পেরুর প্রত্যন্ত অঞ্চলে সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে আট সেনাসদস্য নিহত হয়েছেন। দুর্ঘটনায় হেলিকপ্টারের পাইলট গুরুতর আহত হলেও বেঁচে গেছেন। তাঁকে উন্নত চিকিৎসার জন্য রাজধানী লিমায় নেওয়া হয়েছে। তবে কী কারণে হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়েছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।
কর্তৃপক্ষের বরাত দিয়ে বিবিসি জানিয়েছে, দেশটির মাদক উৎপাদন ও পাচারের জন্য পরিচিত আপুরিমাক, এনে ও মানতারো নদীর উপত্যকা (ভিআরএইএম) এলাকায় এ দুর্ঘটনা ঘটে। সানাবাম্বা শহরের কাছে সেনাদের একটি টহল দলকে সরিয়ে নেওয়ার অভিযানে অংশ নিয়েছিল হেলিকপ্টারটি।
পেরুর প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, অনুসন্ধান ও উদ্ধার অভিযান চালিয়ে বিধ্বস্ত হেলিকপ্টার এবং এর নয় আরোহীর সন্ধান পাওয়া যায়। তাঁদের মধ্যে আটজন সামরিক সদস্য নিহত হয়েছেন। দুর্ঘটনায় একমাত্র জীবিত ব্যক্তি পাইলট এনজো এসপিনোজা রোকে। গুরুতর আহত অবস্থায় তাঁকে লিমায় নেওয়া হয়েছে।
মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, তিন সেনাসদস্যকে উদ্ধারের পর বৃহস্পতিবার রাতে হেলিকপ্টারটির সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। পরে অনুসন্ধান চালিয়ে বিধ্বস্ত অবস্থায় সেটির সন্ধান মেলে। তবে সেনাসদস্যদের উদ্ধারের প্রয়োজনীয়তা তৈরি হয়েছিল কেন, সে বিষয়ে বিস্তারিত জানায়নি কর্তৃপক্ষ।
এ ঘটনায় শোক প্রকাশ করেছে পেরুর সশস্ত্র বাহিনীর যৌথ কমান্ড। এক শোকবার্তায় নিহত সেনাসদস্যদের পরিবারের সদস্য, বন্ধু ও সহকর্মীদের প্রতি গভীর সমবেদনা জানানো হয়।
পেরুর ভিআরএইএম অঞ্চলটি দেশটির সবচেয়ে বড় কোকা চাষের এলাকা হিসেবে পরিচিত। মাদক উৎপাদন ও পাচারের পাশাপাশি সেখানে বিভিন্ন অপরাধী চক্র এবং একসময় সক্রিয় বামপন্থী বিদ্রোহী সংগঠন শাইনিং পাথের অবশিষ্ট সদস্যদের তৎপরতা রয়েছে। এ কারণে অঞ্চলটিতে প্রায়ই সামরিক অভিযান চালায় দেশটির নিরাপত্তা বাহিনী।
এর আগে গত ফেব্রুয়ারিতে দক্ষিণ পেরুতে একটি এমআই-১৭ সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে ১৫ আরোহীর সবাই নিহত হন। জাতিসংঘের তথ্য অনুযায়ী, কোকা পাতা ও কোকেন উৎপাদনে কলম্বিয়ার পাশাপাশি পেরুও বিশ্বের অন্যতম শীর্ষ দেশ।