নৌবাহিনীর শক্তি বাড়াতে নতুন একটি পারমাণবিক সাবমেরিন নৌবহরে যুক্ত করেছে রাশিয়া। ‘পার্ম’ নামের ডুবোজাহাজটি জিরকন হাইপারসনিক ক্ষেপণাস্ত্র ছুড়তে সক্ষম। শুক্রবার (২৭ নভেম্বর) দেশটির উত্তর-পশ্চিমাঞ্চলীয় শহর সেভেরোদভিনস্কের সেভমাশ শিপইয়ার্ডে সাবমেরিনটির আনুষ্ঠানিক অন্তর্ভুক্তি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।
রুশ কর্তৃপক্ষের দাবি, ‘ইয়াসেন-এম’ শ্রেণির পার্মই দেশটির প্রথম পারমাণবিক সাবমেরিন, যাতে জিরকন হাইপারসনিক ক্ষেপণাস্ত্র সংযোজন করা হয়েছে।
অনুষ্ঠানে পুতিন বলেন, বিশ্বে খুব কম দেশই এ ধরনের শক্তিশালী পারমাণবিক সাবমেরিন নির্মাণের সক্ষমতা রাখে। এসব অস্ত্রের পাল্লা ও কৌশলগত গুরুত্ব বিশ্বজুড়ে বিস্তৃত।
তিনি জানান, ২০৩০ সালের মধ্যে রাশিয়ার নৌবহরে আরও পাঁচটি পারমাণবিক সাবমেরিন যুক্ত করার পরিকল্পনা রয়েছে। এর মধ্যে তিনটি হবে ইয়াসেন-এম শ্রেণির, যেগুলো পার্মের মতো একই প্রযুক্তিতে নির্মিত হবে।
পুতিনের ভাষ্য, এসব সাবমেরিন বিশ্বের যেকোনো সমুদ্র এলাকায় অভিযান চালাতে সক্ষম। এগুলোতে বিভিন্ন ধরনের ক্রুজ ক্ষেপণাস্ত্র বহন করা যাবে।
পারমাণবিক শক্তিচালিত সাবমেরিন রাশিয়ার পারমাণবিক প্রতিরক্ষাব্যবস্থার গুরুত্বপূর্ণ অংশ। পানির নিচে দীর্ঘ সময় গোপনে অবস্থানের সক্ষমতার কারণে শত্রুপক্ষের হামলার পরও পাল্টা আঘাত হানার সুযোগ থাকে এসব ডুবোজাহাজের।
অনুষ্ঠানে নৌবাহিনীর আধুনিকায়ন অব্যাহত রাখার ঘোষণা দেন পুতিন। শক্তিশালী নৌবাহিনী গড়ে তোলার পরিকল্পনা নির্ধারিত সময়ের মধ্যে বাস্তবায়নের আশাবাদও জানান তিনি।