সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার সরকারি হাঁস প্রজনন কেন্দ্র থেকে অবৈধভাবে হাঁস পাচারের সময় একটি মিনি ট্রাক আটক করেছেন স্থানীয় বাসিন্দারা। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) রাতে উপজেলার সদর ইউনিয়নের শাহপুর এলাকায় অবস্থিত হাঁস প্রজনন কেন্দ্রের পাশ থেকে হাঁসভর্তি ট্রাকটি আটক করা হয়। শুক্রবার (২৭ নভেম্বর) সকালে ঘটনার সত্যতা নিশ্চিত করেন কেন্দ্রটির সিনিয়র সহকারী পরিচালক শায়লা শারমিন।
স্থানীয় সূত্রে জানা যায়, খামারের কর্মকর্তা-কর্মচারীদের যোগসাজশে দীর্ঘদিন ধরে অবৈধভাবে হাঁস ও হাঁসের ডিম বিক্রির অভিযোগ রয়েছে। এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার রাতে হাঁস প্রজনন কেন্দ্র থেকে একটি মিনি ট্রাকে করে বিপুলসংখ্যক হাঁস বাইরে নেওয়া হচ্ছিল। বিষয়টি টের পেয়ে স্থানীয় বাসিন্দারা একত্রিত হয়ে ট্রাকটি আটক করেন। সরকারি খামার থেকে রাতে এভাবে হাঁস নিয়ে যাওয়ার ঘটনায় এলাকায় ক্ষোভ ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
স্থানীয় ওয়ার্ড বিএনপির সভাপতি বাবুল হোসেন বলেন, “খামারের কর্মকর্তা-কর্মচারীদের যোগসাজশে দীর্ঘদিন ধরে রাতের আঁধারে ট্রাকে করে অবৈধভাবে হাঁস ও ডিম বিক্রি করা হচ্ছে। গতকাল রাতেও ট্রাকভর্তি হাঁস নিয়ে যাওয়ার সময় স্থানীয়দের সন্দেহ হলে তাঁরা ট্রাকটি আটক করেন। এ সময় চালকের কাছে হাঁসের বৈধ চালান দেখতে চাইলে তিনি তা দেখাতে ব্যর্থ হন। পরে আমরা স্থানীয় সাংবাদিকদের বিষয়টি জানাই।”
এ বিষয়ে জানতে চাইলে বেলকুচি হাঁস প্রজনন কেন্দ্রের সিনিয়র সহকারী পরিচালক শায়লা শারমিন প্রথমে বিষয়টি অস্বীকার করলেও পরে নিজের ভুল স্বীকার করেন। তিনি বলেন, “চালান ছাড়া রাতে হাঁস বিক্রি করা আমার আইনবহির্ভূত কাজ হয়েছে।”
অন্যদিকে, প্রাণিসম্পদ অধিদপ্তরের পরিচালক (উৎপাদন) ডা. মাহফুজার রহমান জানান, অভিযোগের বিষয়টি খতিয়ে দেখে দায়ীদের বিরুদ্ধে প্রয়োজনীয় বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে।