যশোর-নড়াইল মহাসড়কে অভিযান চালিয়ে ১৫টি স্বর্ণের বারসহ তিনজনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। উদ্ধার করা স্বর্ণের আনুমানিক মূল্য ৩ কোটি ৫৬ লাখ টাকা। এ সময় তাঁদের ব্যবহৃত একটি প্রাইভেটকারসহ বিভিন্ন মালামাল জব্দ করা হয়েছে। জব্দ করা সব মালামালের আনুমানিক মূল্য ৩ কোটি ৮৮ লাখ ৬১ হাজার টাকা।
শুক্রবার (২৭ নভেম্বর) ভোর ৪টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি)-এর একটি বিশেষ আভিযানিক দল এ অভিযান চালায়। যশোর-নড়াইল মহাসড়কে ৪৯ বিজিবির ১ নম্বর গেটের সামনে একটি প্রাইভেটকারে তল্লাশি চালিয়ে তিনজনকে আটক করা হয়। পরে তাঁদের শরীরে বিশেষভাবে লুকানো ১ হাজার ৭৮০ গ্রাম ওজনের ১৫টি স্বর্ণের বার উদ্ধার করা হয়।
আটক ব্যক্তিরা হলেন সাতক্ষীরার কলারোয়া উপজেলার ভাদিয়ালী গ্রামের হাবিবুর রহমান (২৫), কেঁড়াগাছি গ্রামের সুমন হোসেন (২৩) এবং সুলতানপুর গ্রামের হেদায়রু রহমান (৩৮)।
বিজিবি জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তিরা জানিয়েছেন, তাঁরা ঢাকা থেকে যশোর হয়ে বেনাপোল সীমান্ত দিয়ে স্বর্ণের বারগুলো ভারতে পাচারের উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিলেন।
অভিযানে ১৫টি স্বর্ণের বার, ২৩ গ্রাম রুপা, একটি প্রাইভেটকার, চারটি মুঠোফোন, দুটি হাতঘড়ি ও নগদ ৩ হাজার টাকা জব্দ করা হয়। উদ্ধার করা স্বর্ণের আনুমানিক মূল্য ৩ কোটি ৫৬ লাখ টাকা। সব মিলিয়ে জব্দ করা মালামালের আনুমানিক মূল্য ৩ কোটি ৮৮ লাখ ৬১ হাজার টাকা।
আটক ব্যক্তিদের বিরুদ্ধে মামলা দায়েরের পর তাঁদের যশোর কোতোয়ালি থানায় হস্তান্তর করা হয়েছে।
এ বিষয়ে যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান, পিএসসি বলেন, সাম্প্রতিক সময়ে বাংলাদেশ থেকে ভারতে স্বর্ণ পাচারের প্রবণতা বেড়েছে। স্বর্ণ পাচার রোধে বিজিবির অভিযান ও গোয়েন্দা নজরদারি জোরদার রয়েছে। এরই ধারাবাহিকতায় যশোর ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ এলাকায় অভিযান চালিয়ে স্বর্ণসহ পাচারকারীদের আটক করা সম্ভব হচ্ছে। সীমান্তে চোরাচালান ও স্বর্ণ পাচার প্রতিরোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।