নরসিংদীর মনোহরদীতে তিন শতাধিক কৃষকের মধ্যে গম ও ভুট্টার বীজ বিতরণ করেছে এগ্রিকালচারিস্টস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (এ্যাব)। বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেকে এ কর্মসূচির আয়োজন করা হয়।
শনিবার (২৮ নভেম্বর) উপজেলার কৃষ্ণপুর আদর্শ উচ্চবিদ্যালয় মাঠে কৃষ্ণপুর ইউনিয়নসহ আশপাশের এলাকার কৃষকদের মধ্যে এসব বীজ বিতরণ করা হয়।
কৃষ্ণপুর আদর্শ উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ মজিবুর রহমান বাচ্চুর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ গম ও ভুট্টা গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক ড. মো. মাহফুজ বাজ্জাজ। প্রধান বক্তা ছিলেন এগ্রিকালচারিস্টস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (এ্যাব)-এর সদস্যসচিব ও কৃষকদলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক কৃষিবিদ শাহাদত হোসেন বিপ্লব।
বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ গম ও ভুট্টা গবেষণা ইনস্টিটিউটের দিনাজপুরের নশিপুর কেন্দ্রের পরিচালক মো. মাহবুবুর রহমান, গাজীপুর কেন্দ্রের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মোহাম্মদ মোস্তফা খান, মনোহরদী উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব মোজাম্মেল হোসেন ভূঁইয়া উজ্জ্বল, নরসিংদী জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক মহসিন কবির, কৃষ্ণপুর ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক কাজী আনোয়ার হোসেন খসরু এবং মনোহরদী উপজেলা কৃষকদলের ভারপ্রাপ্ত সভাপতি মো. সুরুজ মিয়া।
অনুষ্ঠান সঞ্চালনা করেন কৃষ্ণপুর ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি নাসির উদ্দিন জামান। এ ছাড়া অনুষ্ঠানে কৃষকদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী এবং বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।
আয়োজকেরা জানান, কৃষকদের উৎপাদনমুখী কর্মকাণ্ডে উৎসাহিত করা এবং কৃষি খাতে সহযোগিতা বাড়ানোর উদ্দেশ্যে এ কর্মসূচি নেওয়া হয়েছে। কৃষকদের হাতে বীজ পৌঁছে দেওয়ার মাধ্যমে গম ও ভুট্টার উৎপাদন বাড়াতে এ উদ্যোগ ইতিবাচক ভূমিকা রাখবে বলে তাঁরা আশা প্রকাশ করেন।