দূরপাল্লার হামলার সক্ষমতা আরও বাড়াতে নতুন প্রজন্মের ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র তৈরিতে কাজ করছে ইরান। বিদ্যমান কয়েকটি ক্ষেপণাস্ত্রের প্রযুক্তি একত্র করে তৈরি করা হচ্ছে এসব অস্ত্র। সামরিক বিশ্লেষকদের ধারণা, নতুন প্রযুক্তির ক্ষেপণাস্ত্রগুলো আরও নিখুঁতভাবে লক্ষ্যবস্তুতে আঘাত হানতে পারবে। একই সঙ্গে প্রতিপক্ষের আকাশ প্রতিরক্ষাব্যবস্থার জন্য এগুলো প্রতিহত করা কঠিন হয়ে উঠতে পারে।
যুক্তরাষ্ট্রভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান ইনস্টিটিউট ফর দ্য স্টাডি অব ওয়ার (আইএসডব্লিউ) এবং আমেরিকান এন্টারপ্রাইজ ইনস্টিটিউটের (এইআই) অধীন ক্রিটিক্যাল থ্রেটস প্রজেক্টের এক বিশ্লেষণে এসব তথ্য উঠে এসেছে।
বিশ্লেষণে বলা হয়েছে, বিদ্যমান ক্ষেপণাস্ত্রের প্রযুক্তি সমন্বয় করে নতুন অস্ত্রের সংস্করণ তৈরি করছে ইরান। এতে উন্নত চালনা ব্যবস্থা বা প্রপালশনের পাশাপাশি লক্ষ্যবস্তুর কাছাকাছি গিয়ে দিক পরিবর্তন করতে সক্ষম ওয়ারহেড যুক্ত করা হচ্ছে। এর ফলে আঘাতের নির্ভুলতা বাড়ার পাশাপাশি শত্রুপক্ষের প্রতিরক্ষা এড়িয়ে যাওয়ার সম্ভাবনাও তৈরি হবে।
বিশ্লেষকদের দাবি, ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) সম্প্রতি ভূগর্ভস্থ ক্ষেপণাস্ত্র স্থাপনার কিছু ভিডিও প্রকাশ করেছে। সেসব ভিডিও ও অন্যান্য তথ্য বিশ্লেষণ করে ধারণা করা হচ্ছে, পুরোনো প্রযুক্তি কাজে লাগিয়েই নতুন ক্ষেপণাস্ত্রের সংস্করণ তৈরি করছে তেহরান।
আইএসডব্লিউর বিশ্লেষণ অনুযায়ী, ইরান হাজ কাসেম মাঝারি পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের চালনা প্রযুক্তির সঙ্গে খাইবার শেকান, খাইবার শেকান-২ ও ফাত্তাহ-১ ক্ষেপণাস্ত্রের ওয়ারহেড প্রযুক্তি সমন্বয় করে নতুন সংস্করণ তৈরির উদ্যোগ নিয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, হাজ কাসেমের শক্তিশালী প্রপালশন ব্যবস্থা লক্ষ্যবস্তুর কাছাকাছি পৌঁছানোর সময় ক্ষেপণাস্ত্রের গতি বাড়াতে পারে। এতে প্রতিপক্ষের আকাশ প্রতিরক্ষাব্যবস্থার প্রতিক্রিয়া জানানোর সময় কমে আসবে। একই সঙ্গে লক্ষ্যবস্তুতে আঘাতের তীব্রতাও বাড়তে পারে।
বিশ্লেষকদের মতে, নতুন ক্ষেপণাস্ত্র তৈরিতে ইরানের বিদ্যমান শিল্প ও সরবরাহব্যবস্থায় বড় ধরনের পরিবর্তনের প্রয়োজন নাও হতে পারে। তবে এ ধরনের অস্ত্র ব্যাপক হারে উৎপাদনের সক্ষমতা দেশটির রয়েছে কি না, তা এখনো নিশ্চিত নয়।
এর আগে চলতি মাসের শুরুতে বিবিসির এক প্রতিবেদনে ইরানের সামরিক স্থাপনাগুলোতে নতুন নির্মাণকাজের তথ্য প্রকাশ করা হয়। প্রতিবেদনে বলা হয়, সম্ভাব্য ভবিষ্যৎ হামলা থেকে অবকাঠামো সুরক্ষিত রাখতে কিছু সামরিক স্থাপনা ভূগর্ভে সরিয়ে নেওয়া হচ্ছে। পাশাপাশি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় ক্ষতিগ্রস্ত ঘাঁটিগুলো মেরামতের কাজও চলছে। শাহরুদ এলাকার একটি স্থাপনায় খননকাজকে ক্ষেপণাস্ত্র উৎপাদনের প্রস্তুতি হিসেবে দেখছেন যুক্তরাষ্ট্রের একজন গোয়েন্দা বিশ্লেষক।
অন্যদিকে, গত সেপ্টেম্বরে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ দাবি করেছিলেন, ইরানের নৌবাহিনী, বিমানবাহিনী, আকাশ প্রতিরক্ষাব্যবস্থা ও সামরিক উৎপাদন সক্ষমতা ধ্বংস করা হয়েছে। এর আগে ফেব্রুয়ারির শেষ দিকে শুরু হওয়া মার্কিন হামলার পর প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও ইরানের সামরিক সক্ষমতা পুরোপুরি ধ্বংসের দাবি করেছিলেন।
তবে পরবর্তী সময়ে ইরানের কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ কেশম দ্বীপে যুক্তরাষ্ট্রের হামলা নতুন করে উত্তেজনা বাড়ায়। এর আগে কুয়েতের একটি সামরিক ঘাঁটিতে ইরানের ড্রোন হামলার ঘটনাও ঘটে। ওই ঘাঁটিতে মার্কিন সেনারা অবস্থান করছেন।
নভেম্বরের মাঝামাঝি ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই হুঁশিয়ারি দিয়ে বলেন, যুক্তরাষ্ট্রের আগ্রাসন মোকাবিলায় তেহরান তাদের হাতে থাকা সব ধরনের উপায় ব্যবহার করবে। এদিকে, প্রায় নয় মাস ধরে চলা সংঘাত বন্ধে শান্তি আলোচনা এখনো অচলাবস্থায় রয়েছে।
তথ্যসূত্র: দ্য ইন্ডিপেনডেন্ট, আইএসডব্লিউ ও ক্রিটিক্যাল থ্রেটস প্রজেক্ট।