মালয়েশিয়ায় কর্মী পাঠাতে এখন পর্যন্ত ৫৬৮টি ডিমান্ড লেটার বা নিয়োগ চাহিদাপত্র পেয়েছে সরকার। প্রয়োজনীয় প্রক্রিয়া শেষ করে ডিসেম্বরের আগেই দেশটিতে কর্মী পাঠানো শুরু করতে চায় সরকার। এ ক্ষেত্রে মালয়েশিয়ার কোম্পানি ডিএইচএলের সহযোগিতায় দ্রুত নিয়োগ কার্যক্রম সম্পন্ন করার পরিকল্পনা রয়েছে।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেডের (বোয়েসেল) ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ রাশেদুল হক।
তিনি বলেন, এখন পর্যন্ত ৫৬৮টি ডিমান্ড লেটার পাওয়া গেছে। ডিসেম্বরের আগেই প্রয়োজনীয় প্রক্রিয়া চূড়ান্ত করার লক্ষ্য রয়েছে। ডিএইচএলের সহযোগিতা পাওয়া গেলে দ্রুত কর্মীদের বিদেশে পাঠানো সম্ভব হবে। এক-দুই দিন দেরি হলে সেটি ভিন্ন বিষয়, তবে ডিসেম্বরের আগেই কার্যক্রম শুরু করতে চান তাঁরা।
বোয়েসেলের মাধ্যমে সম্পূর্ণ বিনা অভিবাসন ব্যয়ে মালয়েশিয়ায় মোট ১০ হাজার কর্মী পাঠানোর উদ্যোগ নেওয়া হয়েছে। চাহিদাপত্র পাওয়ার ভিত্তিতে পর্যায়ক্রমে এই কার্যক্রম বাস্তবায়ন করা হবে। এর প্রথম ধাপে ডিএইচএলে ১১২ জন বাংলাদেশি পুরুষ কর্মী নিয়োগের লক্ষ্যে বৃহস্পতিবার চূড়ান্ত বাছাই কার্যক্রম শুরু হয়েছে।
সংবাদ সম্মেলনে রাশেদুল হক জানান, গত ২ নভেম্বর ডিএইচএল থেকে কর্মী নিয়োগের চাহিদাপত্র পাওয়ার পর ৫ নভেম্বর অনলাইনে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। ৬ থেকে ৮ নভেম্বর পর্যন্ত এতে মোট ৪ হাজার ২৯টি আবেদন জমা পড়ে।
আবেদনকারীদের সমান সুযোগ ও স্বচ্ছতা নিশ্চিত করতে ৮ নভেম্বর অনলাইন সফটওয়্যার লটারির মাধ্যমে দুটি পদে প্রাথমিকভাবে ৩০০ জনকে বাছাই করা হয়। তাঁদের মধ্যে অপারেশনস অ্যাসিস্ট্যান্ট পদে ২০০ জন এবং টেকনিক্যাল স্কিল ওয়ার্কার পদে ১০০ জন রয়েছেন।
এই ৩০০ জনের মধ্য থেকে পেশাগত দক্ষতা, ব্যবহারিক সক্ষমতা ও পদের উপযোগিতা যাচাই করে চূড়ান্তভাবে ১১২ জনকে নিয়োগ দেওয়া হবে। এ জন্য মালয়েশিয়া থেকে নয় সদস্যের একটি প্রতিনিধি দল বাংলাদেশে এসেছে। দলটি ১২ থেকে ১৫ নভেম্বর পর্যন্ত সরাসরি ব্যবহারিক পরীক্ষা ও সাক্ষাৎকার নেবে।
বোয়েসেলের ব্যবস্থাপনা পরিচালক বলেন, বাছাই প্রক্রিয়ায় বোয়েসেল কোনো ধরনের হস্তক্ষেপ করছে না। নিয়োগকর্তা যাঁদের নির্বাচন করবেন, তাঁরাই চূড়ান্তভাবে নিয়োগের জন্য বিবেচিত হবেন।
তিনি জানান, পুরো নিয়োগ কার্যক্রম সরকারিভাবে শূন্য অভিবাসন ব্যয়ে পরিচালিত হচ্ছে। নির্বাচিত কর্মীদের অভিবাসন-সংক্রান্ত সরকার নির্ধারিত সব খরচ বহন করবে মালয়েশিয়ার নিয়োগকারী প্রতিষ্ঠান। এ প্রক্রিয়ায় বোয়েসেল নিয়োগকারী প্রতিষ্ঠান কিংবা কর্মীদের কাছ থেকে কোনো অভিবাসন ব্যয় বা সার্ভিস চার্জ নেবে না।
রাশেদুল হক সতর্ক করে বলেন, নিয়োগের কোনো পর্যায়ে দালাল, মধ্যস্বত্বভোগী বা অননুমোদিত কেউ অর্থ দাবি করলে কিংবা কোনো প্রার্থী অনৈতিক লেনদেনে জড়ালে প্রমাণ সাপেক্ষে উভয়ের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এ কারণে প্রার্থীদের যেকোনো ধরনের আর্থিক লেনদেন থেকে বিরত থাকার আহ্বান জানান তিনি।
তিনি আরও বলেন, অর্থের অভাবে যেন কোনো যোগ্য ও কর্মক্ষম মানুষ বিদেশে কাজের সুযোগ থেকে বঞ্চিত না হন, সেটিই এ উদ্যোগের অন্যতম লক্ষ্য। একজন সাধারণ শ্রমিক যেন নিজের শ্রম, দক্ষতা ও যোগ্যতার ভিত্তিতে বিদেশে কর্মসংস্থানের সুযোগ পান, তা নিশ্চিত করতে কাজ করছে বোয়েসেল।