জনপ্রিয় ইসলামি বক্তা মাওলানা মিজানুর রহমান আজহারী আজ শনিবার রাজশাহীতে তাফসিরুল কুরআন মাহফিলে বক্তব্য দেবেন। আউটডোর তাফসির মাহফিলে তাঁর এ বছরের প্রথম অংশগ্রহণ হতে যাচ্ছে এটি। নগরীর ঐতিহাসিক মাদ্রাসা মাঠে ওলামা-মাশায়েখ পরিষদের উদ্যোগে বিকেল ৩টায় মাহফিল শুরু হবে।
মাহফিলে সভাপতিত্ব করবেন রাজশাহী মহানগর জামায়াতে ইসলামীর আমির ডা. মোহাম্মদ জাহাঙ্গীর। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে সরকারের ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনুর।
আয়োজকদের ধারণা, মাহফিলে কয়েক লাখ মানুষের সমাগম হতে পারে। তাঁদের প্রত্যাশা, এটি রাজশাহীর অন্যতম বৃহৎ তাফসিরুল কুরআন মাহফিলে পরিণত হবে।
গত ২৭ নভেম্বর নিজের ফেসবুক পোস্টে মাহফিলে অংশ নেওয়ার বিষয়টি নিশ্চিত করেন মিজানুর রহমান আজহারী। সেখানে তিনি লেখেন, ‘রাজশাহী বিভাগের বন্ধুরা, ইনশাআল্লাহ আগামীকাল থাকছি— ওলামা মাশায়েখ পরিষদের উদ্যোগে আয়োজিত রাজশাহী মাদ্রাসা মাঠের ঐতিহাসিক তাফসিরুল কুরআন মাহফিলে। আসুন, দেখা হবে, কথা হবে।’
রাজশাহী ওলামা-মাশায়েখ পরিষদের মাওলানা রুহুল আমিন জানান, মাহফিল আয়োজনের সব প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। শৃঙ্খলা বজায় রাখতে নারী ও পুরুষের জন্য পৃথক বসার ব্যবস্থা রাখা হয়েছে। মাহফিল সুষ্ঠুভাবে পরিচালনায় কয়েক হাজার স্বেচ্ছাসেবক নিয়োজিত থাকবেন।
তিনি আরও জানান, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে আয়োজকদের আলোচনা হয়েছে। তারাও সর্বোচ্চ সহযোগিতার আশ্বাস দিয়েছেন। সুন্দর ও সুশৃঙ্খলভাবে মাহফিল সম্পন্ন করতে সবার সহযোগিতা কামনা করেন তিনি।