কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) বৈশ্বিক প্রতিযোগিতায় যুক্তরাষ্ট্র ও চীনের সঙ্গে পাল্লা দিতে অবকাঠামো নির্মাণে জোর দিচ্ছে ইসরাইল। দেশটিকে এআই প্রযুক্তির অন্যতম কেন্দ্রে পরিণত করতে ডেটা সেন্টার নির্মাণের অনুমোদন প্রক্রিয়া সহজ করা হচ্ছে। পাশাপাশি বিদ্যুৎ ও প্রযুক্তিগত অবকাঠামো সম্প্রসারণের উদ্যোগ নিয়েছে সরকার। অর্থনৈতিক সম্ভাবনার পাশাপাশি সামরিক সক্ষমতা ও আন্তর্জাতিক প্রভাব বাড়ানোর কৌশলও এ পরিকল্পনার সঙ্গে যুক্ত।
গত জুনে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ইসরাইলকে বৈশ্বিক এআই পরাশক্তিতে পরিণত করার ঘোষণা দেন। সেপ্টেম্বরে ইসরাইলি গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, আগামী পাঁচ বছরের মধ্যে এআই সক্ষমতায় বিশ্বে তৃতীয় অবস্থানে পৌঁছাবে তাঁর দেশ।
এ লক্ষ্য বাস্তবায়নে ইসরাইলে যুক্তরাষ্ট্রের প্রযুক্তি প্রতিষ্ঠান এনভিডিয়ার কার্যক্রম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। ২০২০ সালের এপ্রিলে ইসরাইলি প্রতিষ্ঠান মেলানক্সকে প্রায় ৭০০ কোটি ডলারে অধিগ্রহণ করে এনভিডিয়া। প্রতিষ্ঠানটি কম্পিউটার নেটওয়ার্কিং পণ্য সরবরাহ করে। বর্তমানে এনভিডিয়ার নেটওয়ার্কিং ব্যবসার আয়ের বড় অংশ মেলানক্সের কার্যক্রমের ওপর নির্ভরশীল।
যুক্তরাষ্ট্রের বাইরে এনভিডিয়ার সবচেয়ে বড় গবেষণা ও উন্নয়ন কার্যক্রম ইসরাইলে। গত তিন বছরে দেশটিতে কর্মীর সংখ্যা দ্বিগুণ করে ছয় হাজারে উন্নীত করেছে প্রতিষ্ঠানটি। হাইফার কাছে কিরিয়াত তিভনে নতুন গবেষণা ও উন্নয়ন কেন্দ্র নির্মাণের পরিকল্পনাও রয়েছে। সেখানে সর্বোচ্চ ১০ হাজার কর্মীর কর্মসংস্থানের সুযোগ তৈরি হতে পারে।
বড় অবকাঠামো প্রকল্প
ইসরাইলের এআই অবকাঠামো পরিকল্পনার অন্যতম বড় উদ্যোগ ‘ওফেক ডেটা সেন্টার’। আশদোদ বন্দরের উত্তরে নির্মাণাধীন কেন্দ্রটি ২০২৯ সালের দ্বিতীয়ার্ধে চালুর লক্ষ্য রয়েছে। এটি হবে দেশটির সবচেয়ে বড় তথ্য প্রক্রিয়াকরণ কেন্দ্র।
প্রকল্পটির প্রাথমিক ব্যয় ধরা হয়েছে ১৫০ কোটি ডলার। যুক্তরাষ্ট্রভিত্তিক ডিজিটাল অবকাঠামো প্রতিষ্ঠান সার্ভারফার্ম ও ইসরাইল ইনফ্রাস্ট্রাকচার ফান্ডসহ কয়েকটি প্রতিষ্ঠান এতে অর্থায়ন করছে। পরবর্তী সম্প্রসারণে আরও ৫০০ কোটি ডলার বিনিয়োগের পরিকল্পনা রয়েছে।
প্রথম পর্যায়ে কেন্দ্রটির সক্ষমতা হবে ১৩০ মেগাওয়াট। পরে তা বাড়িয়ে ২০০ মেগাওয়াট করার পরিকল্পনা রয়েছে। ইউরোপের বাজারের সঙ্গে সরাসরি যোগাযোগ স্থাপনে সমুদ্রের নিচ দিয়ে ফাইবার অপটিক কেব্ল বসানো হবে। কেন্দ্রটিতে এনভিডিয়ার বিশেষায়িত গ্রাফিকস প্রসেসিং ইউনিটও ব্যবহার করা হবে।
গবেষণা প্রতিষ্ঠান ডেটা সেন্টার ম্যাপের তথ্য অনুযায়ী, ইসরাইলে বর্তমানে ৬৭টি ডেটা সেন্টার রয়েছে। নতুন প্রকল্প দ্রুত বাস্তবায়নে সরকারি বিধিনিষেধ শিথিলের উদ্যোগ নিয়েছে নেতানিয়াহু সরকার। গত ফেব্রুয়ারিতে এআই ডেটা সেন্টারকে জাতীয় অবকাঠামো হিসেবে শ্রেণিভুক্ত করার উদ্যোগ নেওয়া হয়। এর ফলে স্থানীয় পর্যায়ে অনুমোদনসংক্রান্ত জটিলতা কমানোর সুযোগ তৈরি হবে।
তবে পরিকল্পনা বাস্তবায়নে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে বিদ্যুৎ সরবরাহ। নতুন ডেটা সেন্টারগুলোর বিদ্যুৎ সংযোগের সক্ষমতা সর্বোচ্চ ২০০ মেগাওয়াটে সীমিত করেছে ইসরাইলের বিদ্যুৎ কর্তৃপক্ষ। ফলে দ্রুত অবকাঠামো সম্প্রসারণের লক্ষ্য অর্জন কঠিন হতে পারে বলে মনে করছেন বিশ্লেষকেরা।
লন্ডনভিত্তিক গবেষক রাজিব দালাল আলজাজিরাকে বলেন, দ্রুত অনুমোদন দেওয়া সরকারের প্রশাসনিক সিদ্ধান্তের বিষয়। কিন্তু নির্মিত ডেটা সেন্টার চালানোর মতো পর্যাপ্ত বিদ্যুৎ নিশ্চিত করাই বড় চ্যালেঞ্জ। ইসরাইলের আয়তন ছোট, বিদ্যুৎ গ্রিডের সক্ষমতা সীমিত এবং উন্নত প্রযুক্তির যন্ত্রাংশের জন্য আমদানির ওপর নির্ভরতা রয়েছে। এআই পরাশক্তি হতে হলে বিপুল বিদ্যুৎ, নিরবচ্ছিন্ন সরবরাহ ও উন্নত চিপের ধারাবাহিক প্রাপ্যতা নিশ্চিত করতে হবে।
বিদ্যুতের চাহিদা মেটাতে পারমাণবিক শক্তি ব্যবহারের ওপর গুরুত্ব দিয়েছেন ইসরাইলের জ্বালানিমন্ত্রী এলি কোহেন। পাশাপাশি পূর্ব ভূমধ্যসাগরের তামার, লেভিয়াথান ও কারিশ গ্যাসক্ষেত্র থেকে প্রাকৃতিক গ্যাস ব্যবহারের পরিকল্পনা রয়েছে। ২০২৭ সালে কাটলান গ্যাসক্ষেত্র চালুরও প্রত্যাশা করছে দেশটি।
ইসরাইলি গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, ওফেক ডেটা সেন্টারটি আশদোদ বন্দরের পাশে নির্মিত ৮৫০ মেগাওয়াট ক্ষমতার একটি গ্যাসচালিত বিদ্যুৎকেন্দ্র থেকে সরাসরি বিদ্যুৎ পাবে।
সামরিক ও ভূরাজনৈতিক গুরুত্ব
হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের বার্কম্যান ক্লেইন সেন্টারের জননীতি গবেষক মার্ক এসপোসিতোর মতে, ডেটা সেন্টার নির্মাণে ইসরাইলের লক্ষ্য শুধু ব্যবসায়িক মুনাফা অর্জন নয়; এর সঙ্গে ভূরাজনৈতিক ও কৌশলগত স্বার্থও জড়িত।
তিনি বলেন, শুধু ডেটা সেন্টার থাকলেই কোনো দেশ এআই পরাশক্তি হয়ে যায় না। তবে এ ধরনের অবকাঠামো ছাড়া সেই অবস্থানে পৌঁছানো কঠিন। তাঁর ভাষায়, ডেটা সেন্টার হলো এআই সক্ষমতার ভৌগোলিক ভিত্তি।
নেতানিয়াহু সরকারের মতে, এআই অবকাঠামো জাতীয় নিরাপত্তার জন্যও গুরুত্বপূর্ণ। গত ফেব্রুয়ারিতে প্রকল্প দ্রুত বাস্তবায়নের পরিকল্পনা অনুমোদনের সময় নেতানিয়াহু বলেন, এ উদ্যোগ দেশের সক্ষমতা ও আন্তর্জাতিক প্রভাব বাড়াতে ভূমিকা রাখবে। ইসরাইলের ন্যাশনাল এআই ডিরেক্টরেটের প্রধান এরেজ আসকালও মনে করেন, ভবিষ্যতে এআই যুগে কোন দেশ নেতৃত্ব দেবে, তা নির্ভর করবে নিজস্ব প্রযুক্তি, অবকাঠামো ও সক্ষমতা গড়ে তোলার ওপর।
বিশ্লেষকদের মতে, নিজস্ব ডেটা সেন্টার গড়ে তুলতে পারলে বিদেশি প্রযুক্তি ও অবকাঠামোর ওপর নির্ভরতা কমবে। একই সঙ্গে দ্রুত তথ্য প্রক্রিয়াকরণ, ব্যবসায়িক কার্যক্রম এবং সামরিক ব্যবস্থাপনায় সুবিধা পাওয়া যাবে। গাজা ও পশ্চিম তীরে সামরিক অভিযানে ইসরাইলের এআই ব্যবহারের বিষয়টিও এ আলোচনায় গুরুত্ব পাচ্ছে।
ইউরোপের জন্য নতুন চ্যালেঞ্জ
ইসরাইল যখন ডেটা সেন্টার নির্মাণে গতি বাড়াচ্ছে, তখন বিদ্যুৎ গ্রিডের সীমাবদ্ধতা, অনুমোদন প্রক্রিয়ার দীর্ঘসূত্রতা এবং জনসাধারণের বিরোধিতার কারণে ইউরোপ পিছিয়ে পড়ছে বলে মনে করছেন বিশ্লেষকেরা।
ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) এখনো বিদেশি নিয়ন্ত্রণাধীন ডেটা সেন্টার ও ক্লাউড অবকাঠামোর ওপর অনেকাংশে নির্ভরশীল। বিশ্বের প্রায় ৫১ শতাংশ ডেটা সেন্টার যুক্তরাষ্ট্রে অবস্থিত। এ কারণে ইউরোপের বিভিন্ন প্রতিষ্ঠান প্রয়োজন অনুযায়ী যুক্তরাষ্ট্রসহ অন্য দেশের ডেটা সেন্টার ব্যবহার করে।
তবে ইউরোপীয় ইউনিয়নের বাইরে তথ্য সংরক্ষণ করলে ব্যক্তিগত তথ্যের সুরক্ষা ও নিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি হয়। ইউরোপীয় কমিশনের হিসাব অনুযায়ী, ইইউর ভেতরে তথ্য সংরক্ষণে খরচ অন্তত ৩০ শতাংশ বেশি হতে পারে। তবে এতে তথ্য ইউরোপের নিজস্ব গোপনীয়তা আইনের আওতায় থাকে।
ব্রাসেলসভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান ব্রুগেলের জ্যেষ্ঠ গবেষক বার্তিন মার্টেন্স বলেন, সামরিক ও নিরাপত্তাসংশ্লিষ্ট স্পর্শকাতর তথ্য প্রক্রিয়াকরণের ক্ষেত্রে বিদেশি শক্তির নজরদারির ঝুঁকি এড়াতে নিজস্ব ডেটা সেন্টার থাকা প্রয়োজন।