বিজিবির ওপর হামলার ঘটনায় টুঙ্গিপাড়ায় ৫ হাজার ৮ জনের বিরুদ্ধে মামলা

অনলাইন ডেস্ক

সারাদেশ

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) টহলদলের ওপর হামলা, সরকারি যানবাহনে অগ্নিসংযোগ, গোলাবারুদ পুড়িয়ে ধ্বংস এবং সরঞ্জাম লুটের অভিযোগে মামলা

2026-11-27T16:22:49+00:00
2026-11-27T16:22:49+00:00
  শনিবার, ২৮ নভেম্বর ২০২৬,
১৪ অগ্রহায়ণ ১৪৩৩
 
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬
সারাদেশ
বিজিবির ওপর হামলার ঘটনায় টুঙ্গিপাড়ায় ৫ হাজার ৮ জনের বিরুদ্ধে মামলা
অনলাইন ডেস্ক
শুক্রবার, ২৭ নভেম্বর, ২০২৬, ৪:২২ পিএম 
বিজিবির ওপর হামলার ঘটনায় টুঙ্গিপাড়ায় ৫ হাজার ৮ জনের বিরুদ্ধে মামলা
গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) টহলদলের ওপর হামলা, সরকারি যানবাহনে অগ্নিসংযোগ, গোলাবারুদ পুড়িয়ে ধ্বংস এবং সরঞ্জাম লুটের অভিযোগে মামলা হয়েছে। মামলায় আটজনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে আরও ৫ হাজার জনকে। এজাহারে হামলায় ৬ কোটি ৫১ লাখ টাকার ক্ষয়ক্ষতির হিসাব তুলে ধরা হয়েছে।

গত সোমবার (২৩ নভেম্বর) টুঙ্গিপাড়া থানায় মামলাটি করেন বিজিবির খুলনা সেক্টর সদর দপ্তরের নায়েব সুবেদার মো. শওকত আলী।

মামলায় প্রধান আসামি করা হয়েছে নিষিদ্ধ ঘোষিত গোপালগঞ্জ জেলা ছাত্রলীগের সভাপতি নিউটন মোল্লাকে। অন্য নাম উল্লেখ করা আসামিদের মধ্যে রয়েছেন জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আতাউর রহমান পিয়াল, টুঙ্গিপাড়া উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক বাবুল হোসেন খোকন, বর্তমান উপজেলা ছাত্রলীগের সভাপতি শামছুল হক, সহসভাপতি রিপন শেখ ও যুগ্ম সাধারণ সম্পাদক শাহীন বিশ্বাস (কালু)। এ ছাড়া অজ্ঞাতপরিচয় আরও ৫ হাজার জনকে আসামি করা হয়েছে।

এজাহারে বলা হয়েছে, গত ১৭ নভেম্বর গোপালগঞ্জের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বেসামরিক প্রশাসনকে সহযোগিতার অংশ হিসেবে পুলিশ, আনসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রিহাব ইমামের সঙ্গে টহল দিচ্ছিল বিজিবি। এ সময় টুঙ্গিপাড়া থানায় ভাঙচুর ও অগ্নিসংযোগের খবর পেয়ে ঘটনাস্থলের উদ্দেশে রওনা হয় টহলদল। উপজেলার নিলফা বাজারে পৌঁছালে সড়কে গাছ ফেলে তাদের পথ আটকে দেওয়া হয়।

এজাহারের অভিযোগ অনুযায়ী, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা এ বাধা সৃষ্টি করেন। বিজিবির পক্ষ থেকে তাঁদের সরে যাওয়ার অনুরোধ জানানো হলেও একপর্যায়ে দেশীয় অস্ত্র নিয়ে সদস্যদের ওপর হামলা চালানো হয় এবং ককটেল বিস্ফোরণ ঘটানো হয়। এ সময় বিজিবির একটি এপিসি ও একটি জিপে আগুন ধরিয়ে দেওয়া হয়।

হামলায় বাধা দিতে গিয়ে বিজিবির নায়েক মো. মনির হোসেন, আসাদুজ্জামান, ফারুক হোসেন এবং সহকারী পরিচালক মো. সাইফিয়ার রহমান গুরুতর আহত হন বলে এজাহারে উল্লেখ করা হয়েছে।

মামলার বিবরণে আরও বলা হয়, হামলায় বিজিবির একটি পাজেরো জিপ ও একটি এপিসি কোবরা সম্পূর্ণ পুড়ে যায়। জিপে থাকা ৯০ রাউন্ড গুলিসহ তিনটি এসএমজির ম্যাগাজিনও আগুনে নষ্ট হয়। এ ছাড়া অন্য একটি এপিসির টায়ার, ফগ লাইট ও একটি পিকআপের উইন্ডশিল্ড ক্ষতিগ্রস্ত হয়। বিজিবির গাড়িতে থাকা সরকারি এইচপি ল্যাপটপ, ওয়াকিটকি সেট, ব্যাটারি ও চার্জার লুটের অভিযোগও করা হয়েছে। সব মিলিয়ে ক্ষয়ক্ষতির পরিমাণ ৬ কোটি ৫১ লাখ টাকা বলে এজাহারে দাবি করা হয়েছে।

গোপালগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) সাখাওয়াত হোসেন সেন্টু বলেন, বিজিবির গাড়িতে হামলা, ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনায় বাহিনীর পক্ষ থেকে মামলা করা হয়েছে। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা হয়নি।

এদিকে টুঙ্গিপাড়া থানা সূত্রে জানা গেছে, থানা ভবন, আসবাবপত্র, যানবাহন, পোশাক ও প্রয়োজনীয় সরঞ্জাম পুড়ে যাওয়ায় স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হচ্ছে। কাগজে-কলমে দায়িত্ব বণ্টন করা হলেও বাস্তবে কাজ পরিচালনার পরিবেশ নেই। এ কারণে দৈনন্দিন কার্যক্রমের প্রতিবেদন পুলিশ সদর দপ্তর ও পুলিশ সুপারের কার্যালয়ে পাঠাতে হচ্ছে।

থানা সূত্র আরও জানায়, গত এক সপ্তাহ ধরে কাগজে-কলমে ডিউটি অফিসারের দায়িত্ব পালন করছেন সহকারী উপপরিদর্শক (এএসআই) সবুজ হোসেন। টহল পুলিশের দায়িত্বে রয়েছেন উপপরিদর্শক (এসআই) মাহমুদুর রহমান ও এসআই নাজমুল হোসেন।


Loading...
Loading...

সারাদেশ- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: