হবিগঞ্জের মাধবপুরে বিশেষ অভিযান চালিয়ে ৬৯ বোতল এসকাফ সিরাপসহ রাজেন্দ্র (৫৫) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-৯। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) রাতে উপজেলার তেলিয়াপাড়া বাজার এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
এসআরবি-৯, সিলেটের সংবাদ বিজ্ঞপ্তি সূত্রে জানা যায়, বৃহস্পতিবার রাত আনুমানিক ১০টা ৩০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে এসআরবি-৯-এর সিপিসি-৩, শায়েস্তাগঞ্জ ক্যাম্পের একটি আভিযানিক দল মাধবপুর থানাধীন শাহজাহানপুর ইউনিয়নের তেলিয়াপাড়া চা-বাগানের পাশে পাকা রাস্তার ওপর অবস্থান নেয়। এ সময় সেখানে কয়েকজন ব্যক্তিকে মাদকদ্রব্য ক্রয়-বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করতে দেখা যায়।
পরে রাত আনুমানিক ১১টা ২০ মিনিটে আভিযানিক দল ঘটনাস্থলে পৌঁছালে একজন ব্যক্তি পালানোর চেষ্টা করেন। এ সময় তাঁকে আটক করা হয়। জিজ্ঞাসাবাদে তিনি তাঁর হেফাজতে এসকাফ সিরাপ থাকার কথা জানান। পরে তাঁর কাছে থাকা কালো রঙের কাপড়ের ব্যাগ তল্লাশি করে ৬৯ বোতল এসকাফ সিরাপ উদ্ধার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তি রাজেন্দ্র (৫৫)। তিনি হবিগঞ্জ জেলার চুনারুঘাট থানার বেলাবিল গ্রামের মৃত আকলুর ছেলে। এসআরবি-৯-এর প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি জানান, সীমান্তবর্তী এলাকা থেকে এসকাফ সিরাপ সংগ্রহ করে বিক্রির উদ্দেশ্যে নিজের হেফাজতে রেখেছিলেন।
এসআরবি-৯ জানায়, পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়েরের প্রক্রিয়া শেষে তাঁকে উদ্ধার করা মাদকদ্রব্যসহ হবিগঞ্জের মাধবপুর থানায় হস্তান্তর করা হয়েছে।
মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে এসআরবি-৯-এর গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত রয়েছে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।