জন্মসূত্রে নাগরিকত্ব সীমিতে ট্রাম্পের নতুন উদ্যোগও আটকালেন দ্বিতীয় বিচারক

নিউইয়র্ক থেকে কৌশলী ইমা

আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রে জন্মসূত্রে নাগরিকত্বের অধিকার সীমিত করতে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের সর্বশেষ উদ্যোগ আটকে দিয়েছেন আরেকজন ফেডারেল বিচারক। বুধবার দেওয়া এক

2026-11-26T12:05:20+00:00
2026-11-26T13:08:08+00:00
  শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬,
১৩ অগ্রহায়ণ ১৪৩৩
 
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬
আন্তর্জাতিক
জন্মসূত্রে নাগরিকত্ব সীমিতে ট্রাম্পের নতুন উদ্যোগও আটকালেন দ্বিতীয় বিচারক
নিউইয়র্ক থেকে কৌশলী ইমা
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬, ১২:০৫ পিএম  আপডেট: ২৬.১১.২০২৬ ১:০৮ পিএম
জন্মসূত্রে নাগরিকত্ব সীমিতে ট্রাম্পের নতুন উদ্যোগও আটকালেন দ্বিতীয় বিচারক
যুক্তরাষ্ট্রে জন্মসূত্রে নাগরিকত্বের অধিকার সীমিত করতে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের সর্বশেষ উদ্যোগ আটকে দিয়েছেন আরেকজন ফেডারেল বিচারক। বুধবার দেওয়া এক আদেশে ওয়াশিংটন ডিসির মার্কিন জেলা আদালতের বিচারক ক্রিস্টোফার আর. কুপার প্রশাসনের নতুন নির্বাহী আদেশ কার্যকরের ওপর প্রাথমিক নিষেধাজ্ঞা জারি করেন।

৬৭ পৃষ্ঠার লিখিত মতামতে বিচারক কুপার বলেন, মার্কিন সংবিধানের চতুর্দশ সংশোধনীর নাগরিকত্ব-সংক্রান্ত ধারা যুক্তরাষ্ট্রে জন্মগ্রহণকারী প্রায় সব শিশুর নাগরিকত্ব নিশ্চিত করে।

আদেশে বিচারক ট্রাম্পের গত আগস্টে জারি করা নির্বাহী আদেশ কার্যকর করা থেকে ফেডারেল কর্তৃপক্ষকে বিরত থাকার নির্দেশ দেন। ওই আদেশের লক্ষ্য ছিল জন্মসূত্রে নাগরিকত্বের পরিধি সীমিত করা এবং তথাকথিত ‘বার্থ ট্যুরিজম’ বন্ধ করা।

বার্থ ট্যুরিজম বলতে এমন প্রক্রিয়াকে বোঝায়, যেখানে কোনো ব্যক্তি মূলত সন্তানের জন্ম দেওয়ার উদ্দেশ্যে অন্য দেশে ভ্রমণ করেন, যাতে ওই দেশে জন্মগ্রহণের সুবাদে সন্তান স্বয়ংক্রিয়ভাবে নাগরিকত্ব পায়।

বিচারক কুপার জানান, তাঁর আদেশের উদ্দেশ্য শুধু নির্বাহী আদেশের বাস্তবায়ন বন্ধ রাখা নয়; বরং মামলার আওতাভুক্ত ব্যক্তিদের নাগরিকত্ব অস্বীকার করা কিংবা তাঁদের নাগরিকত্বের অধিকার ক্ষুণ্ন করতে ট্রাম্প প্রশাসন যেন অন্য কোনো পদক্ষেপ নিতে না পারে, তা নিশ্চিত করা।

সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামার মনোনীত বিচারক কুপার তাঁর পর্যবেক্ষণে লেখেন, ‘ফেডারেল সংস্থাগুলো সংবিধান ও ফেডারেল আইন মেনে চললে তা সব সময়ই জনস্বার্থ রক্ষা করে—এ কথা বলার অপেক্ষা রাখে না।’

গত সেপ্টেম্বরে আমেরিকান সিভিল লিবার্টিজ ইউনিয়ন (এসিএলইউ) এবং অভিবাসীদের অধিকার নিয়ে কাজ করা কয়েকটি সংগঠন ট্রাম্পের নতুন নির্বাহী আদেশের বিরুদ্ধে মামলা করে। মামলার শুনানি শেষে বিচারক কুপার বলেন, এর আইনগত বিষয়গুলো অত্যন্ত স্পষ্ট।

লিখিত মতামতে তিনি উল্লেখ করেন, যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্ট ইতিমধ্যে দুবার নিশ্চিত করেছেন, দেশটিতে জন্মগ্রহণকারী শিশুরা মার্কিন নাগরিক। তবে এ ক্ষেত্রে অল্পসংখ্যক ব্যতিক্রম রয়েছে, যাঁরা মার্কিন আইনের এখতিয়ারের আওতাভুক্ত নন।

এর আগে গত সেপ্টেম্বরে মেরিল্যান্ডের মার্কিন জেলা আদালতের বিচারক ডেবোরা বোর্ডম্যানও ট্রাম্প প্রশাসনের জন্মসূত্রে নাগরিকত্ব সীমিত করার উদ্যোগের ওপর প্রাথমিক নিষেধাজ্ঞা জারি করেন। অভিবাসীদের অধিকার নিয়ে কাজ করা আরও দুটি সংগঠনের করা মামলার পরিপ্রেক্ষিতে তিনি ওই আদেশ দেন।

সাবেক প্রেসিডেন্ট জো বাইডেনের মনোনীত বিচারক বোর্ডম্যান তাঁর আদেশে বলেন, ‘এই আদালতকে আবারও প্রেসিডেন্টের সর্বশেষ উদ্যোগের বাস্তবায়ন সাময়িকভাবে বন্ধ করতে হচ্ছে, যার মাধ্যমে সংশ্লিষ্ট ব্যক্তিদের নাগরিকত্বের অধিকার কেড়ে নেওয়ার চেষ্টা করা হয়েছে।’

ট্রাম্প দ্বিতীয় মেয়াদে হোয়াইট হাউসে ফিরে দায়িত্ব গ্রহণের প্রথম দিনেই জন্মসূত্রে নাগরিকত্ব সীমিত করার একটি নির্বাহী আদেশ জারি করেছিলেন। এটি ছিল তাঁর প্রশাসনের অন্যতম আলোচিত অভিবাসননীতিসংক্রান্ত পদক্ষেপ।

এরপর গত জুনে সুপ্রিম কোর্ট ৬-৩ ভোটে ট্রাম্পের আগের নির্বাহী আদেশ-সংক্রান্ত একটি মামলায় সিদ্ধান্ত দেন। তবে ওই সিদ্ধান্তের মূল বিষয় ছিল নিম্ন আদালতের দেশব্যাপী নিষেধাজ্ঞা জারির ক্ষমতা। জন্মসূত্রে নাগরিকত্ব সীমিত করার নির্বাহী আদেশের সাংবিধানিক বৈধতা সরাসরি নিষ্পত্তি করেননি আদালত।

পরপর দুই ফেডারেল বিচারকের নিষেধাজ্ঞা ট্রাম্প প্রশাসনের অভিবাসননীতি বাস্তবায়নে নতুন আইনি বাধা তৈরি করেছে। যুক্তরাষ্ট্রের সংবিধানের চতুর্দশ সংশোধনী অনুযায়ী, দেশটিতে জন্মগ্রহণকারী এবং এর আইনগত এখতিয়ারের অধীন ব্যক্তিরা জন্মসূত্রে মার্কিন নাগরিকত্বের অধিকারী।

এই সাংবিধানিক বিধানের ব্যাখ্যা এবং প্রেসিডেন্টের নির্বাহী ক্ষমতার সীমা নিয়েই ট্রাম্প প্রশাসন ও অভিবাসীদের অধিকার রক্ষায় কাজ করা সংগঠনগুলোর মধ্যে আইনি বিরোধ চলছে।

সর্বশেষ আদালতের আদেশের ফলে মামলার আওতাভুক্ত শিশুদের জন্মসূত্রে নাগরিকত্ব অস্বীকার করার ক্ষেত্রে ট্রাম্প প্রশাসনের ওপর নিষেধাজ্ঞা বহাল থাকবে—যতক্ষণ না উচ্চ আদালত বা পরবর্তী কোনো বিচারিক সিদ্ধান্তে এর পরিবর্তন আসে।


Loading...
Loading...

আন্তর্জাতিক- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: