আড়াই বছর বন্ধ থাকার পর আবারও মালয়েশিয়ার শ্রমবাজারে কর্মী পাঠানো শুরু হচ্ছে। প্রথম ধাপে সম্পূর্ণ বিনা খরচে দেশটিতে যাচ্ছেন ১১২ বাংলাদেশি কর্মী। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৫টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাঁদের বিদায় জানাবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেডের (বোয়েসেল) ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ রাশেদুল হক এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান।
তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের উদ্যোগে প্রথমবারের মতো সরকারি ব্যবস্থাপনায় সম্পূর্ণ বিনা খরচে কর্মীদের মালয়েশিয়ায় পাঠানো হচ্ছে। প্রথম দফায় যাওয়া ১১২ জন কাজ করবেন ডিএইচএল সাপ্লাই চেইন (মালয়েশিয়া) প্রতিষ্ঠানে। তাঁদের মাসিক মূল বেতন হবে ১ হাজার ৭০০ মালয়েশীয় রিঙ্গিত। তিন বছরের নবায়নযোগ্য চুক্তিতে নিয়োগ পাওয়া কর্মীরা নিয়োগকর্তার পক্ষ থেকে আবাসন ও চিকিৎসাসুবিধা পাবেন।
বোয়েসেলের ব্যবস্থাপনা পরিচালক বলেন, এ কর্মসূচিতে কর্মীদের কোনো অর্থ ব্যয় করতে হচ্ছে না। পাসপোর্ট, স্বাস্থ্য পরীক্ষা, বিএমইটি নিবন্ধন, ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের ফি, প্রাক্-বহির্গমন প্রশিক্ষণ, বিমা, যাতায়াত ও আবাসনসহ বাংলাদেশ অংশের কর্মীপ্রতি ২৬ হাজার ৩৫০ টাকা খরচ নিয়োগকর্তা বহন করছে। এ ছাড়া ভিসা ফি ও বিমান টিকিটের খরচও দিচ্ছে প্রতিষ্ঠানটি।
তাঁর হিসাব অনুযায়ী, জনপ্রতি আনুমানিক দুই লাখ টাকা ব্যয় সাশ্রয় হচ্ছে। ১১২ কর্মীর ক্ষেত্রে মোট সাশ্রয়ের পরিমাণ প্রায় ২ কোটি ১০ লাখ টাকা।
কর্মী বাছাই প্রক্রিয়া স্বচ্ছ ও দালালমুক্ত ছিল জানিয়ে রাশেদুল হক বলেন, অনলাইনে আবেদন করেছিলেন ৪ হাজার ৩৯ জন। তাঁদের মধ্য থেকে গণমাধ্যমের সামনে প্রকাশ্য ই-লটারির মাধ্যমে ৩০০ জনকে বাছাই করা হয়। পরে নিয়োগকর্তার সরাসরি সাক্ষাৎকারের ভিত্তিতে চূড়ান্তভাবে নির্বাচিত হন ১১২ জন।
তিনি জানান, মালয়েশিয়ার চারটি প্রতিষ্ঠান থেকে বিনা খরচে মোট ১ হাজার ৪৮ জন কর্মী নেওয়ার চাহিদা পাওয়া গেছে। এর মধ্যে ডিএইচএল ১১২ জন, টপ গ্লোভ ৩৭৯ জন, তাতাওয়া ইন্ডাস্ট্রি ৩২ জন এবং ইউনাইটেড প্লান্টেশন ৫২৫ জন কর্মী নেবে।
দ্বিতীয় দফায় কর্মী পাঠানোর সময়সূচি সম্পর্কে জানতে চাইলে বোয়েসেলের ব্যবস্থাপনা পরিচালক বলেন, আগামী ৫ অথবা ৯ ডিসেম্বর কর্মীদের পাঠানো হতে পারে। পরবর্তী দফায় অন্য একটি প্রতিষ্ঠানে কর্মীরা যোগ দেবেন।
সরকারের ঘোষণা অনুযায়ী, প্রথম পর্যায়ে মোট ১০ হাজার কর্মীকে বিনা খরচে মালয়েশিয়ায় পাঠানোর পরিকল্পনা রয়েছে। লটারির মাধ্যমে তাঁদের বাছাই করা হচ্ছে। সংসদে প্রধানমন্ত্রী জানিয়েছেন, এই ১০ হাজার কর্মীর মধ্যে এক হাজার থাকবেন জুলাই শহীদ পরিবারের সদস্য ও জুলাইযোদ্ধা।
২০২৪ সালের ৩১ মে বাংলাদেশিদের জন্য মালয়েশিয়ার শ্রমবাজার বন্ধ হয়ে যায়। বিএনপি সরকার গঠনের পর গুরুত্বপূর্ণ এ শ্রমবাজার পুনরায় চালুর উদ্যোগ নেয়। গত জুনে মালয়েশিয়া সফরের সময় দেশটির প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের কাছে বাংলাদেশি কর্মীদের জন্য শ্রমবাজার খুলে দেওয়ার অনুরোধ জানান তারেক রহমান।
বাংলাদেশের জন্য মালয়েশিয়ার শ্রমবাজার প্রথম বন্ধ হয় ২০০৮ সালে। ২০১৬ সালে আবার চালু হলেও দুর্নীতির অভিযোগে ২০১৮ সালে তা বন্ধ করে দেওয়া হয়। পরে ২০২২ সালে বাজারটি পুনরায় উন্মুক্ত হয়। তবে কর্মী পাঠানোর প্রক্রিয়ায় সিন্ডিকেট ও দুর্নীতির অভিযোগের মধ্যে ২০২৪ সালের ৩১ মে আবারও বন্ধ হয়ে যায়।