পারমাণবিক অস্ত্রের মালিকানা কখনো আনুষ্ঠানিকভাবে স্বীকার করেনি ইসরায়েল। তবে আন্তর্জাতিক গবেষণা সংস্থাগুলোর মূল্যায়নে দেশটির অস্ত্রভাণ্ডারে প্রায় ৯০টি পারমাণবিক ওয়ারহেড থাকার তথ্য উঠে এসেছে। শুধু তা-ই নয়, মজুত প্লুটোনিয়াম দিয়ে তাত্ত্বিকভাবে আরও ১৬০ থেকে ২৫০টি পারমাণবিক বোমা তৈরির উপাদান থাকতে পারে বলে ধারণা করছেন বিশেষজ্ঞরা।
ইসরায়েলের পারমাণবিক কর্মসূচি নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে দেশটির নেগেভ মরুভূমিতে অবস্থিত ডিমোনা পারমাণবিক গবেষণা কেন্দ্রের নির্মাণ ও সম্প্রসারণ কার্যক্রমের তথ্য সামনে আসার পর। স্যাটেলাইট চিত্রে কেন্দ্রটিতে সাম্প্রতিক বছরগুলোতে বড় ধরনের নির্মাণকাজের ইঙ্গিত পাওয়া গেছে। এ নিয়ে আন্তর্জাতিক মহলে উদ্বেগ বাড়ার পাশাপাশি যুক্তরাষ্ট্রের রাজনৈতিক অঙ্গনেও স্বচ্ছতার দাবি জোরালো হচ্ছে। ইসরায়েলি সংবাদমাধ্যম দ্য জেরুজালেম পোস্ট এ বিষয়ে প্রতিবেদন প্রকাশ করেছে।
যুক্তরাষ্ট্রভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান ফেডারেশন অব আমেরিকান সায়েন্টিস্টসের (এফএএস) এক গবেষণায় ইসরায়েলের পারমাণবিক অস্ত্রভাণ্ডারে আনুমানিক ৯০টি ওয়ারহেড থাকার কথা বলা হয়েছে। দেশটির পারমাণবিক অবকাঠামোয় বিনিয়োগ অব্যাহত থাকারও ইঙ্গিত দিয়েছেন গবেষকেরা। তবে ডিমোনা কেন্দ্রে স্যাটেলাইট চিত্রে দৃশ্যমান নির্মাণকাজের প্রকৃত উদ্দেশ্য সম্পর্কে নিশ্চিত সিদ্ধান্তে পৌঁছানো সম্ভব হয়নি বলে সতর্ক করেছেন তাঁরা।
একই ধরনের হিসাব পাওয়া গেছে যুক্তরাষ্ট্রের আরেক গবেষণা প্রতিষ্ঠান বুলেটিন অব দ্য অ্যাটমিক সায়েন্টিস্টসের মূল্যায়নেও। গত ১০ নভেম্বর প্রকাশিত ওই প্রতিবেদনে ইসরায়েলের হাতে প্রায় ৯০টি পারমাণবিক ওয়ারহেড থাকার কথা উল্লেখ করা হয়েছে। পাঁচ বছর আগের হিসাবেও দেশটির অস্ত্রভাণ্ডারের আকার প্রায় একই ছিল।
প্রতিবেদনটির মূল্যায়নে আরও বলা হয়েছে, ইসরায়েল এখনো প্লুটোনিয়াম মজুত করছে। দেশটির কাছে সর্বোচ্চ এক হাজার কেজি প্লুটোনিয়াম থাকতে পারে বলে বিশেষজ্ঞদের ধারণা। তাঁদের হিসাব অনুযায়ী, এই পরিমাণ প্লুটোনিয়াম দিয়ে তাত্ত্বিকভাবে আরও ১৬০ থেকে ২৫০টি পারমাণবিক বোমা তৈরির উপাদান পাওয়া সম্ভব। তবে প্রকৃত সংখ্যা নির্ভর করবে বোমার নকশা ও প্রযুক্তিগত কাঠামোর ওপর।
বিশেষজ্ঞদের এই হিসাবের একটি ভিত্তি হলো দ্বিতীয় প্রজন্মের একপর্যায়ের ফিশন-ইমপ্লোশন ওয়ারহেড। এ ধরনের অস্ত্রে বুস্টেড পিট হিসেবে প্রতিটিতে চার থেকে পাঁচ কেজি প্লুটোনিয়াম ব্যবহার করা হলে উল্লিখিত সংখ্যার বোমা তৈরির তাত্ত্বিক সক্ষমতা থাকতে পারে।
এদিকে স্টকহোম ইন্টারন্যাশনাল পিস রিসার্চ ইনস্টিটিউটের (এসআইপিআরআই) ২০২৬ সালের মূল্যায়নেও বিশ্বের নয়টি পারমাণবিক অস্ত্রধারী দেশের তালিকায় ইসরায়েলের নাম রয়েছে।
ইসরায়েলের পারমাণবিক সক্ষমতা নিয়ে যুক্তরাষ্ট্রের আইনপ্রণেতাদের মধ্যেও প্রশ্ন উঠেছে। গত মে মাসে টেক্সাসের কংগ্রেসম্যান হোয়াকিন কাস্ত্রোর নেতৃত্বে ৩০ জন ডেমোক্র্যাট আইনপ্রণেতা মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওকে একটি চিঠি দেন। এতে মধ্যপ্রাচ্যের পারমাণবিক শক্তির ভারসাম্য সম্পর্কে স্পষ্ট ধারণা পেতে ইসরায়েলের পারমাণবিক সক্ষমতা নিয়ে আরও স্বচ্ছতা নিশ্চিত করার আহ্বান জানানো হয়। বিশেষ করে ইরানকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যুদ্ধের পর বিষয়টি আরও গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে বলে তাঁরা মনে করেন।
তবে ইসরায়েলের পারমাণবিক কর্মসূচি নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে দেশটির নীরব সমঝোতার ইতিহাস কয়েক দশকের পুরোনো। ধারণা করা হয়, ১৯৬৯ সালে তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট রিচার্ড নিক্সন ও ইসরায়েলের প্রধানমন্ত্রী গোল্ডা মেইরের মধ্যে এ বিষয়ে একটি সমঝোতা হয়েছিল।
প্রকাশিত মার্কিন নথিপত্রের বরাতে জানা যায়, ইসরায়েল প্রকাশ্যে পারমাণবিক অস্ত্রের মালিকানা স্বীকার না করার শর্তে যুক্তরাষ্ট্রও এ বিষয়ে প্রকাশ্যে চাপ সৃষ্টি করা থেকে বিরত থেকেছে।
ইসরায়েলের আনুষ্ঠানিক অবস্থান হলো, মধ্যপ্রাচ্যে পারমাণবিক অস্ত্র প্রবর্তনকারী প্রথম দেশ হবে না তারা। তবে দেশটি এখনো পারমাণবিক অস্ত্র বিস্তার রোধ চুক্তিতে (এনপিটি) স্বাক্ষর করেনি। ফলে দেশটির পারমাণবিক অস্ত্রের প্রকৃত সংখ্যা, উৎপাদন সক্ষমতা ও ভবিষ্যৎ কর্মসূচি নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে বিতর্ক অব্যাহত রয়েছে। এ বিষয়ে এখনো আনুষ্ঠানিক কোনো বক্তব্য দেয়নি ইসরায়েল সরকার।
তথ্যসূত্র: দ্য জেরুজালেম পোস্ট ও দ্য টাইমস অব ইসরায়েল।