সৌদি আরবের মক্কায় কর্মস্থলে সিঁড়ি থেকে পড়ে মোহাম্মদ শহীদ উল্লাহ বাবু নামে ফটিকছড়ির এক প্রবাসীর মৃত্যু হয়েছে। গত ২৬ নভেম্বর বিকেলে মক্কার আতবিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত শহীদ উল্লাহ বাবু চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার দক্ষিণ পাইন্দং ইউনিয়নের ছোট মৌলভী বাড়ির বাসিন্দা। তিনি মাওলানা শামসুল হুদার ছেলে।
নিহতের ভাই বদিউল আলম মুন্না জানান, বৃহস্পতিবার স্থানীয় সময় বিকেল সাড়ে ৪টার দিকে একটি ভবনে বৈদ্যুতিক কাজ করার সময় সিঁড়ি থেকে পড়ে মাথায় গুরুতর আঘাত পান শহীদ উল্লাহ বাবু। পরে স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
শহীদ উল্লাহ বাবু দীর্ঘদিন ধরে মক্কায় ইলেকট্রিশিয়ান হিসেবে কর্মরত ছিলেন। দেশে তাঁর স্ত্রী, এক ছেলে ও এক মেয়ে রয়েছে। পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তিকে হারিয়ে স্বজনেরা দিশেহারা হয়ে পড়েছেন। তাঁর মরদেহ দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পরিবার।