বগুড়ায় টেকসই গ্রামীণ যোগাযোগ নেটওয়ার্ক গড়ার উদ্যোগ

বগুড়া জেলা সংবাদদাতা

সারাদেশ

বগুড়ার ১৩ উপজেলায় গ্রামীণ যোগাযোগব্যবস্থা উন্নয়নে ৭৮৬টি সেতু ও কালভার্ট নির্মাণের প্রস্তাব দিয়েছে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি)। এর মধ্যে

2026-11-25T18:46:06+00:00
2026-11-25T18:46:06+00:00
  বুধবার, ২৫ নভেম্বর ২০২৬,
১১ অগ্রহায়ণ ১৪৩৩
 
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬
সারাদেশ
সেতু-কালভার্ট নির্মাণে ১৩ উপজেলায় পরিকল্পনা
বগুড়ায় টেকসই গ্রামীণ যোগাযোগ নেটওয়ার্ক গড়ার উদ্যোগ
বগুড়া জেলা সংবাদদাতা
বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬, ৬:৪৬ পিএম 
ছবি : ভোরের ডাক

বগুড়ার ১৩ উপজেলায় গ্রামীণ যোগাযোগব্যবস্থা উন্নয়নে ৭৮৬টি সেতু ও কালভার্ট নির্মাণের প্রস্তাব দিয়েছে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি)। এর মধ্যে বিভিন্ন প্রকল্পের আওতায় ৩৭টি সেতু নির্মাণের অনুমোদন পাওয়া গেছে। নদী, খাল ও গুরুত্বপূর্ণ গ্রামীণ সড়কে এসব সেতু নির্মিত হলে দীর্ঘদিনের যোগাযোগসংকট কমার পাশাপাশি কৃষি, ব্যবসা-বাণিজ্য ও স্থানীয় অর্থনীতিতে ইতিবাচক প্রভাব পড়বে বলে আশা করছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা। পর্যায়ক্রমে আরও কয়েকটি প্রকল্প বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হয়েছে।

এলজিইডি বগুড়ার ২৮ অক্টোবর পর্যন্ত হালনাগাদ তথ্য অনুযায়ী, জেলার গ্রামীণ অবকাঠামো উন্নয়নে ১১টি প্রকল্পের আওতায় সেতু ও কালভার্ট নির্মাণ, সংস্কার এবং প্রতিস্থাপনের কার্যক্রম চলছে। এর মধ্যে তিনটি প্রকল্পে রয়েছে বড় পরিসরের প্রস্তাবনা। স্বল্প ব্যয়ে গ্রামীণ সড়কে সেতু-কালভার্ট নির্মাণ প্রকল্পে ৭৬৪টি, ঘূর্ণিঝড় ও বন্যায় ক্ষতিগ্রস্ত গ্রামীণ অবকাঠামো পুনর্বাসন প্রকল্পে তিনটি এবং রাজশাহী বিভাগের গুরুত্বপূর্ণ উপজেলা ও ইউনিয়ন সড়ক প্রশস্তকরণ ও মজবুতকরণ প্রকল্পে ১৯টি সেতু-কালভার্ট নির্মাণের প্রস্তাব দেওয়া হয়েছে। সব মিলিয়ে প্রস্তাবিত অবকাঠামোর সংখ্যা ৭৮৬টি।

এ ছাড়া গ্রামীণ সেতু সহায়তা কর্মসূচির আওতায় ৮৩টি সেতুর রক্ষণাবেক্ষণ এবং নয়টি সেতু প্রতিস্থাপনের কাজ সম্পন্ন হয়েছে। বৃহত্তর পাবনা-বগুড়া পল্লি অবকাঠামো উন্নয়ন প্রকল্পের দ্বিতীয় পর্যায়ে একটি সেতুর কাজ শেষ হয়েছে, ১০টি সেতুর কাজ চলছে। অগ্রাধিকার ভিত্তিতে গুরুত্বপূর্ণ গ্রামীণ অবকাঠামো উন্নয়ন প্রকল্পের তৃতীয় পর্যায়ে একটি আরসিসি গার্ডার সেতুর নির্মাণকাজও সম্পন্ন হয়েছে। ঘূর্ণিঝড় ও বন্যায় ক্ষতিগ্রস্ত গ্রামীণ অবকাঠামো পুনর্বাসন প্রকল্পের আওতায় সারিয়াকান্দিতে একটি এবং গাবতলী ও সোনাতলায় দুটি কাজ চলমান রয়েছে।

এলজিইডির সিনিয়র সহকারী প্রকৌশলী মোখলেছুর রহমান জানান, বিভিন্ন প্রকল্পের আওতায় ৩৭টি সেতু নির্মাণের অনুমোদন পাওয়া গেছে। এর মধ্যে উপজেলা, ইউনিয়ন ও গ্রামীণ সড়কে দীর্ঘ সেতু নির্মাণ প্রকল্পে ২৪টি, সিরাজগঞ্জ-বগুড়া ও নওগাঁ জেলার গ্রামীণ অবকাঠামো উন্নয়ন প্রকল্পে চারটি এবং অন্যান্য প্রকল্পে নয়টি সেতু রয়েছে।

অনুমোদিত সেতুগুলোর মধ্যে শেরপুর, সোনাতলা, সারিয়াকান্দি ও ধুনট উপজেলার বিভিন্ন নদীর ওপর একাধিক সেতু নির্মাণের পরিকল্পনা রয়েছে। শেরপুরের সুঘাট ইউনিয়ন থেকে খানপুর ইউনিয়ন হয়ে কল্যাণী বাজার সড়কে করতোয়া নদীর ওপর এবং ঝাজর হাট এলাকায় বাঙালি নদীর ওপর সেতু নির্মাণ করা হবে। সোনাতলার মোনারপটল ও সারিয়াকান্দির ছাগলধরা এলাকায় বাঙালি নদীর ওপরও সেতু নির্মাণের প্রস্তাব রয়েছে। ধুনটের কান্তনগর-বীরেরবন ঘাট ও তারাকান্দি এলাকায় বাঙালি নদীর ওপর সেতু নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে।

এ ছাড়া শিবগঞ্জ, গাবতলী, কাহালু, দুপচাঁচিয়া ও নন্দীগ্রামের বিভিন্ন গ্রামীণ সড়কে নদী ও খালের ওপর সেতু নির্মাণের পরিকল্পনা রয়েছে। এসব প্রকল্প বাস্তবায়িত হলে বিচ্ছিন্ন ও দুর্গম এলাকার মানুষের যাতায়াত সহজ হবে। বিশেষ করে কৃষিপণ্য পরিবহন, শিক্ষাপ্রতিষ্ঠান ও স্বাস্থ্যসেবা কেন্দ্রে যাতায়াতে ভোগান্তি কমবে।

সম্প্রতি অনুমোদন পাওয়া আরও কয়েকটি সেতু প্রকল্পের মাধ্যমে জেলার বিভিন্ন এলাকায় প্রায় ২১৫ মিটার সেতু নির্মাণের পরিকল্পনা রয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। এর মধ্যে গাবতলীর ফুলবাড়ি জিসি-তরণীহাট জিসি সড়ক, মহিষাবান ইউনিয়ন পরিষদ কার্যালয় থেকে কালাইহাটা বাজার সড়ক, নেপালতলী মহাসড়ক থেকে পশ্চিমপাড়া সড়ক এবং সোনাতলা-মোকামতলা পাকা সড়ক থেকে গোয়ালপাড়া হয়ে লাংলোহাট সড়কে সেতু নির্মাণের উদ্যোগ রয়েছে।

এলজিইডি বগুড়ার নির্বাহী প্রকৌশলী মো. মাসুদুজ্জামান বলেন, নদী, খাল-বিল ও গুরুত্বপূর্ণ গ্রামীণ সড়কের ওপর সেতু নির্মাণকে অগ্রাধিকার দেওয়া হচ্ছে। নতুন সেতু ও কালভার্ট নির্মাণের প্রস্তাবনায় ইতিবাচক সাড়া পাওয়া গেছে। চলমান প্রকল্পগুলোর কাজের গুণগত মান নিশ্চিত করতে নিয়মিত তদারকি করা হচ্ছে। নির্ধারিত সময়ের মধ্যে কাজ শেষ করে সেতুগুলো জনসাধারণের চলাচলের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে।



Loading...
Loading...

সারাদেশ- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: