নওগাঁর আত্রাই উপজেলার শাহাগোলা রেলওয়ে স্টেশনসংলগ্ন এলাকায় রেলের সরকারি জমি দখল করে অবৈধভাবে দোকানঘর নির্মাণের অভিযোগ উঠেছে। স্থানীয় লেটুস ও খোকন নামের দুই ব্যক্তির বিরুদ্ধে জমি দখল করে নির্মাণকাজ চালানোর অভিযোগ করেছেন এলাকাবাসী।
স্থানীয় সূত্রে জানা যায়, শাহাগোলা রেলওয়ে স্টেশনের দাপ্তরিক কার্যক্রম ও জনবলসংকটের সুযোগ নিয়ে রেললাইনের পাশের সরকারি জমি দখল করে পাকা ও আধাপাকা দোকানঘর নির্মাণ করা হচ্ছে। রেলওয়ের সম্পত্তি দীর্ঘদিন ধরে অরক্ষিত অবস্থায় পড়ে থাকায় প্রকাশ্যেই এ নির্মাণকাজ চলছে বলে অভিযোগ স্থানীয়দের।
সরেজমিনে দেখা যায়, রেলওয়ের জমিতে কয়েকটি দোকানঘর নির্মাণ করা হচ্ছে। ঘর নির্মাণের দায়িত্বে থাকা সোবাহান নামের এক ব্যক্তির সঙ্গে কথা বলে জানা যায়, তাঁরা শাহাগোলা গ্রামের মৃত মোস্তাফার ছেলে লিটুসের কাছ থেকে পাঁচ বছরের ভাড়া চুক্তিতে মাসিক আট হাজার টাকায় জায়গাটি নিয়েছেন।
বেরা হোচেন গ্রামের আব্দুল মালেক বলেন, খোকন হাজি নামের এক ব্যক্তি এসব জায়গা জবরদখল করে রেখেছেন। এতে সরকার মূল্যবান সম্পত্তি থেকে রাজস্ব হারাচ্ছে।
এলাকাবাসীর অভিযোগ, সরকারি জমি দখল করে দোকান নির্মাণের বিষয়ে নিষেধ করা হলেও অভিযুক্তরা তা আমলে নিচ্ছেন না। অবৈধ দখলদারদের উচ্ছেদ করে রেলওয়ের জমি পুনরুদ্ধার এবং জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে রেলওয়ের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ ও উপজেলা প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন স্থানীয় সচেতন ব্যক্তিরা।
এ বিষয়ে বাংলাদেশ রেলওয়ের সান্তাহার কার্যালয়ের কানুনগোর সঙ্গে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করেও তাঁকে পাওয়া যায়নি।
সান্তাহার জোনের আইডব্লিউ মো. আব্দুর রহমান বলেন, রেলওয়ের জমিগুলো কানুনগো দেখাশোনা করেন। তবে জমিগুলো ধানি জমি হিসেবে লিজ নিয়ে সেখানে দোকান নির্মাণ করা হলে তিনি লোক পাঠিয়ে নির্মাণকাজ বন্ধের ব্যবস্থা করবেন।
রেলওয়ের পাকশী জোনের ডিইও মো. শফিকুল ইসলামের সঙ্গে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন ধরেননি। ফলে এ বিষয়ে তাঁর বক্তব্য পাওয়া যায়নি।