ময়মনসিংহের নান্দাইলে নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফয়সাল আহমেদের সঙ্গে স্থানীয় সাংবাদিকদের পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৪ নভেম্বর) বেলা সাড়ে ১১টায় উপজেলা প্রশাসনিক ভবনের সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
উক্ত মতবিনিময় সভার সভাপতি ইউএনও ফয়সাল আহমেদ তাঁর বক্তব্যে বলেন, প্রশাসনের একার পক্ষে উপজেলার সব সমস্যা সমাধান করা সম্ভব নয়। জনদুর্ভোগ লাঘব, উন্নয়নে গতি আনা, শিক্ষার মানোন্নয়ন, যানজট নিরসন এবং মাদক ও জুয়ার মতো সামাজিক অপরাধ রোধে সাংবাদিকসহ সর্বস্তরের মানুষের সম্মিলিত সহযোগিতা প্রয়োজন।
আর সাংবাদিকগণ সমাজের স্ক্যানার বা দর্পণ, তাই বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন ও গঠনমূলক পরামর্শ দিয়ে প্রশাসনকে সহায়তার আহ্বান জানান। পাশাপাশি স্থানীয় সংসদ সদস্য ও তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরীর দিকনির্দেশনায় নান্দাইলকে জনবান্ধব প্রশাসন হিসেবে গড়ে তোলার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।
এছাড়া সভায় আরও বক্তব্য রাখেন সাংবাদিক মোহাম্মদ হান্নান মাহমুদ, এনামুল হক বাবুল, এবি সিদ্দিক খসরু, জালাল মন্ডল, আলম ফরাজী, রমেশ কুমার পার্থ, আহসান কাদের মাহমুদ, সারোয়ার জাহান রাজিব, শামছুজ্জামান বাবুল, আবুল হাসেম, মোখলেছুর রহমান প্রমুখ।
এসময় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আমিনুল হক তারেক, নান্দাইল মডেল থানার এস আই দেবলাল সরকার এবং নান্দাইলে কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার অর্ধশত সাংবাদিক উপস্থিত ছিলেন।