গাজা উপত্যকায় ইসরায়েলের হামলায় চলতি নভেম্বর মাসের শুরু থেকে অন্তত ১৬ স্কুলশিক্ষার্থী নিহত হয়েছে। একের পর এক বোমাবর্ষণে প্রাণহানির পাশাপাশি খাদ্য, বিশুদ্ধ পানি ও নিরাপদ আশ্রয়ের সংকটে পড়েছে হাজারো শিশু ও তরুণ। যুদ্ধের কারণে বিপর্যস্ত হয়ে পড়েছে উপত্যকার শিক্ষাব্যবস্থাও।
বুধবার গাজার শিক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, ২৪ ঘণ্টারও কম সময়ের মধ্যে তৃতীয়বারের মতো ফিলিস্তিনি শিক্ষার্থীদের ওপর হামলা চালানো হয়েছে। তাদের ভাষ্য, শিশুদের ওপর ইসরায়েলের অব্যাহত হামলা ও বিভিন্ন লঙ্ঘনেরই প্রতিফলন এসব ঘটনা।
মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, নভেম্বরের শুরু থেকে এ পর্যন্ত নিহত স্কুলশিক্ষার্থীর সংখ্যা ১৬ জনে পৌঁছেছে। বুধবার ভোরে গাজা শহরের পশ্চিমাঞ্চলে একটি আবাসিক ভবনে ইসরায়েলি বিমান হামলায় দুই বোন নিহত হওয়ার পর এ বিবৃতি দেওয়া হয়। নিহত দুই বোনের নাম ইউসরা (১৫) ও জানা মোহাম্মদ আবু আল-উফ (১৩)।
ইউসরা পড়ত ‘কাফর কাসিম’ স্কুলে। তার ছোট বোন জানা ছিল ‘আল-মানার’ নামের একটি বেসরকারি স্কুলের শিক্ষার্থী। শিক্ষা মন্ত্রণালয় জানায়, ওই হামলায় তাদের বাবা মোহাম্মদ মাজেদ আবু আল-উফ ও মা নুরা ইজ্জাত আবু আল-উফও নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও কয়েকজন ফিলিস্তিনি। নিহত মোহাম্মদ মাজেদ আবু আল-উফ গাজার উত্তরাঞ্চলে হামাসের অভ্যন্তরীণ নিরাপত্তা বিভাগের পরিচালক ছিলেন।
এর আগে চলতি বছরের শুরুর দিকে জাতিসংঘের একটি স্বাধীন তদন্তে বলা হয়, গাজায় ফিলিস্তিনি শিশুদের পরিকল্পিতভাবে লক্ষ্যবস্তু করা হচ্ছে। তদন্তে এ ধরনের কর্মকাণ্ডকে ইসরায়েলের গণহত্যার ধারাবাহিকতার অংশ হিসেবে উল্লেখ করা হয়।
গত নভেম্বর খান ইউনিসের আল-মাওয়াসি এলাকার ‘বির ১৯’ অঞ্চলে ইসরায়েলি বাহিনীর গুলিতে আহত হয় ১৫ বছর বয়সী মোহাম্মদ নিদাল বারবাখ। পরে গুরুতর আঘাতের কারণে তার মৃত্যু হয়। সে মোহাম্মদ মাসকাট স্কুলের দশম শ্রেণির শিক্ষার্থী ছিল। বড় হয়ে পেশাদার ফুটবলার হওয়ার স্বপ্ন দেখত সে।
মোহাম্মদের বাবা ড. নিদাল মোহাম্মদ বারবাখ জানান, ঘটনার দিন দুপুরের খাবার খেয়ে বেলা দেড়টার দিকে প্রশিক্ষণের জন্য একটি স্পোর্টস একাডেমিতে যায় তাঁর ছেলে। এ সময় একটি ইসরায়েলি ট্যাংক এগিয়ে এসে কাছের একটি পাহাড়ে অবস্থান নেয়। পরে খেলার মাঠ লক্ষ্য করে দুই দফা গুলি ছোড়া হয়। একটি গুলি ধাতব বস্তুতে আঘাত লেগে দিক পরিবর্তন করে মোহাম্মদের পিঠে বিদ্ধ হয় এবং ঘাড় দিয়ে বেরিয়ে যায়।
ছেলের স্মৃতিচারণ করে তিনি বলেন, ‘মোহাম্মদ অত্যন্ত মেধাবী ও ভালো ছাত্র ছিল। মাত্র ১৫ বছর বয়সে আল-মাওয়াসির একটি খেলার মাঠে তাকে হত্যা করা হলো। অথচ এলাকাটিকে নিরাপদ মনে করে মানুষকে সেখানে আশ্রয় নিতে বলা হয়েছিল। এই ঘটনার দায় থেকে আমি কোনোভাবেই ইসরায়েলি সেনাবাহিনীকে মুক্তি দিতে পারি না।’
তিনি আরও বলেন, ‘এ ধরনের ঘটনা আমাদের সব আশা-আকাঙ্ক্ষা ধ্বংস করে দেয়। আমাদের সন্তানদের স্বপ্ন পূরণ হওয়ার আগেই সেগুলো মাটিতে চাপা পড়ে যায়।’
গত ১৩ নভেম্বর মধ্য গাজার দেইর আল-বালাহ এলাকায় ইসরায়েলি গোলার আঘাতে নিহত হন তিনজন। তাঁদের মধ্যে ছিলেন এক বাবা, তাঁর ১২ বছর বয়সী ছেলে আহমেদ আবু দাহের এবং এক নারী।
আহমেদের মা ওয়ালা আবু দাহের জানান, তাঁর ছেলে দাদা সালেহর মতো আরবি ভাষার শিক্ষক হওয়ার স্বপ্ন দেখত। ঘটনার দিন তাঁর স্বামী দেইর আল-বালাহর পূর্বাঞ্চলের আল-কাস্তাল এলাকায় একটি শোকসভায় যাচ্ছিলেন। আহমেদও বাবার সঙ্গে যাওয়ার অনুমতি চায়। সেখানে পৌঁছানোর পর তাঁরা ইসরায়েলি কামানের গোলার হামলার শিকার হন।
ওয়ালা জানান, আহমেদ উপস্থিত লোকজনের কাছে সাহায্য চাইতে ছুটে যায়। পরে বাবার কাছে ফিরে আসার সময় দ্বিতীয় গোলাটি আঘাত হানে। গোলার স্প্লিন্টার তার পা, পেট ও মাথায় বিদ্ধ হয়। স্বামী ও সন্তানকে হারানোর কষ্ট ভাষায় প্রকাশ করা সম্ভব নয় বলে জানান তিনি।
গাজায় ইসরায়েলের যুদ্ধে হাজার হাজার স্কুলশিক্ষার্থীর পাশাপাশি শত শত শিক্ষক ও শিক্ষা কর্মকর্তা নিহত হয়েছেন। কয়েক হাজার শিশু নিয়মিত শিক্ষার সুযোগ থেকেও বঞ্চিত হয়েছে।
স্বাস্থ্য কর্মকর্তাদের তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার গাজাজুড়ে ইসরায়েলি হামলায় অন্তত ৯ ফিলিস্তিনি নিহত হয়েছেন। তাঁদের মধ্যে গাজার শিক্ষা মন্ত্রণালয়ের উপসচিব খালেদ আবু নাদা ও তাঁর স্ত্রীও রয়েছেন। যুদ্ধবিরতি ঘোষণা করা হলেও উপত্যকায় হামলা অব্যাহত ছিল।
এর কয়েক দিন আগে গাজার শিক্ষা মন্ত্রণালয় জানিয়েছিল, শিক্ষার্থী, বেসামরিক নেতা ও শিক্ষকদের ওপর হামলা ফিলিস্তিনের শিক্ষাব্যবস্থা ধ্বংসের সুপরিকল্পিত প্রচেষ্টার অংশ।
জাতিসংঘের শিশু বিষয়ক সংস্থা ইউনিসেফের তথ্য অনুযায়ী, গাজার ৯৮ শতাংশ স্কুল ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। এর মধ্যে ৯৩ শতাংশের বেশি ভবন বড় ধরনের সংস্কার অথবা সম্পূর্ণ পুনর্নির্মাণের প্রয়োজন। প্রায় ৮১ শতাংশ স্কুল ভবন সরাসরি হামলার শিকার হয়েছে।
এদিকে গাজার তরুণ ফিলিস্তিনিরা এবার চতুর্থ শীতকাল কাটাতে যাচ্ছে ঘনবসতিপূর্ণ তাঁবু ও অস্থায়ী আশ্রয়কেন্দ্রে। চলমান মানবিক ও জনস্বাস্থ্য সংকটের কারণে খাদ্য, পানি ও চিকিৎসাসহ মৌলিক সেবা পাওয়ার সুযোগ সীমিত হয়ে পড়েছে। শিশু ও তরুণদের মধ্যে মেনিনজাইটিসে আক্রান্ত হওয়ার ঝুঁকিও বেড়েছে।
গত অক্টোবর এ রোগের সংক্রমণ হঠাৎ বেড়ে যায়। নতুন করে ২৭০ জনের বেশি আক্রান্ত হওয়ার খবর পাওয়ার পর মঙ্গলবার গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় মহামারি সতর্কতা জারি করেছে।
স্বাস্থ্য সংস্থাগুলোর মতে, অবকাঠামো ধ্বংস, আশ্রয়কেন্দ্রগুলোতে অতিরিক্ত মানুষের বসবাস এবং পয়োনিষ্কাশন ব্যবস্থার বর্জ্যে পানীয় জল দূষিত হওয়ার কারণে মেনিনজাইটিসের সংক্রমণ বাড়ছে। এর সঙ্গে শীতকালীন বন্যা ও মানবিক সহায়তা প্রবেশে বিধিনিষেধ পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে।
গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের হিসাবে, গত তিন বছরে ইসরায়েলের যুদ্ধে অন্তত ৭৪ হাজার ৭৪৬ ফিলিস্তিনি নিহত হয়েছেন। তাঁদের মধ্যে ২০ হাজারের বেশি শিশু।
অন্যদিকে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) জানিয়েছে, আহমেদ ও মোহাম্মদের মৃত্যুর সঙ্গে সংশ্লিষ্ট ঘটনা নিয়ে মন্তব্য করার মতো পর্যাপ্ত তথ্য তাদের কাছে নেই। তবে আহমেদ নিহত হওয়ার দিন একটি সামরিক অভিযান চালানোর কথা স্বীকার করেছে তারা। আইডিএফের দাবি, ওই অভিযানে ১০ জন ‘সন্ত্রাসী’ নিহত হয় এবং অভিযান শুরুর আগে বেসামরিক মানুষের প্রাণহানি কমাতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হয়েছিল।
সূত্র: দ্য গার্ডিয়ান