মহাকাশে ১০ লাখ স্যাটেলাইট বসাতে স্পেসএক্সকে অনুমোদন দিল যুক্তরাষ্ট্র

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

মহাকাশে বিশাল পরিসরে ডেটা সেন্টার গড়ে তোলার পরিকল্পনায় এগিয়ে গেল ইলন মাস্কের প্রতিষ্ঠান স্পেসএক্স। পৃথিবীর কক্ষপথে ১০ লাখ স্যাটেলাইট স্থাপনের

2026-11-26T13:48:42+00:00
2026-11-26T13:48:42+00:00
  বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬,
১২ অগ্রহায়ণ ১৪৩৩
 
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬
আন্তর্জাতিক
মহাকাশে ১০ লাখ স্যাটেলাইট বসাতে স্পেসএক্সকে অনুমোদন দিল যুক্তরাষ্ট্র
আন্তর্জাতিক ডেস্ক
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬, ১:৪৮ পিএম 
মহাকাশে ১০ লাখ স্যাটেলাইট বসাতে স্পেসএক্সকে অনুমোদন দিল যুক্তরাষ্ট্র
মহাকাশে বিশাল পরিসরে ডেটা সেন্টার গড়ে তোলার পরিকল্পনায় এগিয়ে গেল ইলন মাস্কের প্রতিষ্ঠান স্পেসএক্স। পৃথিবীর কক্ষপথে ১০ লাখ স্যাটেলাইট স্থাপনের প্রস্তাব অনুমোদন করেছে যুক্তরাষ্ট্রের ফেডারেল কমিউনিকেশনস কমিশন (এফসিসি)। বুধবার দেওয়া এ অনুমোদনের মাধ্যমে মহাকাশে স্যাটেলাইটভিত্তিক তথ্য প্রক্রিয়াকরণ কেন্দ্র স্থাপনের পথ খুলল প্রতিষ্ঠানটির সামনে।

এফসিসির বিবৃতি অনুযায়ী, স্পেসএক্সের প্রস্তাবিত ‘স্টারমাইন্ড’ নামের স্যাটেলাইটগুলো কক্ষপথে থেকেই তথ্য প্রক্রিয়াকরণের কাজ করবে। সংস্থাটির ভাষ্য, এ উদ্যোগ মানবসভ্যতাকে ‘কার্দাশেভ টাইপ-২’ পর্যায়ে পৌঁছানোর সম্ভাবনা তৈরি করতে পারে। এই ধারণা অনুযায়ী, এমন সভ্যতা তার নক্ষত্রের প্রায় সম্পূর্ণ শক্তি ব্যবহার করতে সক্ষম।

এফসিসির চেয়ারম্যান ব্রেন্ডন কার বলেন, যুক্তরাষ্ট্র বিশ্বকে ‘সুপার ইন্টেলিজেন্সের’ যুগে নেতৃত্ব দিচ্ছে।

পরিকল্পনার সমর্থকদের মতে, কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির দ্রুত বিস্তারের সঙ্গে তাল মেলাতে মহাকাশে ডেটা সেন্টার স্থাপন গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে। পৃথিবীতে এসব কেন্দ্র পরিচালনায় বিপুল বিদ্যুৎ ও পানির প্রয়োজন হয়। পাশাপাশি জমি, অবকাঠামো নির্মাণ ও রক্ষণাবেক্ষণের ব্যয়ও বেশি।

এফসিসিতে জমা দেওয়া আবেদনে স্পেসএক্স দাবি করেছে, মহাকাশে স্থাপিত স্যাটেলাইটগুলো প্রায় নিরবচ্ছিন্ন সৌরশক্তি ব্যবহার করতে পারবে। এতে জ্বালানি ও পরিচালন ব্যয় কমার পাশাপাশি পৃথিবীতে ডেটা সেন্টার স্থাপনের পরিবেশগত চাপও হ্রাস পাবে।

তবে পরিকল্পনাটি নিয়ে সংশয়ও রয়েছে। সমালোচকদের মতে, মহাকাশে বড় পরিসরে ডেটা সেন্টার পরিচালনার প্রযুক্তি এখনো পরীক্ষামূলক পর্যায়ে। ফলে বাস্তবে এ ধরনের অবকাঠামো গড়ে তুলতে দীর্ঘ সময় লাগতে পারে।

যুক্তরাষ্ট্রের সরকারি সংস্থা গভর্নমেন্ট অ্যাকাউন্টেবিলিটি অফিস (জিএও) গত জুলাইয়ে প্রকাশিত এক প্রতিবেদনে বলেছে, মহাকাশভিত্তিক ডেটা সেন্টার পৃথিবীতে জমি, বিদ্যুৎ ও পানির চাহিদা কমাতে পারে। তবে এ পরিকল্পনা বাস্তবায়নে প্রকৌশলগত ও অর্থনৈতিক প্রতিবন্ধকতা রয়েছে।

প্রতিবেদনে বিশেষভাবে উল্লেখ করা হয়েছে, ডেটা সেন্টারের কম্পিউটিং যন্ত্রপাতি থেকে প্রচুর তাপ উৎপন্ন হয়। মহাকাশের পরিবেশে এসব যন্ত্র কার্যকরভাবে ঠান্ডা রাখা বড় চ্যালেঞ্জ হতে পারে। এ ছাড়া কক্ষপথে বিপুলসংখ্যক স্যাটেলাইট যুক্ত হলে সেগুলোর নিয়ন্ত্রণ জটিল হয়ে উঠবে এবং একটির সঙ্গে অন্যটির সংঘর্ষের ঝুঁকিও বাড়তে পারে।

এফসিসির অনুমোদন অনুযায়ী, ২০৩৩ সালের নভেম্বরের মধ্যে স্পেসএক্সকে স্যাটেলাইট স্থাপনের কাজ শুরু করতে হবে। ২০৩৫ সালের নভেম্বরের মধ্যে অনুমোদিত সংখ্যার অন্তত ১০ শতাংশ, অর্থাৎ এক লাখ স্যাটেলাইট কক্ষপথে পাঠাতে হবে। আর ২০৩৮ সালের নভেম্বরের মধ্যে স্থাপন করতে হবে মোট অনুমোদিত সংখ্যার ৫০ শতাংশ।

তবে শেষ পর্যন্ত স্পেসএক্স এক লাখ নয়, ১০ লাখ স্যাটেলাইটই পাঠাবে কি না, তা এখনো নিশ্চিত নয়। বর্তমানে পৃথিবীর কক্ষপথে প্রায় ১৭ হাজার স্যাটেলাইট রয়েছে। সাধারণত নকশা ও পরিকল্পনায় পরিবর্তনের সুযোগ রাখতে স্যাটেলাইট পরিচালনাকারী প্রতিষ্ঠানগুলো বাস্তবে যতগুলো উৎক্ষেপণের পরিকল্পনা করে, তার চেয়ে বেশি স্যাটেলাইটের অনুমোদন চেয়ে থাকে।

স্টারলিংক নেটওয়ার্ক চালুর আগে স্পেসএক্স ৪২ হাজার স্যাটেলাইট স্থাপনের অনুমতি চেয়েছিল। বর্তমানে এ নেটওয়ার্কে কক্ষপথে থাকা স্যাটেলাইটের সংখ্যা ১১ হাজারের কিছু বেশি।

স্পেসএক্সের নতুন পরিকল্পনা বাস্তবায়ন অনেকটাই নির্ভর করছে প্রতিষ্ঠানটির পরবর্তী প্রজন্মের পুনর্ব্যবহারযোগ্য রকেট ‘স্টারশিপ’-এর উৎক্ষেপণ ব্যয় কমানোর ওপর। রকেটটি এখনো উন্নয়নাধীন। বিপুলসংখ্যক স্যাটেলাইট মহাকাশে পাঠাতে স্টারশিপ ব্যবহারের পরিকল্পনা রয়েছে প্রতিষ্ঠানটির।

তথ্যসূত্র: দ্য গার্ডিয়ান


Loading...
Loading...

আন্তর্জাতিক- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: