনুযায়ী বিভাগীয় ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত হয়েছে। একই সঙ্গে বিধিমালার ১২(১) বিধি অনুযায়ী তাঁদের সাময়িক বরখাস্ত করা হয়েছে। বরখাস্তকালীন বিধি অনুযায়ী তাঁরা খোরপোষ ভাতা পাবেন। জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলেও উল্লেখ করা হয়েছে।
এর আগে বৃহস্পতিবার (২৬ নভেম্বর) রাতে বেলকুচি উপজেলার সদর ইউনিয়নের শাহপুর এলাকায় অবস্থিত সরকারি হাঁস প্রজনন কেন্দ্র থেকে অবৈধভাবে হাঁস সরিয়ে নেওয়ার অভিযোগ ওঠে। এ সময় হাঁসভর্তি একটি মিনি ট্রাক আটক করেন স্থানীয় বাসিন্দারা। তাঁদের অভিযোগ, খামারের ভেতর থেকে বিপুলসংখ্যক হাঁস গোপনে ট্রাকে করে বাইরে নিয়ে যাওয়া হচ্ছিল। বিষয়টি টের পেয়ে স্থানীয় লোকজন একত্র হয়ে ট্রাকটির গতিরোধ করেন।
স্থানীয় সূত্রে জানা যায়, খামারের কিছু কর্মকর্তা-কর্মচারীর যোগসাজশে দীর্ঘদিন ধরে অবৈধভাবে হাঁস ও হাঁসের ডিম বিক্রির অভিযোগ রয়েছে। এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার রাতে একটি মিনি ট্রাকে হাঁস নিয়ে যাওয়ার সময় স্থানীয়দের সন্দেহ হয়। পরে তাঁরা ট্রাকটি আটক করে চালকের কাছে হাঁস পরিবহনের বৈধ চালান দেখতে চান। তবে চালক কোনো বৈধ চালান দেখাতে পারেননি বলে দাবি স্থানীয়দের।
এ বিষয়ে স্থানীয় ওয়ার্ড বিএনপির সভাপতি বাবুল হোসেন বলেন, খামারের কর্মকর্তা-কর্মচারীদের যোগসাজশে দীর্ঘদিন ধরে রাতের আঁধারে ট্রাকে করে অবৈধভাবে হাঁস ও ডিম বিক্রি করা হচ্ছে। বৃহস্পতিবার রাতেও ট্রাকভর্তি হাঁস নিয়ে যাওয়ার সময় স্থানীয়দের সন্দেহ হলে তাঁরা গাড়িটি আটক করেন। চালকের কাছে বৈধ চালান চাওয়া হলেও তিনি তা দেখাতে পারেননি। পরে বিষয়টি স্থানীয় সাংবাদিকদের জানানো হয়।
ঘটনার পর শুক্রবার (২৭ নভেম্বর) সকালে হাঁস প্রজনন কেন্দ্রের সিনিয়র সহকারী পরিচালক সায়লা শারমীন ঘটনার সত্যতা স্বীকার করেন। প্রথমে বিষয়টি অস্বীকার করলেও পরে নিজের ভুল স্বীকার করে তিনি বলেন, “চালান ছাড়া রাতে হাঁস বিক্রি করা আমার আইনবহির্ভূত কাজ হয়েছে।”
অন্যদিকে, প্রাণিসম্পদ অধিদপ্তরের পরিচালক (উৎপাদন) ডা. মাহফুজার রহমান জানিয়েছিলেন, অভিযোগের বিষয়টি খতিয়ে দেখে দায়ীদের বিরুদ্ধে প্রয়োজনীয় বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে।
এদিকে, সরকারি হাঁস প্রজনন কেন্দ্র থেকে হাঁস সরিয়ে নেওয়ার অভিযোগ নিয়ে দৈনিক ভোরের ডাক, যমুনা টেলিভিশনসহ বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয়। এর পরিপ্রেক্ষিতে প্রাণিসম্পদ অধিদপ্তর দুই কর্মকর্তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত নেয় এবং ২৮ নভেম্বর তাঁদের সাময়িক বরখাস্তের আদেশ জারি করে।
স্থানীয় সচেতন মহলের দাবি, শুধু দুই কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করলেই হবে না; সরকারি খামার থেকে কী পরিমাণ হাঁস ও ডিম অবৈধভাবে বিক্রি করা হয়েছে, এর সঙ্গে আর কারা জড়িত এবং সরকারি সম্পদের কী পরিমাণ ক্ষতি হয়েছে, তা নিরপেক্ষ তদন্তের মাধ্যমে বের করতে হবে। একই সঙ্গে সরকারি সম্পদ রক্ষায় খামারের সার্বিক কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করার দাবি জানিয়েছেন তাঁরা।
তবে সাময়িক বরখাস্ত হওয়া দুই কর্মকর্তার বিরুদ্ধে আনা অভিযোগের চূড়ান্ত সত্যতা বিভাগীয় তদন্তের মাধ্যমেই নির্ধারিত হবে। তদন্তে প্রকৃত ঘটনা ও দায়ীদের বিষয়ে বিস্তারিত তথ্য বেরিয়ে আসবে বলে আশা করছেন স্থানীয়রা।