ইরানের শীর্ষ নেতাদের ফের নিশানা করতে চায় যুক্তরাষ্ট্র

আন্তর্জাতিক

ইরানের সঙ্গে চলমান সংঘাতের অবসান ঘটাতে দেশটির শীর্ষ নেতাদের আবারও হত্যার লক্ষ্যবস্তু করা হবে কি না, তা নিয়ে মার্কিন প্রেসিডেন্ট

2026-11-26T13:29:58+00:00
2026-11-26T13:29:58+00:00
  শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬,
১৩ অগ্রহায়ণ ১৪৩৩
 
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬
আন্তর্জাতিক
ইরানের শীর্ষ নেতাদের ফের নিশানা করতে চায় যুক্তরাষ্ট্র
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬, ১:২৯ পিএম 
ইরানের শীর্ষ নেতাদের ফের নিশানা করতে চায় যুক্তরাষ্ট্র
ইরানের সঙ্গে চলমান সংঘাতের অবসান ঘটাতে দেশটির শীর্ষ নেতাদের আবারও হত্যার লক্ষ্যবস্তু করা হবে কি না, তা নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনের ভেতরে বিতর্ক চলছে। এ পদক্ষেপ যুদ্ধের অবসান ঘটাবে, নাকি সংঘাত আরও দীর্ঘায়িত করবে—তা নিয়ে ওয়াশিংটনের কর্মকর্তারা বিভক্ত। মার্কিন সংবাদমাধ্যম এনবিসি নিউজের এক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

প্রতিবেদনে বলা হয়েছে, ট্রাম্প প্রশাসনের একটি অংশ ইরানের শীর্ষ নেতৃত্বের ওপর নতুন করে হামলার পক্ষে। তাদের ধারণা, এমন অভিযানে ইরানের নেতৃত্ব থেকে কট্টরপন্থীদের সরিয়ে দেওয়া সম্ভব হবে। একই সঙ্গে ভবিষ্যৎ নেতাদের কাছে বার্তা যাবে, যুক্তরাষ্ট্র চাইলে যেকোনো সময় তাঁদের খুঁজে বের করে হত্যা করতে পারে।

তবে এ পরিকল্পনার বিরোধীরা মনে করছেন, এতে যুদ্ধ শেষ হওয়ার বদলে আরও দীর্ঘ হতে পারে। নাম প্রকাশে অনিচ্ছুক এক মার্কিন কর্মকর্তা ও বিষয়টি সম্পর্কে অবগত আরেকটি সূত্র এনবিসি নিউজকে জানিয়েছে, নতুন করে নেতৃত্বকে লক্ষ্যবস্তু করা হলে তেহরানের ক্ষমতাসীনরা আরও কঠোর অবস্থান নিতে পারেন। এতে শান্তি আলোচনায় যুক্তরাষ্ট্রের বিশ্বাসযোগ্যতাও ক্ষতিগ্রস্ত হবে। এ ছাড়া ইরানের পাল্টা হামলায় যুক্তরাষ্ট্রের শীর্ষ কর্মকর্তাদের নিরাপত্তা ঝুঁকিতে পড়তে পারে বলে সামরিক বাহিনীর সতর্কবার্তার কথাও উল্লেখ করেছেন বিরোধীরা।

এর আগে গত ২৮ ফেব্রুয়ারি ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলার প্রথম দিনেই বিমান হামলায় দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি এবং তাঁর কয়েকজন ঘনিষ্ঠ সহযোগী নিহত হন। সংঘাতের প্রথম কয়েক সপ্তাহে ইরানের শীর্ষ নেতৃত্বকে লক্ষ্য করে আরও হামলা চালানো হয়। এসব হামলায় খামেনির ঘনিষ্ঠ সহযোগী আলী লারিজানিসহ কয়েক ডজন শীর্ষ কর্মকর্তা, সামরিক কমান্ডার ও বিজ্ঞানী নিহত হন।

তবে এসব হামলার পরও ইরানের ক্ষমতার কাঠামো ভেঙে পড়েনি। আলী খামেনির স্থলাভিষিক্ত হয়ে তাঁর ছেলে মোজতবা খামেনি নতুন সর্বোচ্চ নেতা হিসেবে দায়িত্ব নেন। এনবিসির প্রতিবেদনে বলা হয়েছে, নেতৃত্বে বড় ধরনের ক্ষয়ক্ষতির পরও দেশটির শাসনব্যবস্থা টিকে রয়েছে।

চলতি নভেম্বরের শুরুতে মার্কিন সংবাদমাধ্যমগুলোতে খবর প্রকাশিত হয়, ইরানের বিরুদ্ধে অর্থনৈতিক চাপ প্রয়োগের অভিযানে নেতৃত্ব দেওয়া মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট কথিত হত্যার হুমকি পাওয়ার পর একটি সামরিক ঘাঁটিতে আশ্রয় নিয়েছেন। এর আগে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও ও প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথও নিরাপত্তার কারণে সামরিক আবাসনে উঠেছেন বলে খবর প্রকাশিত হয়।

ইরানের নেতৃত্বকে লক্ষ্য করে সম্ভাব্য নতুন হামলা নিয়ে জানতে চাইলে হোয়াইট হাউসের এক কর্মকর্তা এনবিসি নিউজকে বলেন, প্রেসিডেন্ট ট্রাম্পের হাতে অনেক বিকল্প রয়েছে। ইরান যাতে কখনো পারমাণবিক অস্ত্রের অধিকারী হতে না পারে, তা নিশ্চিত করতে তিনি সর্বোত্তম সিদ্ধান্ত নেবেন। ওই কর্মকর্তা আরও বলেন, বর্তমানে ইরানি বন্দরগুলোতে নৌ-অবরোধ বজায় রাখা এবং দেশটির স্থলপথে সরবরাহের সুযোগ সংকুচিত করার দিকেই ওয়াশিংটনের মনোযোগ বেশি।

এদিকে, ইসরায়েলি সম্প্রচারমাধ্যম কান গত রোববার এক অজ্ঞাত সূত্রের বরাতে জানিয়েছে, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু যত দ্রুত সম্ভব ইরানের বিরুদ্ধে নতুন করে হামলা শুরুর জন্য ট্রাম্পকে চাপ দিচ্ছেন। তবে মার্কিন প্রেসিডেন্ট আরেকটি সামরিক অভিযান শুরু করতে অনাগ্রহী বলে জানা গেছে। এ বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত নেননি তিনি।

গত কয়েক মাসে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে বড় ধরনের সরাসরি সংঘাত না হলেও কূটনৈতিক তৎপরতাও কার্যত স্থবির হয়ে আছে। দুই পক্ষই একে অপরের দেওয়া শর্ত প্রত্যাখ্যান করছে।

মঙ্গলবার ইসরায়েলে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত মাইক হাকাবি বলেন, ট্রাম্প আলোচনার মাধ্যমে সমঝোতায় পৌঁছাতে চান। তবে আলোচনা ব্যর্থ হলে সামরিক পদক্ষেপ নিতে তিনি দ্বিধা করবেন না। হাকাবির ভাষ্য, গত দেড় বছরে দুবার সামরিক পদক্ষেপ নেওয়ার মধ্য দিয়ে ট্রাম্প নিজের অবস্থান স্পষ্ট করেছেন এবং প্রয়োজনে আবারও একই পথে হাঁটতে প্রস্তুত রয়েছেন।

একই দিন ইরানের প্রধান আলোচক ও পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ জানান, ইরানের সাতটি শর্ত পূরণ না হওয়া পর্যন্ত যুক্তরাষ্ট্রের সঙ্গে শান্তি আলোচনা কিংবা হরমুজ প্রণালি খুলে দেওয়ার বিষয়ে তেহরান কোনো আলোচনা করবে না। গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, এসব শর্তের মধ্যে রয়েছে নিষেধাজ্ঞা প্রত্যাহার, মার্কিন নৌ-অবরোধ তুলে নেওয়া এবং জব্দ করা ইরানি সম্পদ অবমুক্ত করা।

গালিবাফ হুঁশিয়ারি দিয়ে বলেন, শত্রুপক্ষ কোনো ভুল করলে তেহরান সংঘাতের ভৌগোলিক পরিধি বদলে দেবে। এদিকে ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের সচিব মোহসেন রেজাই মঙ্গলবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে বলেন, নতুন করে কোনো আগ্রাসন চালানো হলে ইরান পূর্ণ শক্তিতে তার জবাব দেবে।


Loading...
Loading...

আন্তর্জাতিক- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: