পাসপোর্ট করতে গিয়ে ধরা পড়লেন রোহিঙ্গা নারী, বাবাসহ আটক ৪

পূর্বধলা (নেত্রকোনা) সংবাদদাতা

সারাদেশ

কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা আশ্রয়শিবিরের বাসিন্দা বাবা ও মেয়ে। অথচ জন্মনিবন্ধনে মেয়ের পরিচয় বাংলাদেশি। নেত্রকোনার পূর্বধলা উপজেলার আগিয়া ইউনিয়ন পরিষদ থেকে

2026-11-27T17:11:18+00:00
2026-11-27T17:11:18+00:00
  শনিবার, ২৮ নভেম্বর ২০২৬,
১৪ অগ্রহায়ণ ১৪৩৩
 
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬
সারাদেশ
পাসপোর্ট করতে গিয়ে ধরা পড়লেন রোহিঙ্গা নারী, বাবাসহ আটক ৪
পূর্বধলা (নেত্রকোনা) সংবাদদাতা
শুক্রবার, ২৭ নভেম্বর, ২০২৬, ৫:১১ পিএম 
পাসপোর্ট করতে গিয়ে ধরা পড়লেন রোহিঙ্গা নারী, বাবাসহ আটক ৪
কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা আশ্রয়শিবিরের বাসিন্দা বাবা ও মেয়ে। অথচ জন্মনিবন্ধনে মেয়ের পরিচয় বাংলাদেশি। নেত্রকোনার পূর্বধলা উপজেলার আগিয়া ইউনিয়ন পরিষদ থেকে তৈরি ওই জন্মনিবন্ধন ব্যবহার করে দুবাই যাওয়ার জন্য পাসপোর্টের আবেদন করতে গিয়ে ধরা পড়েছেন কাউসার বিবি ওরফে শাহারা খাতুন (১৯) নামের এক রোহিঙ্গা নারী।

এ ঘটনায় তাঁর বাবা ও স্থানীয় দুই ব্যক্তিসহ চারজনকে আটক করেছে পুলিশ। রোহিঙ্গা আশ্রয়শিবিরের বাসিন্দার নামে কীভাবে বাংলাদেশি পরিচয়ে জন্মনিবন্ধন তৈরি হলো, কারা এর সঙ্গে জড়িত এবং কোন প্রক্রিয়ায় নিবন্ধনটি অনুমোদন করা হয়েছে, তা নিয়ে প্রশ্ন উঠেছে।

গত বৃহস্পতিবার নেত্রকোনা আঞ্চলিক পাসপোর্ট অফিসে দুবাই যাওয়ার জন্য পাসপোর্টের আবেদন করতে যান কাউসার বিবি। তাঁর দেওয়া তথ্য ও পরিচয় নিয়ে সন্দেহ হলে বিষয়টি আগিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সানোয়ার হোসেন চৌধুরীকে জানানো হয়। পরে ওই নারীকে পূর্বধলা উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ে নেওয়া হয়। সেখানে জিজ্ঞাসাবাদ শেষে তাঁর বাবা রশিদউল্লাহ ওরফে মোহাম্মদ বদিউল আলম (৪০) এবং স্থানীয় দুই ব্যক্তি আব্দুল জলিল (৪২) ও আজিজুল হককে (৩০) পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

আটক কাউসার বিবি ও তাঁর বাবা রশিদউল্লাহ কক্সবাজারের উখিয়া উপজেলার কুতুপালং রোহিঙ্গা আশ্রয়শিবিরের ৬ নম্বর ক্যাম্পের বাসিন্দা। আটক অন্য দুজন হলেন পূর্বধলার ধলামূলগাঁও ইউনিয়নের পাঠলি গ্রামের আব্দুল জলিল এবং উপজেলা সদর ইউনিয়নের ছোট ইলাশপুর গ্রামের আজিজুল হক।

পুলিশ ও সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গত ২৪ নভেম্বর রেলপথে ময়মনসিংহের গৌরীপুর হয়ে বাবা-মেয়ে পূর্বধলার ধলামূলগাঁও ইউনিয়নের পাঠলি গ্রামে আব্দুল জলিলের মাদ্রাসায় আসেন। এর প্রায় দুই মাস আগে রোহিঙ্গা নারী কাউসার বিবির জন্মনিবন্ধন করিয়ে দেওয়ার জন্য আজিজুল হকের কাছে যান জলিল। পরে আজিজুল হক আগিয়া ইউনিয়ন পরিষদের উদ্যোক্তা জয় ঘোষের মাধ্যমে ওই নারীর জন্মনিবন্ধন করিয়ে দেন বলে অভিযোগ রয়েছে।

জন্মনিবন্ধন তৈরির বিষয়ে আগিয়া ইউনিয়ন পরিষদের উদ্যোক্তা জয় ঘোষের সঙ্গে কথা হলে তিনি অভিযোগ অস্বীকার করেন। তাঁর দাবি, তিনি ওই নারীর জন্মনিবন্ধন তৈরি করেননি। ইউনিয়ন পরিষদে কাজ করা মিঠুন নামের আরেক অপারেটর নিবন্ধনটি তৈরি করেছেন। বিষয়টি জানার পর তিনি আগেই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানকে অবহিত করেছিলেন বলেও দাবি করেন জয় ঘোষ।

জানা গেছে, মিঠুন দাসের স্ত্রী আগিয়া ইউনিয়ন পরিষদের উদ্যোক্তা হিসেবে কাজ করেন। তবে মিঠুন দাস কীভাবে ইউনিয়ন পরিষদে জন্মনিবন্ধন তৈরির কাজ করলেন, তা নিয়ে প্রশ্ন উঠেছে।

এ ঘটনায় আগিয়া ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা মো. নিজাম উদ্দিনের অনুমোদন ও স্বাক্ষর ছাড়া জন্মনিবন্ধনটি সম্পন্ন হওয়ার কথা নয় বলে জানা গেছে। একজন রোহিঙ্গা আশ্রয়শিবিরের বাসিন্দার নামে বাংলাদেশি পরিচয়ে জন্মনিবন্ধন অনুমোদনের আগে কী কী তথ্য ও কাগজপত্র যাচাই করা হয়েছিল, তা নিয়েও প্রশ্ন উঠেছে। আবেদনকারীর প্রকৃত পরিচয় সম্পর্কে অনুমোদনকারী কর্মকর্তা অবগত ছিলেন কি না এবং কোন তথ্যের ভিত্তিতে নিবন্ধনটি অনুমোদন করা হয়েছে, সেসব বিষয় তদন্তের আওতায় আনা প্রয়োজন।

আগিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সানোয়ার হোসেন চৌধুরী বলেন, বাংলাদেশি পরিচয়ে পাসপোর্ট করার চেষ্টার বিষয়টি জানার পর তিনি ওই নারীকে নেত্রকোনা থেকে পূর্বধলা উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে নিয়ে আসেন। পরে ইউএনওর নির্দেশে চারজনকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা শফিকুল ইসলাম জানান, দুই রোহিঙ্গা নাগরিক ও এ ঘটনায় জড়িত ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ শেষে পূর্বধলা থানার হেফাজতে দেওয়া হয়েছে। তাঁদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে বলা হয়েছে।

পূর্বধলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন বলেন, এ ঘটনায় দুই রোহিঙ্গা নাগরিক ও স্থানীয় দুই ব্যক্তিসহ মোট চারজন পুলিশি হেফাজতে রয়েছেন। তাঁদের বিরুদ্ধে মামলা দায়েরের পর শুক্রবার আদালতে পাঠানো হবে। এ ছাড়া ঘটনার সঙ্গে জড়িত অন্য ব্যক্তিদের শনাক্ত করে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


Loading...
Loading...

সারাদেশ- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: