
মঙ্গলবার রাতে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) অপরাধ (দক্ষিণ) বিভাগের উপ-পুলিশ কমিশনার এস এম শফিকুল ইসলামের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তির তথ্যমতে, মঙ্গলবার দুপুর ২টার দিকে মধ্যাহ্নবিরতি শেষে ভোগড়া এলাকার ফিন বাংলা অ্যাপারেলস কারখানায় কাজে যোগ দিতে প্রবেশ করছিলেন শ্রমিকেরা। এ সময় কয়েকজন বহিরাগত ব্যক্তি তাঁদের বাধা দেন। এ নিয়ে কারখানার দুই পক্ষের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে।
একপর্যায়ে কারখানাটির সুইং অপারেটর মোছা. দিলরুবা আক্তার মিলি (আইডি নম্বর-৭৩৮৮) সামান্য আহত হন। পরে সহকর্মীদের সহায়তায় স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা নিয়ে তিনি বাসায় চলে যান।
পুলিশ জানায়, ঘটনার পর কারখানার আশপাশে দিলরুবা মারা গেছেন বলে গুজব ছড়িয়ে পড়ে। এ খবর ছড়িয়ে পড়লে সন্ধ্যায় কারখানাটির সামনে ২৫০ থেকে ২৮০ জন শ্রমিক জড়ো হয়ে বিক্ষোভ শুরু করেন।
পরিস্থিতির মধ্যে দিলরুবা নিজেই ফিন বাংলা অ্যাপারেলস কর্তৃপক্ষের সঙ্গে গাছা থানায় উপস্থিত হন। সেখানে পুলিশকে নিজের সুস্থ থাকার বিষয়টি জানান। পাশাপাশি দুপুরে কারখানায় ঘটে যাওয়া ঘটনার বিবরণও তুলে ধরেন তিনি।
পুলিশের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, পুরো বিষয়টি পর্যালোচনা করে গাছা থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। নারী শ্রমিকের মৃত্যুর গুজব কীভাবে ছড়াল এবং কারখানায় প্রবেশের সময় বহিরাগত ব্যক্তিরা কেন শ্রমিকদের বাধা দিয়েছিলেন, তা খতিয়ে দেখছে পুলিশ।